ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাফিজ সাঈদের সঙ্গে পাকিস্তানি অভিনেতার সেলফি নিয়ে বিতর্ক


হাফিজ সাঈদের সঙ্গে পাকিস্তানি অভিনেতার সেলফি নিয়ে বিতর্ক

পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসী ৯ বছরের পুরনো একটি সেলফি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। কারণ, তিনি লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘ-ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে সেলফিটি তুলেছিলেন। হাফিজ আল সাঈদ ২৬/১১ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। সেলফি তোলার পর আব্বাসী শুধু ক্ষান্ত হননি, বরং তিনি এক্স-এ পোস্ট করে সাঈদকে ‘সবচেয়ে চমৎকার মানুষদের একজন’ বলে অভিহিত করেন। তিনি সাঈদকে ‘পাকিস্তানের সবচেয়ে ভুল-বোঝাবুঝির শিকার ব্যক্তি’ হিসেবেও বর্ণনা করেছেন।

আব্বাসীর সেই ছবি ৯ বছর পর আবার ভাইরাল হয়েছে। কারণ, তিনি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’-এর অন্যতম অভিনেতা। সিরিজটি নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের মাধ্যমে নির্মিত হচ্ছে এবং এটি ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিরিজটির সম্ভাব্য মুক্তির কারণে বিভিন্ন সংগঠন ভারতে এর সম্প্রচার ঠেকাতে মাঠে নেমেছে। ভারতের কেন্দ্রীয় সরকার নেটফ্লিক্সকে মনে করিয়ে দিয়েছে যে ভারতে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ রয়েছে। আলোচিত সিরিজটি ভারতে প্রদর্শিত না হওয়ার জন্য নেটফ্লিক্সকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: পুতিনের উদ্বোধনে রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত

আব্বাসীর বিরুদ্ধে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ভারত ছাড়াও, পাকিস্তানের অনেকেই একজন সন্ত্রাসীর পক্ষ নেওয়ার জন্য আব্বাসীর তীব্র সমালোচনা করেছেন। ২০১৭ সালে আব্বাসী ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের সঙ্গে তোলা সেলফিটি এক্স-এ পোস্ট করেছিলেন। যদিও ভারতে আব্বাসীর অ্যাকাউন্ট ব্লক করা রয়েছে, তবে ব্যবহারকারীরা তার পুরনো পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে শেয়ার করছেন। একজন ব্যবহারকারী নেটফ্লিক্সকে আক্রমণ করে প্রশ্ন তুলেছেন, “আপনারা কি আপনাদের প্ল্যাটফর্মে সন্ত্রাসীদের প্রচার করছেন?”

আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “হামজা আলী আব্বাসি, যিনি অভিনেতা হওয়ার ভান করেন, তিনি প্রকাশ্যে বিশ্বস্বীকৃত সন্ত্রাসী হাফিজ সাঈদকে সমর্থন ও রক্ষা করেন। এখন কি মানবতার বিরুদ্ধে তাদের অপপ্রচার চালানোর জন্য সন্ত্রাসীদের জায়গা করে দেওয়া হবে?”

একজন অন্য ব্যবহারকারী বলেছেন, “এই পাকিস্তানি সিরিজের অন্যতম প্রধান অভিনেতা হামজা আলী আব্বাসি ২৬/১১ হামলার মূল হোতা সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে রয়েছেন; ফিল্মফেয়ারের লজ্জা হওয়া উচিত এমন একটি পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজের প্রচার করার জন্য, যার অন্যতম প্রধান অভিনেতা আক্ষরিক অর্থেই হাফিজ সাঈদের ভক্ত।”

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “হামজা আলী আব্বাসী—বিশ্বস্বীকৃত সন্ত্রাসী হাফিজ সাঈদের একজন অন্ধ ভক্তও এই নাটকের অংশ; এই মানুষগুলোর সমস্যা কী?”

