০৪:২৪ পি.এম
গাজীপুরের টঙ্গীতে সরকারি উদ্যোগে উৎপাদিত বোতলজাত পানি ‘মুক্তা ড্রিংকিং ওয়াটার’-এর চাহিদা থাকলেও এটি বাজারে নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না। গুণগত মান ও স্বাদের কারণে ক্রেতাদের কাছে এটি গ্রহণযোগ্য হলেও উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা, দুর্বল বাজারজাতকরণ এবং প্রচারের অভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পের এই পণ্য বাজারে পিছিয়ে পড়ছে। গত দুই বছরে পানিটির উৎপাদন ৫২ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৮০ শতাংশ কর্মী শারীরিক প্রতিবন্ধী। তাই উৎপাদন ও বিক্রি বাড়ানোর সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনাও জড়িয়ে আছে।
মৈত্রী শিল্পের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৫০ লাখ ৩ হাজার ৭৪৩ লিটার মুক্তা পানি উৎপাদিত হয়েছিল। পরবর্তী অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৫ লাখ ১ হাজার ৮৬৩ লিটারে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন আরও কমে ২৪ লাখ ৯ হাজার ৫০০ লিটার হয়েছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ২৫ লাখ ৯৪ হাজার ২৪৩ লিটার, যা আগের উৎপাদনের প্রায় ৫২ শতাংশ।
অথচ এর আগের বছরগুলোতে উৎপাদন ছিল ঊর্ধ্বমুখী। ২০২১-২২ অর্থবছরে ৪২ লাখ ১০ হাজার লিটার এবং ২০২২-২৩ অর্থবছরে ৪৫ লাখ ৮ হাজার লিটার পানি উৎপাদিত হয়। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন ৫০ লাখ লিটার ছাড়িয়ে যায়। এরপর থেকেই শুরু হয় ধারাবাহিক পতন।
আরও পড়ুন: জনশক্তি রপ্তানি খাতের সংকট উত্তরণে বায়রা গণতান্ত্রিক জোটের ঐক্যের ডাক
চাহিদার চার ভাগের এক ভাগ উৎপাদন
মৈত্রী শিল্প কর্তৃপক্ষের হিসাবে, মুক্তা পানির দৈনিক চাহিদা প্রায় দুই লাখ লিটার। বিপরীতে কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা মাত্র ৫০ হাজার লিটার। অর্থাৎ চাহিদার চার ভাগের এক ভাগ পানি উৎপাদন করতে পারছে প্রতিষ্ঠানটি। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা অনুযায়ী নিয়মিত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
গাজীপুর শহর ও টঙ্গীর বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে, অনেক দোকানি মুক্তা পানির নামই জানেন না। আবার যারা পণ্যটি চেনেন, তাঁদের অনেকের দোকানেও নিয়মিত পাওয়া যায় না। সরবরাহের ঘাটতির কারণে ক্রেতাদের আগ্রহ থাকলেও বাজারে পণ্যটির উপস্থিতি সীমিত।
তবে পানিটির স্বাদ ও মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। টঙ্গী বাজার রোডের ব্যবসায়ী আবু হানিফ বলেন, ‘বাজারে কত ব্র্যান্ডের বোতলের পানি পাওয়া যায়। কিন্তু মুক্তা পানি খাইলে স্বাদডা আলাদা লাগে, বেশ ভালো। আমার কাছে অন্য পানির চাইতে মুক্তা পানিই বেশি সুস্বাদু লাগে। তাঁদের প্রতিষ্ঠানের বাইরেই একটা বিক্রয়কেন্দ্র আছে। হেইখান থেইকা প্রায়ই কার্টন ধরে পানি কিনা নিয়া আসি। দোকানের কাস্টমারদেরও খাওয়াই।’
আরও পড়ুন: কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার গুজব, পোস্টকারীর ভুল স্বীকার
১১ ধাপে পরিশোধন, কর্মীদের বড় অংশ প্রতিবন্ধী
বৃহস্পতিবার কারখানায় গিয়ে দেখা যায়, একদিকে তৈরি হচ্ছে প্লাস্টিকের বোতল, অন্যদিকে চলছে বোতলে পানি ভরা ও প্যাকেটজাত করার কাজ। নির্ধারিত পোশাক ও স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের বিভিন্ন ধাপে কাজ করছেন কর্মীরা। তাঁদের বড় একটি অংশ শারীরিক প্রতিবন্ধী।
কারখানায় রিভার্স অসমোসিস (আরও) পদ্ধতিতে ১১টি ধাপে পানি পরিশোধন করা হয়। এরপর বোতলে পানি ভরা, সিল করা, লেবেল লাগানো ও কার্টনে প্যাকেটজাত করা হয়। কর্তৃপক্ষের দাবি, কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষাগারে প্রতিটি ব্যাচের পানি পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করা হয়।
সরকারি দপ্তরে ব্যবহার কমায় বিক্রিতে প্রভাব
আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান, দেশে ফিরেছেন কুষ্টিয়ার ছাত্রদল নেতা মামুন
মৈত্রী শিল্প কর্তৃপক্ষের ভাষ্য, গত দুই অর্থবছরে উৎপাদন ও বিক্রি কমে যাওয়ার অন্যতম কারণ সরকারি দপ্তরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহারে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত। সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান ছিল মুক্তা পানির বড় ক্রেতা। এসব প্রতিষ্ঠানে বোতলজাত পানির ব্যবহার কমে যাওয়ায় মুক্তা পানির বিক্রিতেও প্রভাব পড়ে।
