ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোটি টাকার এস্কাফসহ প্রাইভেট কার জব্দ করল ডিবি


মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোটি টাকার এস্কাফসহ প্রাইভেট কার জব্দ করল ডিবি

মাদকের ভয়াবহ প্রভাব থেকে জনগণকে রক্ষা করার এবং জেলায় মাদক-চোরাচালান নির্মূলের প্রতিশ্রুতি নিয়ে পরিচালিত এক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

ডিবি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দক্ষ দল আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখ রাত ৩:৪০ ঘটিকায় সদর মডেল থানাধীন মহানন্দা সেতুর টোলঘরের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় পুলিশ ১,১২৫ (এক হাজার একশত পঁচিশ) বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য ‘এস্কাফ’ (ESkuf) সিরাপ উদ্ধার করে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের টয়োটা প্রাইভেট কার (রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫) জব্দ করে।

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সামি (২১)। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনাপুর (বর্তমান) এলাকার মৃত বদু ও হনুফার ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের আহ্বান:

মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক আব্দুল্লাহ শেখের প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে উদ্ধার, সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে উদ্ধার, সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে সাঁতরে উদ্ধার করা পুলিশ সদস্য অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ তাঁর কার্যালয়ে অমিত হাসানের হাতে প্রশংসাপত্র ও নগদ অর্থ তুলে দেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর এলাকার শিমরাইল সেতুর কাছে এ ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী ওই নারী বিবাহিত। পারিবারিক বিষয়ে অভিমান করে তিনি আত্মহত্যার উদ্দেশে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই নারী শিমরাইল কান্দি এলাকার প্রথম সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন।

বিষয়টি দেখতে পেয়ে সেখানে এক ব্যাচমেটকে নিয়ে ঘুরতে যাওয়া পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দেন। পরে সাঁতরে ওই নারীকে উদ্ধার করেন তিনি। পরে একটি নৌকার সহায়তায় তাঁকে নদীর তীরে এনে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বে থাকা কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী বলেন, এক নারী সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর কনস্টেবল অমিত হাসান সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়েন।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন হাসপাতালে ছুটে যান। তিনি ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান এবং তাঁর চিকিৎসার খোঁজ নেন।

ওই নারীর মা জানান, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা-জগতসার গ্রামে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি নারায়ণগঞ্জে থাকতেন।

স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় তিন মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন বলেন, ‘মেয়েটি আত্মহত্যার উদ্দেশে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের এক পুলিশ সদস্য পানিতে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে রাত ১২টায় তাঁকে তাঁর মা ও বোনের জিম্মায় দেওয়া হয়েছে।’

পুলিশ সদস্য অমিত হাসানের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে নদীতে ঝাঁপ দিয়ে একজনের জীবন রক্ষার ঘটনায় তাঁর পরিবারের সদস্যরাও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে জশনে জুলুসে লাখো জনস্রোত, উৎসবমুখর নগরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


চট্টগ্রামে জশনে জুলুসে লাখো জনস্রোত, উৎসবমুখর নগরী

চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৬ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা ‘জশনে জুলুস’। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে লাখো মানুষের অংশগ্রহণে হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে উৎসব মুখর বন্দরনগরী। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের স্রোত নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হন। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুসের কার্যক্রম শুরু হয়। 

জুলুসে (শোভাযাত্রা) নেতৃত্ব দেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ। 

জুলুস শুরুর আগে দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ সাংবাদিকদের ব্রিফিং করেন। 

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জুলুসের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

শোভাযাত্রাটি মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাসসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মাহফিল, জোহরের নামাজ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে ছিল মানুষের ঢল। 

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জুলুসে লাখো মানুষের সমাগম হয়েছে বলে দাবি আয়োজকদের। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা নিয়ে এ আয়োজন করা হয়েছে।

জুলুসকে ঘিরে নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায় সাজানো হয়েছে। 

ষোলশহর, মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাস এলাকায় নানা আকৃতির তোরণ নির্মাণ করা হয়েছে। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। 

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে আওলাদে রাসুল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)-এর দিকনির্দেশনায় চট্টগ্রামে প্রথম জশনে জুলুসের আয়োজন করা হয়।

এরপর প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে এ আয়োজন হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃতির পোশাকের ‘উত্তাপ’ ছড়াল ভারতের রাজনীতিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