আরও পড়ুন: ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হলো গাজার শতাব্দীপ্রাচীন জলপাই বাগান

এই সমালোচনা কেবল ভারতেই সীমাবদ্ধ নয়। বরং কিছু পাকিস্তানি ব্যবহারকারীও সিরিজটিতে আব্বাসীকে অভিনয় করানোর জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সমালোচনা করছেন। পাকিস্তানি আইনজীবী ও লেখক মুনিব কাদির বলেছেন যে, আব্বাসীর ছবির বিষয়ে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে একমত। তিনি এক্স-এ এক পোস্টে লিখেছেন, “জাতিসংঘ বিশ্বব্যাপী যে ব্যক্তির নিন্দা জানিয়েছে, তার সঙ্গে কেন তিনি ছবি তুলেছিলেন—তা আব্বাসীকে স্পষ্ট করতে হবে। এমন একজন ব্যক্তির প্রশংসা করার জন্য হামজা আলী আব্বাসীর ক্ষমা চাওয়া উচিত।”

একজন পাকিস্তানি ব্যবহারকারী মন্তব্য করেছেন, “পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসী জাতিসংঘ-ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে ছবি তুলেছেন এবং তাকে ‘সবচেয়ে চমৎকার, অত্যন্ত ভদ্র মানুষদের একজন’ বলে অভিহিত করেছেন যিনি ‘সহনশীলতা ও মানবতার’ প্রচার করেন। সেই একই ব্যক্তি এখন নেটফ্লিক্সের পাকিস্তানি অরিজিনাল ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’-তে অভিনয় করছেন। মুখে সহনশীলতার কথা বলে, আর সন্ত্রাসীদের প্ল্যাটফর্ম দেয়। ভণ্ডামিরও এখন ভেরিফায়েড টিকমার্ক আছে।”

আরেকজন প্রশ্ন তুলেছেন, “যাহোক, হামজা আলী আব্বাসী কেন হাফিজ সাঈদের সঙ্গে ছবি তুলেছিলেন?”

‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ আন্তর্জাতিকভাবে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’ নামে পরিচিত। এটি পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের বেস্টসেলিং উর্দু উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত একটি রোমান্টিক ড্রামা। সিরিজটিতে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসী, ইকরা আজিজ, মায়া আলী এবং বিলাল আশরাফসহ বেশ কয়েকজন সুপরিচিত পাকিস্তানি অভিনেতা অভিনয় করেছেন।

আরও পড়ুন: নতুন বিমানবন্দরের ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা আরোপ

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ টিভিতে নিউজিল্যান্ড-ভারতের টেস্ট ম্যাচসহ বড় দলগুলোর খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ এম


আজ টিভিতে নিউজিল্যান্ড-ভারতের টেস্ট ম্যাচসহ বড় দলগুলোর খেলা

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব হয়ে ওঠে না। তাই আপনার সময় এবং পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি।

কোথায় কী খেলা হচ্ছে তা জানতে সময় নষ্ট না করে এই শিডিউল দেখে নিন। এরপর ঠিক করুন কখন কোন খেলায় আপনার নজর থাকবে।

নিউজিল্যান্ড এবং ভারত শনিবার (২৮ নভেম্বর) ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামবে। নিজেদের লিগে ম্যাচে অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো।

ক্রাইস্টচার্চ টেস্ট : ২য় দিন

নিউজিল্যান্ড–ভারত

ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান ইউনাইটেড–ব্রেন্টফোর্ড

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইপসউইচ–অ্যাস্টন ভিলা

রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

এলচে–অ্যাতলেটিকো

রাত ১১–৩০ মি., টি স্পোর্টস

রিয়াল মাদ্রিদ–আলাভেস

রাত ২টা, টি স্পোর্টস

ফ্রেঞ্চ লিগ আঁ

পিএসজি–লোরিয়াঁ

রাত ১–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে, হাসপাতাল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ এম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে, হাসপাতাল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানা ভালো।

শনিবার (২৮ নভেম্বর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বেলা সাড়ে ১১টায় রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর তিনি দুপুর ১২টায় পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন করবেন।

আজিমপুরে সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কলোনির জোন-বিতে পথকুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান, জনসচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পথকুকুরের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ এবং পথপ্রাণীদের খাবার দেওয়ার কারণে হেনস্তা ও হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে বন্ধ্যাকরণ কার্যক্রমও পরিচালনা করা হবে। প্রাণিকল্যাণ আইন-২০১৯ বাস্তবায়ন এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