কর্তৃপক্ষের দাবি, ওই সময়ে প্রায় তিন মাস উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। উৎপাদন ও বিক্রি কমে যাওয়ায় প্রতিষ্ঠানের আয়েও চাপ তৈরি হয়। এমনকি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধেও সমস্যা দেখা দেয়। ২০২৬ সালের শুরুতে দায়িত্ব নেওয়া কর্মকর্তারা কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেন।
বিক্রি কমেছে, আয়েও পড়েছে প্রভাব
মৈত্রী শিল্পের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মুক্তা পানি বিক্রি করে আয় হয়েছিল ৭ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৯০৭ টাকা। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৯ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় হয় ১১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৪৯৪ টাকা ৮০ পয়সা।
আরও পড়ুন: রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু
এরপর আয় কমতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছরে মুক্তা পানি বিক্রি থেকে আয় হয় ৯ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৯০১ টাকা ৬৭ পয়সা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও কমে দাঁড়ায় ৯ কোটি ৭০ লাখ ২২ হাজার ৯১৬ টাকা ৭৮ পয়সায়।
প্রতিষ্ঠানের সামগ্রিক আয়-ব্যয়ের হিসাবেও ওঠানামা রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকা, বিপরীতে ব্যয় ২৮ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৬৭ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ২৭ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৬৩৯ টাকা এবং ব্যয় ২৮ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৫৬৭ টাকা। সর্বশেষ অর্থবছরে আয় দাঁড়ায় ২৩ কোটি ২০ লাখ ৯ হাজার ৭৬৪ টাকা এবং ব্যয় ১৪ কোটি ৭২ লাখ ১ হাজার ৮৩২ টাকা।
সারা দেশে বিক্রয় প্রতিনিধি মাত্র দুজন
মার্কেটে মুক্তা পানির পরিচিতি ও সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে জনবল সংকটকে বড় বাধা হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান বলেন, বিজ্ঞাপন ও প্রচারের ক্ষেত্রে তাঁদের বড় ঘাটতি রয়েছে। এ কারণে চাহিদা থাকা সত্ত্বেও বাজারে মুক্তা পানির উপস্থিতি বাড়ানো যাচ্ছে না।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘের আক্রমণে আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণ
তিনি বলেন, ‘বর্তমানে সারা দেশে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ মাত্র দুজন। অথচ প্রয়োজন ৬০০ জনের বেশি। মাত্র দুজন দিয়ে বিক্রি বাড়ানো সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ভোক্তা পর্যায়েও পানি পৌঁছে দিতে হবে।’
বরকাতুর রহমান আরও বলেন, গত দুই বছরে পরপর দুবার নির্বাহী পরিচালক পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানকে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে। নেতৃত্বের পরিবর্তনে অস্থিরতা তৈরি হয়, যার প্রভাব উৎপাদনেও পড়ে। বর্তমানে জনবল বাড়ানো, নতুন পণ্য যুক্ত করা এবং শোরুমের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আধুনিক অটোমেশন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ
মৈত্রী শিল্প সূত্রে জানা যায়, টঙ্গীতে মুক্তা ড্রিংকিং ওয়াটার কারখানাটি ২০০৪ সালের ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় কারখানাটি স্থাপন করা হয়েছিল। পানি পরিশোধন ও বোতলজাতকরণের যন্ত্রপাতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সেল অ্যাকুয়া টেকনোলজিস ইনকরপোরেটেড থেকে আমদানি করা হয়।
আরও পড়ুন: শরীয়তপুরের দুই যুবকের মুক্তির জন্য ৪০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি
উৎপাদন সক্ষমতা বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে নতুন অটোমেশন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মৈত্রী শিল্পের উপসহকারী প্রকৌশলী মো. চাঁদ মিয়া বলেন, দৈনিক চাহিদা প্রায় দুই লাখ লিটার হলেও কারখানায় উৎপাদন সক্ষমতা মাত্র ৫০ হাজার লিটার। এ কারণে বাজারে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না। প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশই প্রতিবন্ধী। বোতল তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে তাঁদের অবদান রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ, দেশব্যাপী পরিবেশক নেটওয়ার্ক গড়ে তোলা এবং প্রচার-প্রচারণা জোরদার করা গেলে মুক্তা পানির বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। এতে একদিকে সরকারি এই প্রতিষ্ঠানের আয় বাড়বে, অন্যদিকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগও সম্প্রসারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন