ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

১৫ বছরের পুরোনো দুটি বিমান ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি


১৫ বছরের পুরোনো দুটি বিমান ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি, বিমানের নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ না থাকা সত্ত্বেও ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮-এর লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার সঙ্গে জড়িতদের তালিকা জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেছে।

কমিটি একই সঙ্গে উড়োজাহাজ ক্রয়ের পরবর্তী সময়ে পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। তাছাড়া, এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির।

আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈঠকে সংসদীয় কমিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে আলোচনা হয়।

কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া, বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের সাক্ষাৎ আন্তালিয়ায়

ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‌্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।

এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টি অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ করা না হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন

লিজকৃত দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ-সংক্রান্ত সব নথিপত্র আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে উপস্থাপনের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র উপস্থাপনের অঙ্গীকার করে।

কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তির বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩.৫০ কোটি টাকা জড়িত থাকার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষের দাবীকৃত আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের স্বপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট উপস্থাপন করতে না পারায় অডিট বিভাগ তা গ্রহণ করেনি। এ ছাড়া অনাদায়ি অর্থের বিষয়টিও আলোচনায় আসে। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ি অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরকে ফেরানোর বিষয়ে সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ এম


বেনজীরকে ফেরানোর বিষয়ে সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সহজ নয়, উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে চলছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ এর অধীনে গৃহীত প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা বিদেশে অভিযুক্ত ব্যক্তির গ্রেফতার হওয়ার মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। এটি একটি দীর্ঘ ও জটিল বিচারিক এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের আইন, আদালত এবং কূটনৈতিক বাধ্যবাধকতাগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ফলস্বরূপ, ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়। এরপর ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় যে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ‘ফেডারেল ল নম্বর ৩৯ অফ ২০০৬’-এর আর্টিকেল ১১ অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মাথায়, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটি বরাবর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক ‘এক্সট্রাডিশন রিকোয়েস্ট’ বা প্রত্যর্পণের অনুরোধ প্রেরণ করে। একই তারিখে তথ্য সমন্বয়ের জন্য উক্ত অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিকেও পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুরোধপ্রাপ্ত দেশের (দুবাই বা আবুধাবি) উপযুক্ত বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক সে দেশের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় গৃহীত সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার, প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। প্রত্যর্পণ মূলত একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে ‘মিউচুয়াল লিগেল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট’ বা পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য-প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও জানান, কোনো ব্যক্তির জামিন প্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে, প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন থাকাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ আমলের হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


আ.লীগ আমলের হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১৮৮৩ মামলা: আইনমন্ত্রী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, সরকার এই ঘটনার শিকার ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

আইনমন্ত্রী আরও জানান, উল্লিখিত মামলাগুলোর মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। ২৯৩টি মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যার মধ্যে ৯৮টি হত্যা মামলা এবং ১১৫টি অন্যান্য মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া, ঘটনাস্থল-সংক্রান্ত কারণে সঠিক থানায় মামলা দায়ের না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদীর একাধিক মামলা দায়েরের কারণে ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন প্রদান করা হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত এখনও চলছে, মন্ত্রী জানান।

আইনমন্ত্রী বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রতিটি মামলার তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। দায়ের করা মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচারাধীন এবং ৪৫টি তদন্তাধীন রয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, ট্রাইব্যুনালের আটটি মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। এসব রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে অবৈধ তেলের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


চট্টগ্রামে অবৈধ তেলের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি অবৈধ তেলের (মবিল) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে মোবিলের পাঁচটি গুদাম পুরোপুরি পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই ওই মবিল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী পাশের ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এলাকাবাসীর অভিযোগ, ঘনবসতিপূর্ণ এ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেলের গুদাম গড়ে তুলে ব্যবসা চালানো হচ্ছিল। গুদামে অবৈধভাবে তেল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের কনটেইনারে নকল ও নিম্নমানের মবিল ভরে বাজারজাত করত একটি চক্র।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের মোট পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘শুরুতে তেলের দোকানে আগুন লেগেছে শুনে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই এটি বড় তেলের গুদাম। পরে বিশেষ ফোম এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কেউ হতাহত হননি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে গ্যাসের আগুনের নিচে বড় রিজার্ভারের সম্ভাবনা দেখছেন বাপেক্সের বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ এম


ইনানীতে গ্যাসের আগুনের নিচে বড় রিজার্ভারের সম্ভাবনা দেখছেন বাপেক্সের বিশেষজ্ঞরা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপের গর্ত থেকে টানা ১৫ দিন ধরে নির্গত গ্যাসে আগুন জ্বলছে। গ্যাসের এই অস্বাভাবিক প্রবাহ দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা ভূগর্ভে বড় ধরনের গ্যাসের মজুত বা রিজার্ভার থাকার সম্ভাবনা দেখছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল। এর আগে ২৭ অক্টোবর ওই এলাকার প্রায় এক হাজার ফুট গভীর একটি নলকূপ খননের সময় নিচ থেকে তীব্র বেগে গ্যাস ও পানি বের হতে শুরু করে।

প্রতিনিধিদলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার অহিদুল ইসলাম জানান, সরেজমিন পর্যবেক্ষণে সেখানে একটি ভূ-কাঠামোর (স্ট্রাকচার) অস্তিত্ব পাওয়া গেছে। সাধারণত ফোল্ড বেল্টের ভাঁজের সর্বোচ্চ অংশে এ ধরনের ভূ-কাঠামো তৈরি হয়। দৃশ্যমান এই ভূতাত্ত্বিক গঠনকে ‘বোকাবেল ফরমেশন’ বলা হয়। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ফরমেশনের নিচে গ্যাসের মজুত রয়েছে। ফলে ইনানীতেও অনুরূপ রিজার্ভার থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে এই রিজার্ভার থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, তা এখনই নিশ্চিত নয় জানিয়ে তিনি বলেন, এ জন্য আরও কারিগরি অনুসন্ধান, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কূপটি নিরাপদে নিয়ন্ত্রণে এনে বন্ধ করা। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হবে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক মো. তোফায়েল উদ্দিন শিকদার বলেন, সাধারণত অগভীর স্তরে পাওয়া গ্যাসের স্থায়িত্ব কম থাকে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু ইনানীতে দুই সপ্তাহ পার হলেও গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিষয়টি নতুন করে মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, কূপটিতে কিছু কারিগরি ঝুঁকি রয়েছে। সেগুলো মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। ভূতাত্ত্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংগৃহীত নমুনার ল্যাব টেস্ট এবং ঢাকায় বিশেষজ্ঞ দলের পর্যালোচনার পর চূড়ান্ত পরিকল্পনা নেয়া হবে। প্রাথমিক প্রস্তুতি ও কারিগরি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

এদিকে এলাকায় গ্যাসের সম্ভাবনার খবরে নতুন স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মেটাতেও এটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%