নাশকতা রোধে আলোচনা সভা

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নাশকতা রোধে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় নেতারা উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে দুপুর আড়াইটায় রাজধানীর হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে। বিকেল ৫টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

কিডনি রোগ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ‘২০তম আইএফকেএফ-ডব্লিউকেএ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ এম


চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দফায় দফায় চলতে থাকে। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে এক ক্যাম্পাস সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারামারির ঘটনা ঘটে। এ সময় চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন মারধরের শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে ভৈরব কেন নিষেধ করেছিলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়।

পরে বিষয়টি নিয়ে দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার একপর্যায়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন।

শহীদ মিনার প্রাঙ্গণে চলা সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আরেক দফা মারামারি ঘটে।

ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এ রকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’

এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

চুয়েট চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী চিকিৎসক না দেখিয়েই নিজেরা অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন বলে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে গ্যাসের সম্ভাবনা, মজুত নির্ধারণে বাপেক্সের জরিপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


ইনানীতে গ্যাসের সম্ভাবনা, মজুত নির্ধারণে বাপেক্সের জরিপ শুরু

কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাসের উৎস এবং সম্ভাব্য মজুত অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ইতোমধ্যে ভূগর্ভ থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

২৭ অক্টোবর (মঙ্গলবার) ইনানীতে নলকূপ খননের সময় হঠাৎ করে গ্যাসের উদ্গিরণ শুরু হয়। এরপর টানা ৩১ দিন ধরে আগুন জ্বলতে থাকে। শুক্রবার (২৭ নভেম্বর) বাপেক্সের ড্রিলিং দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের আতঙ্ক দূর হয়ে স্বস্তি ফিরে এসেছে।

প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, বোকাবিল ফরমেশনের মধ্যবর্তী থেকে ওপরের কোনো স্তর থেকে গ্যাস বের হচ্ছে। তবে গ্যাসের পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য নেই। নমুনা পরীক্ষার ফলাফল, ভূতাত্ত্বিক জরিপ এবং দ্বিমাত্রিক (টু-ডি) ও ত্রিমাত্রিক (থ্রি-ডি) সিসমিক জরিপের তথ্য বিশ্লেষণের পর গ্যাসের পরিমাণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

সংগ্রহ করা হয়েছে গ্যাসের নমুনা

আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই গ্যাসের নমুনা সংগ্রহের উদ্যোগ নেয় বাপেক্স। ওয়াটার রিপ্লেসমেন্ট পদ্ধতিতে দুটি বোতলে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে এসব নমুনা বিশ্লেষণ করে গ্যাসের রাসায়নিক গঠন, বিভিন্ন উপাদানের উপস্থিতি ও পরিমাণ এবং উচ্চতর হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানা যাবে।

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম জানান, ২৭ অক্টোবর গ্যাসের উদ্গিরণ শুরু হয়েছিল। প্রায় এক মাস পর শুক্রবার নিরাপদে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আগের কয়েকবার চেষ্টা করেও নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। আগুনের তীব্র তাপ ও তাপীয় বিকিরণের কারণে গ্যাস নির্গমনের স্থানের কাছে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে দেয়া হয়, যা নিরাপদে নমুনা সংগ্রহের সুযোগ তৈরি করে।

নাফিকুন আরহাম আরও বলেন, ওয়াটার রিপ্লেসমেন্ট পদ্ধতিতে নমুনা সংগ্রহের সময় বাইরের বাতাস যাতে বোতলে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা হয়েছে। ফলে ভূগর্ভস্থ স্তর থেকে উঠে আসা গ্যাসের প্রকৃত নমুনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংগৃহীত নমুনা বাপেক্সের পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে। নমুনা ঢাকায় পাঠানোর পর সাধারণত পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া সম্ভব বলে জানান তিনি।

৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় জরিপ

গ্যাসের নমুনা পরীক্ষার পাশাপাশি এর সম্ভাব্য মজুত নির্ধারণে ভূতাত্ত্বিক অনুসন্ধান শুরু করেছে বাপেক্স। আগামী ছয় মাসে প্রায় ৬৭৫ বর্গকিলোমিটার এলাকায় ১২০ লাইন কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য চার সদস্যের একটি দল ইতোমধ্যে ইনানীতে কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%