কৃতির পোশাকের ‘উত্তাপ’ ছড়াল ভারতের রাজনীতিতে

একটি জুয়েলারি ব্র্যান্ডের রাখিবন্ধন বিজ্ঞাপনে বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের পোশাককে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন ভারতের রাজনৈতিক ময়দানে তীব্র বাগ্‌যুদ্ধে রূপ নিয়েছে। কৃতির একটি ডিপ-নেক ব্লাউজ ও কেপ পরা আইভরি লেহেঙ্গার ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। মান্ডির বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কৃতি স্যাননের ওই পোশাককে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে অদ্ভুত’ (ইন্টেনশনালি ক্রিপি) বলে সমালোচনা করেন, আবার নেটিজেনদের একাংশ এটিকে ‘অশালীন’ বলেও দাবি তোলেন।

বিতর্কের মুখে পড়ে গত মঙ্গলবার কৃতি স্যানন তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, নারীরা কী পরবেন তা ঠিক করে দেওয়া বন্ধ হবে কবে। কৃতি স্যাননের সেই ইনস্টাগ্রাম স্টোরিটি ট্যাগ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি তার সমর্থনে এগিয়ে আসেন। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় লেখেন, একজন নারী কী পরবেন, কী করবেন কিংবা কোথায় যাবেন—সেটা সম্পূর্ণ তার নিজস্ব পছন্দ। নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ ও ট্রোলিং বন্ধের আহ্বান জানিয়ে তিনি ‘স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি’ (পিতৃতন্ত্রকে ধ্বংস করো) হ্যাশট্যাগটি ব্যবহার করেন।

রাহুলের এই মন্তব্যের পরই কঙ্গনা রানাওয়াত ও বিজেপি শিবির থেকে পাল্টা আক্রমণ শুরু হয়। কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করেন, যেখানে রাহুল গান্ধীর একটি কাল্পনিক ছবির কথোপকথন তুলে ধরা হয়। সেখানে রাহুল গান্ধী এক নারীকে ‘স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি’ বলার বার্তা দিতে দেখা গেলেও, সেই নারী উত্তর দিচ্ছেন— ‘ব্রো, ওয়েট! আগে ভারত মাতা কি জয় বলা শুরু করি।’ এই পোস্টে কঙ্গনা ও বিজেপি সমর্থকরা তুলে ধরেন কীভাবে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্যে নারীদের প্রতিনিধিত্বের অভাব রয়েছে। বিশেষ করে কর্ণাটকের মতো কংগ্রেস শাসিত রাজ্যে কোনো নারী মন্ত্রী না থাকা, কর্ণাটক ও হিমাচল প্রদেশে যোগ্য নারী নেতৃত্বের অভাব, নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করা এবং শাহ বানু মামলা থেকে শুরু করে তিন তালাক প্রসঙ্গ তুলে রাহুলের নারী ক্ষমতায়নের সুরকে কড়া ভাষায় চ্যালেঞ্জ জানানো হয়।

প্রতিবাদের হাওয়া আরও তীব্র করে বিজেপির আরেক সাংসদ বাঁশুরি স্বরাজও রাহুল গান্ধীকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেন, যখন কংগ্রেস নেতারা স্বয়ং কঙ্গনা রানাওয়াতকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, কিংবা হেমা মালিনীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন, এমনকি অধীর রঞ্জন চৌধুরী যখন ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন—তখন রাহুল গান্ধী পুরোপুরি নীরব ছিলেন। নিজ দলের নেতাদের এমন আচরণ এবং অতীতে নারী সংরক্ষণ বিলে বাধা সৃষ্টি করার পর রাহুলের মুখে ‘পিতৃতন্ত্র ধ্বংসের’ কথাকে বাঁশুরি স্বরাজ চরম ভণ্ডামি বলে অ্যাখ্যা দেন।

বিতর্কের শুরুটা হয়েছিল ২২ আগস্ট পুণেতে আয়োজিত ‘ছাত্রদের গূঞ্জ’ অনুষ্ঠানে রাহুল গান্ধীর বক্তব্য এবং তার পরপরই কৃতি স্যাননের বিজ্ঞাপন ঘিরে। তবে তীব্র জনরোষ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদের মুখে পড়ে সংশ্লিষ্ট জুয়েলারি ব্র্যান্ড ‘জিভা’ (GIVA) ইতিমধ্যেই তাদের বিজ্ঞাপনটি তুলে নিয়েছে। সংস্থাটি সাফাই দিয়ে জানিয়েছে, কোনো ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না। তা সত্ত্বেও, একটি ফ্যাশন বিজ্ঞাপনকে ঘিরে শুরু হওয়া এই লড়াই এখন ভারতের জাতীয় রাজনীতির মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং

দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের অ্যানটেলোপ রিফের কাছের একটি ক্ষুদ্র দ্বীপে নতুন স্থাপনা দৃশ্যমান হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা কৃত্রিম উপগ্রহের চিত্রে এমনটি ধরা পড়েছে। 

