বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৪ পি.এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদিকে কৃতিত্ব দিয়ে তিনি দিল্লি ও মস্কোর মধ্যে ‘বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত’ কৌশলগত অংশীদারিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে রুশ নেতা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান, যেখানে তাকে এবং রুশ প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়া হয়েছিল। ভারতে অবস্থিত রুশ দূতাবাস ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তাটি ‘দ্রুঝবা-দোস্তি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছে, যা রুশ ও হিন্দি শব্দের সমন্বয়ে বন্ধুত্ব বোঝায়।
পুতিনের বার্তার অনুবাদ প্রকাশ করে রুশ দূতাবাস জানায়, ‘আপনি আপনার দেশবাসীর কাছ থেকে গভীর সম্মান এবং বিশ্বমঞ্চে দারুণ কর্তৃত্ব যথাযথভাবেই উপভোগ করছেন। ভারত ও রাশিয়ার মধ্যকার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানকে কোনোভাবেই কম করে দেখার সুযোগ নেই।’
বিবৃতিতে রুশ নেতা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে বস্তুনিষ্ঠ, খোলামেলা এবং ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত বলে জানান।
পুতিন আরও বলেন, ‘যথারীতি আপনার সঙ্গে কথা বলাটা ছিল এক পরম আনন্দের অভিজ্ঞতা এবং আমাদের আলোচনা আরো একবার আপনার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতাকে প্রমাণ করেছে। আমরা অবশ্যই আমাদের বন্ধুভাবাপন্ন জাতিগুলোর কল্যাণে জরুরি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোতে আমাদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।’
গত ১২-১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন ভারতে এসেছিলেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন, যেখানে তারা মূল খাতগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলে চলমান সংঘাতগুলো নিয়ে আলোচনা করেন। দ্বিপক্ষীয় আলোচনা শেষ হওয়ার পরপরই দুই নেতা একই গাড়িতে চড়ে একটি প্রদর্শনী পরিদর্শনে যান।
মোদি ও পুতিনের এই হৃদ্যতা নতুন কিছু নয়। গত ৩১ আগস্ট কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সময়ও তাঁদের একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল। এমনকি গত বছরও চীনের তিয়ানজিনে এসসিও নেতা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিন একই গাড়ি ব্যবহার করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার নিউইয়র্কে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যা ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।
এই বৈঠকটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে বলে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছেন।
বৈঠকে যুদ্ধের সমাপ্তির পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছেন। ধারণা করা হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনের পর সেই পরিকল্পনা চূড়ান্ত করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তবে, তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো বৈঠক নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা।
গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ট্রাম্প ৮টি আরব ও মুসলিম দেশের নেতার সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় তিনি গাজার জন্য তার শান্তি পরিকল্পনার একটি খসড়া তাদের কাছে তুলে ধরেন। এক সপ্তাহ পর তিনি পরিকল্পনাটি প্রকাশ্যে আনেন। এরপর কিছুদিনের মধ্যে যুদ্ধ বন্ধের একটি চুক্তি সম্পন্ন হয়।
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান রয়েছে এমন উপসাগরীয় দেশগুলো ইরানের বড় ধরনের হামলার মুখে পড়ে। একই সময়ে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি ব্যাহত হওয়ায় এসব দেশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।
ট্রাম্প বুধবার বলেন, “আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে আছি।” তিনি আবারও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কাছ থেকেই এ বিষয়ে জানতে পেরেছে।
সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি-এর সদস্য দেশগুলোর নেতা অথবা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন, যার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান অন্তর্ভুক্ত রয়েছে।
হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার বৈঠকের জন্য প্রাথমিক আমন্ত্রণ পাঠিয়েছে। একটি সূত্র জানিয়েছে, বৈঠকে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরও আট ওয়ারেন্টভুক্ত আসামিকে। সবমিলিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে কুলাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই সাদেকসহ সঙ্গীয় ফোর্স কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জুয়া খেলা অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মধ্য চুনঘর এলাকার হেলাল উদ্দিন (৩৫), সুখময় মালাকার (৪৫), জুনেল মিয়া (২৫) ও জায়েদ মিয়া (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও আট আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার মোট ১২ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত) নিয়োগ-২০২৬ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার, পুলিশ সদর দপ্তরের এআইজি নূরানী ফেরদৌস দিশা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার দক্ষতা পরীক্ষা (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং) শিগগিরই শুরু হবে। পরীক্ষার স্থান, তারিখ এবং বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফল দেখতে এখানে ক্লিক করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে পদ্মার চরে কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে রকিবুল ইসলাম সরদার (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শামসুল ইসলাম নামে আরেক কৃষক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর কুলশিমুলতলা চরের এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত রকিবুল ইসলাম লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা মালিথাপাড়া মৃত মারজেন সরদারের ছেলে। আহত শামসুল ইসলামও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিয়া ও পল্লী পশু চিকিৎসক মো. সানোয়ার হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী কৃষক সামিদুল, এনারুল ও মিলন বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে তারা ১০-১৫ জন কৃষক দাদাপুর কুলশিমুলতলা চরে কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হলে সবাই বাড়ি ফিরছিলেন। এই সময় বজ্রাঘাতে রকিবুল ও শামসুল আহত হন। রকিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রকিবুল ইসলামের মৃত্যু ঘটে। বজ্রপাতে তার বুক ও পায়ের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