০৮:৪৯ এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য সরকার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের একটি চুক্তি সম্পাদনের পথে রয়েছে। এই চুক্তির আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি প্রতিষ্ঠানগুলোর হাতে থাকবে। তবে, এই চুক্তির একটি শর্ত নিয়ে আলোচনা চলছে। শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার অনুমতি থাকবে না সরকারের। নতুন বিমানবন্দর নির্মাণ বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।
তৃতীয় টার্মিনাল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে। সরকারের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বেসরকারি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়ামে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কম্পানি, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: পুতিনের উদ্বোধনে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত
চুক্তির শর্ত অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ জাপানি অপারেটর এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। অর্থাৎ, এককালীন অর্থের পরিমাণ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।
রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। প্রথম আট মাস সরকার কোনো আয় পাবে না। পরবর্তী ছয় মাসে রাজস্বের ১৩.৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২.১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার। অন্যদিকে, বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকেও আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২.৫০ ডলার বা প্রায় এক হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এই ফি ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে যাত্রীদের এ খাতে ব্যয় প্রায় তিন গুণ বাড়বে।
বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, “আমাদের বিমান চলাচল খাতে সবকিছুর চার্জ এমনিতেই তুলনামূলকভাবে অনেক বেশি, এরপর যদি এমবারকেশন দুই-তিন গুণ বেড়ে যায়, সেটা তো শেষ পর্যন্ত যাত্রীর ভ্রমণ খরচের ওপরই পড়বে। এখানে আমরা অনেক শর্ত মেনে নিচ্ছি—নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে বলেই আমি মনে করি।”
আরও পড়ুন: হাফিজ সাঈদের সঙ্গে পাকিস্তানি অভিনেতার সেলফি নিয়ে বিতর্ক
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, এমবারকেশন ফি বা ভ্রমণ ব্যয় বাড়ায় এমন রেগুলেটরি ফি নির্ধারণের ক্ষেত্রে আইকাওয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এয়ারলাইনসের পাশাপাশি যাত্রীরাও এর অংশীজন। কিন্তু ফি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে তাঁরা জানেন না।
তার মতে, এই ফি তিন গুণ বাড়লে বিশেষ করে প্রবাসী কর্মীদের ভ্রমণ ব্যয় বাড়বে। টার্মিনালের কারণে সৃষ্ট বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপানো হচ্ছে।
তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় একটি অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ডনাটাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
বর্তমানে শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমান বছরে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা আয় করে। ফলে নতুন টার্মিনালে এই ব্যবসার একটি বড় অংশ অন্য অপারেটরের কাছে যাওয়ার বিষয়টি রাষ্ট্রীয় সংস্থাটির আয়ের ওপর প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হলো গাজার শতাব্দীপ্রাচীন জলপাই বাগান
বিমান চলাচল বিশ্লেষক এ টি এম নজরুল ইসলাম মনে করেন, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমানকে বঞ্চিত করা হলে রাষ্ট্রীয় সংস্থাটি বড় ব্যবসা হারাবে। তবে বিমানের সেবার মানও উন্নত করতে হবে।
তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে এক হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। একই অর্থবছরে সংস্থাটির মোট ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৫ শতাংশ বেশি। বিপরীতে আয় বেড়েছে মাত্র ২.৪ শতাংশ। গত অর্থবছরে বেবিচকের আয় ছিল তিন হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রমের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ইতিমধ্যে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে আরো প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে।
সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব পায়নি। এটি চালু হলে সংস্থাটির বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।
আরও পড়ুন: সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগ
আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এর মধ্যে দুটি ফ্লাইট ছেড়ে যাবে এবং দুটি অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বেবিচক সূত্র জানায়, নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে দাঁড়াবে। একই সঙ্গে বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতা। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এত দিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর টার্মিনালটি চালুর উদ্যোগ ইতিবাচক। তবে এমবারকেশন ফি বৃদ্ধি ও পরিচালন চুক্তির শর্তগুলো নিয়ে উদ্বেগ রয়েছে। টার্মিনালের পরিচালন ব্যয় কেমন হবে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।
আরও পড়ুন: ট্রাম্পের পুতিনকে ‘বন্ধু’ বলায় জেলেনস্কির সমালোচনা, ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বে ক্ষোভ
তার মতে, বিদেশি এয়ারলাইনসের আগ্রহ বাড়লেও স্লট বরাদ্দ নির্ভর করবে বোর্ডিং ব্রিজ, পার্কিং স্পেস, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সামগ্রিক সক্ষমতার ওপর। পাশাপাশি দেশীয় এয়ারলাইনসগুলোর বাজার হিস্যা ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা ও বিমানবন্দরের সক্ষমতা বাড়বে। তবে ১৫ বছরের পরিচালন চুক্তি, ১০০ কিলোমিটার এলাকায় নতুন বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, যাত্রীদের বাড়তি মাশুল এবং ঋণ পরিশোধের চাপ—এসব শর্তের আর্থিক প্রভাব কতটা হবে, তা নির্ভর করবে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম ও রাজস্ব আয়ের ওপর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন