ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই


প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান আর নেই। রবিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ডেল্টা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর মৃত্যুকালে। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী তাকে রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন নূরুল হাসান খান। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ বাদ এশা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন, জানাজা মিরপুর-২ এর মসজিদ-ই-ফেরদৌসে অনুষ্ঠিত হবে। মরহুমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘ বছর সফলভাবে কাজ করেছেন নূরুল হাসান খান। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক এবং বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায়, মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি একইভাবে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভুঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন: সংবাদমাধ্যমের সংকটের নেপথ্যে সহকর্মীরাই, পেশাগত ঐক্য ভাঙলে দুর্বল হয় সাংবাদিকতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে পুশ-ইন ও চোরাচালান বন্ধে একমত বিজিবি-বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


সীমান্তে পুশ-ইন ও চোরাচালান বন্ধে একমত বিজিবি-বিএসএফ

 

সাম্প্রতিক সময়ে ফেনী সীমান্তে পুশইন, চোরাচালান ও নানা সংকটের মধ্যে এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিলোনিয়া আইসিপি এলাকায় অনুষ্ঠিত এ নিয়মিত বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ পারাপার ও চোরাচালান বন্ধসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মজুমদারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিলোনিয়া আইসিপিতে এ সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমানের সাথে পাঁচজন কর্মকর্তা এবং ১৫ জন অন্যান্য পদবির সদস্য অংশ নেন। অন্যদিকে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএইচ রবীন্দ্র মাদানির সাথে নয়জন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র আরও জানায়, সাক্ষাতে দুই পক্ষই একমত হয়েছে যে সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান, বিশেষ করে মাদকদ্রব্যের চোরাচালান বন্ধে উভয় পক্ষ সহযোগিতা করার ব্যাপারে আলোচনা করেছে।

বৈঠকে আলোচনা করা হয় যে সীমান্তের যেকোনো সমস্যা প্রথমে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা করে সমাধানের চেষ্টা হবে। যদি কোম্পানি কমান্ডার পর্যায়ে সমাধান সম্ভব না হয়, তবে অধিনায়ক পর্যায়ে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার বিষয়ে আলোচনা হয়। সীমান্তের জমি নিয়ে ভারতীয় নাগরিকদের সাথে বাংলাদেশি নাগরিকদের বিরোধের ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতায় সমস্যা সমাধানের প্রয়াস চালানো হবে। এই প্রয়োজনে উভয় পক্ষ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এ ব্যাপারে জানান, নিয়মিত সূচির অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই পক্ষের কর্মকর্তাদের পরিচয়পর্ব হওয়ার পাশাপাশি সীমান্তের নানা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে কথাবার্তা হয়েছে। পুশইন বন্ধের বিষয়েও তাদের জানানো হয়েছে এবং এতে উভয় পক্ষের থেকে ইতিবাচক সাড়া এসেছে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত নারী-শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্তের শূন্যরেখায় ওই সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবি বাধা দিলে বিএসএফ পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

পরবর্তী দিনেই একই উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকায় ফের বিএসএফের সহায়তায় এক নারী ও তিন শিশুসহ মোট চারজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। সেদিনও বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্বল মার্কিন খুচরা বিক্রয় তথ্যে বিশ্ববাজারে শেয়ারদর কমেছে, সতর্ক লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


দুর্বল মার্কিন খুচরা বিক্রয় তথ্যে বিশ্ববাজারে শেয়ারদর কমেছে, সতর্ক লেনদেন

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : গ্রীষ্মকালীন ছুটির সময়ে কম লেনদেনে শুক্রবার বিশ্ববাজারে শেয়ারদর কমেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতি বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে সপ্তাহান্তের আগে।

এদিকে, তেলের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা আরও অস্থিরতার জন্য প্রস্তুত হচ্ছেন। মার্কিন এবং ইরানি কর্মকর্তারা নিজেদের হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রাখার কথা জোর দিয়ে বলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করার পর ইরান প্রণালীটি দিয়ে ট্যাংকার চলাচল অনেকটাই বন্ধ করে দিয়েছে।

মার্কিন সংবাদ সংস্থা এএফপি নিউইয়র্ক থেকে এই খবরটি জানিয়েছেন।

ওয়াল স্ট্রিটে বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০ নতুন রেকর্ড গড়েছিল, তবে শুক্রবার সূচকটি নেতিবাচক অবস্থানে নেমে যায়। এশিয়ার বাজারে মিশ্র লেনদেনের পর ইউরোপের অধিকাংশ সূচকও নিম্নমুখী অবস্থায় দিন শেষ করে।