বিশ্লেষকদের মতে, চীন এখানে তাদের বৃহত্তম সামরিক ঘাঁটি নির্মাণ করছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইয়াগং দ্বীপে দৃশ্যমান এই ত্রিমুখী (তিন-শাখা বিশিষ্ট) কাঠামোর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন; তবে এটি অ্যানটেলোপ রিফে মূল স্থাপনাগুলোকে সহায়তা করার জন্য একটি ‌‘আর্লি ওয়ার্নিং রাডার’ (পূর্বাভাস প্রদানকারী রাডার) কেন্দ্র স্থাপনের প্রাথমিক পদক্ষেপ হতে পারে।

স্যাটেলাইট ছবির বাণিজ্যিক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ভ্যান্টর’ জানিয়েছে, তারা ১৭ আগস্ট সর্বশেষ ছবিটি তুলেছে। অন্যান্য ছবিতে তারা লক্ষ্য করেছে, নির্মাণ কাজ শুরু হয়েছিল গত মার্চ ও এপ্রিলে।

ভবনগুলোর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও ভ্যান্টরের এক মুখপাত্র জানান, ‘ইয়াগং রিফের বেশ কয়েকটি কাঠামোর সাথে দক্ষিণ চীন সাগরের অন্যত্র দেখা সামরিক রাডার বা আর্লি ওয়ার্নিং সুবিধার মিল রয়েছে। এগুলো সম্ভবত কাছাকাছি অবস্থিত অ্যানটেলোপ রিফের মূল সামরিক কার্যক্রমের সাথে সম্পর্কিত।’

গত সপ্তাহে রয়টার্স খবর প্রকাশ করেছিল, চীন অ্যানটেলোপ রিফে তাদের নির্মাণ কাজের প্রথম ধাপ সম্পন্ন করেছে। এটি ইঙ্গিত করে যে দক্ষিণ চীন সাগর চীন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে একটি ক্রমবর্ধমান সামরিকীকৃত এলাকায় পরিণত হচ্ছে। যা তাইওয়ানকে কেন্দ্র করে ভবিষ্যৎ যেকোনো সংঘাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অ্যানটেলোপ রিফের উপগ্রহ চিত্রে প্রায় ৬ কিলোমিটার (৪ মাইল) দীর্ঘ একটি কৃত্রিম দ্বীপ দেখা গেছে, যার ৩ কিলোমিটারের (২ মাইল) বেশি দীর্ঘ সোজা উপকূলরেখা রয়েছে। কিছু বিশ্লেষক এটিকে সম্ভাব্য রানওয়ে হিসেবে দেখছেন। ইয়াগং দ্বীপটি আকারে অনেক ছোট এবং অ্যানটেলোপের ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। দু’টি দ্বীপই পশ্চিম প্যারাসেলসের ক্রিসেন্ট গ্রুপের অন্তর্ভুক্ত।

এ বিষয়ে প্রতিক্রিয়া চেয়ে রয়টার্সের করা অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

চীন নতুন কোনো সামরিক ঘাঁটি নির্মাণের কথা স্বীকার করেনি। তাদের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যানটেলোপ বেসামরিক প্রয়োজন মেটাবে-যেমন আবহাওয়ার পূর্বাভাস, মৎস্য সম্পদ রক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা।

১৯৭৪ সালে তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের নৌবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর থেকে প্যারাসেল দ্বীপপুঞ্জ দখল করে রেখেছে চীন। পুরো দ্বীপপুঞ্জকে নিজস্ব দাবি করা ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোতে আরও দক্ষিণে অবস্থিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে তাদের নিজস্ব ঘাঁটির নেটওয়ার্ক সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে।

স্প্র্যাটলি এবং এর আশেপাশের পানিসীমা পুরোপুরি বা আংশিকভাবে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনাই দাবি করে থাকে।

রয়টার্সের মন্তব্যের অনুরোধে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক অ্যাটাশেদের মতে, এই নির্মাণ কার্যক্রম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথের উত্তরাঞ্চলে চীনের সামরিক নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করার সম্ভাবনাই বেশি।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স ট্র্যাকার ড্যামিয়েন সাইমন, যিনি প্যারাসেলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। তিনি জানান, একটি রাডার সুবিধা গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় এখনো আসেনি।

সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা গবেষক কলিন কো বলেন, সীমিত পরিধির কারণে এটি কোনো ধরনের একক পর্যবেক্ষণ কেন্দ্র হতে পারে। তবে তিনি যোগ করেন, ‘যদি আমাকে একটি অনুমাননির্ভর তথ্য দিতে হয়, তবে এটি সম্ভবত একটি রাডার স্টেশন হতে যাচ্ছে।’

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%