প্রত্যাশার তুলনায় দুর্বল মার্কিন খুচরা বিক্রয় বিশ্বের বৃহত্তম অর্থনীতির সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মোট খুচরা বিক্রয় আগের মাসের তুলনায় ০.৬ শতাংশ কমে ৭৬৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের নতুন ভোক্তা আস্থা জরিপে দেখা গেছে, আগস্টে ভোক্তাদের আস্থা প্রায় ৮ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে টানা দুই মাসের উন্নতির অবসান হয়েছে।

ভোক্তা জরিপের পরিচালক জোয়ান সু বলেছেন, ‘মাসের শুরুতে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে আস্থা কমলেও বয়স্ক ভোক্তা, নিম্ন আয়ের ভোক্তা এবং কলেজ ডিগ্রিবিহীন মানুষের মধ্যে বড় ধরনের পতন দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা কমে গেলে এসব গোষ্ঠী বিশেষভাবে ঝুঁকির মধ্যে পড়ে।’

এসব তথ্যের কারণে ফেডারেল রিজার্ভ শিগগিরই ঋণের সুদ বাড়াবে নাÑএমন প্রত্যাশা জোরদার হয়েছে। তবে ইটোরোর বিনিয়োগ বিশ্লেষক ব্রেট কেনওয়েল উল্লেখ করেছেন, ‘বিনিয়োগকারীদের নিজেদের প্রত্যাশা নিয়ে সতর্ক থাকা উচিত।’

তিনি বলেন, ‘অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গেলে ভোক্তাদেরও স্থিতিশীল থাকতে হবে।’ জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম কমলেও ‘অন্য খাতে ব্যয় বাড়েনি।’

মার্কিন-ইরান সংঘাতের অবসানের তেমন কোনো লক্ষণ না থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থায়ী মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগই বিশ্ববাজারে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ক্রেসেট ক্যাপিটালের জ্যাক অ্যাবলিন বলেছেন, ‘দুর্বল নিলামের পর আমরা তেলের দাম, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ট্রেজারি বাজারের গতিবিধি পর্যবেক্ষণ করছি।’ চলতি সপ্তাহের শুরুতে ওই দুর্বল নিলাম অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেছেন, ছুটির মৌসুমের মাঝামাঝি শুক্রবার হওয়ায় লেনদেনের পরিমাণ কম ছিল।

যুদ্ধের বাইরে প্রযুক্তি খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করতে বিপুল বিনিয়োগও বাজারের কেন্দ্রবিন্দুতে ছিল।

মার্কিন চিপ উৎপাদন সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসের শেয়ার ৫ শতাংশের বেশি কমেছে। কোম্পানিটি রেকর্ড ৯ দশমিক ১ বিলিয়ন ডলার ত্রৈমাসিক বিক্রয় করলেও এই পতন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা আরও ভালো ফল প্রত্যাশা করেছিলেন।

অন্যদিকে স্যানডিস্কের শেয়ার ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে কোম্পানিটির সম্ভাবনা নিয়ে দেওয়া বিনিয়োগকারীদের উপস্থাপনা বাজারে প্রশংসা পাওয়ায় শেয়ারটির দাম বেড়েছে।

এশিয়ায় শুক্রবার সিউলের বাজারে ২ শতাংশের বেশি উত্থান ঘটেছে। গত মাসে ব্যাপক দরপতনের পর চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ার আরও ঘুরে দাঁড়ানোর ফলে এ উত্থান হয়েছে।

জুনের সর্বোচ্চ অবস্থান থেকে ৬ আগস্ট দিনের লেনদেনে সর্বনিম্ন অবস্থানে পৌঁছানো পর্যন্ত দেশটির কোস্পি সূচক প্রায় ৪০ শতাংশ পড়ে গিয়েছিল। এরপর সূচকটি ২০ শতাংশের বেশি ঘুরে দাঁড়িয়েছে।

শুক্রবার টোকিওর বাজারেও শেয়ারদর বেড়েছে। প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান কিওক্সিয়া, অ্যাডভানটেস্ট ও সনি এবং প্রযুক্তি খাতে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ারও বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

ঢাকার বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

রোববার, ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে খবর আসে যে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে দুর্যোগের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে দুর্যোগের শঙ্কা

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের একটি সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং এটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি সম্ভবত আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

লঘুচাপটির প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%