ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনালের মঞ্চে দুই পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ


ফাইনালের মঞ্চে দুই পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মঞ্চ প্রস্তুত। মাত্র কয়েক ঘণ্টা পরই ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ শিরোপার চূড়ান্ত ফয়সালা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। চার বছর আগে কাতারে পাওয়া রাজমুকুট ধরে রাখার এই মিশনে আর্জেন্টিনার ছক অবশ্য অনেকটাই তৈরি হয়ে গেছে। তবে ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে স্কালোনির সম্ভাব্য একাদশে দুটি পজিশন নিয়ে এখনও রয়ে গেছে বড় ধোঁয়াশা।

পুরো বিশ্বকাপ জুড়ে স্কালোনি যেমনটা করে এসেছেন, ফাইনালের আগের দিনগুলোতেও তিনি দলের রণকৌশল নিয়ে তেমন কোনো আগাম আভাস দেননি। ফলে বিশ্বজয়ের লড়াইয়ে ঠিক কারা মাঠে নামছেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ এবং এখন পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে—দলের মূল চেনা ছক ঠিক থাকলেও শুরুর একাদশে দুটি জায়গায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলার মলিনা এই বিশ্বকাপে নিজের জায়গা মোটামুটি পাকাপোক্ত করে নিলেও, গত ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। এমনকি ইংল্যান্ডের গোলটিও এসেছিল তার দিক থেকেই।

আরও পড়ুন: মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

অন্যদিকে রিভার প্লেটের ডিফেন্ডার মন্টিয়েল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের সেরা ফুটবলটা উপহার দিয়েছেন। ফলে ফাইনালের শুরুর একাদশে জায়গা করে নেওয়ার দৌড়ে মলিনার চেয়ে মন্টিয়েলই এখন কিছুটা এগিয়ে আছেন।

আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে আরও একটি বড় প্রশ্ন রয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে জায়গা না পেলেও, বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল দারুণ কার্যকারিতা দেখিয়েছেন। এখন জুলিয়ানো সিমেওনের জায়গায় নিজের চেনা পজিশন ফিরে পেতে লড়াই করছেন তিনি। দলে তার প্রভাব এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাড়তি অনুপ্রেরণা জোগানোর ক্ষমতার কারণে ‘এল মটোরচিতো’ (দলের ছোট ইঞ্জিন) খ্যাত এই মিডফিল্ডার ফাইনালে ফিরতেই পারেন।

অন্যদিকে, শেষ মুহূর্তের অনুশীলনের পর স্কোয়াডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জিওভানি লো সেলসো। শেষ মুহূর্তের অনুশীলনে স্কালোনির পরখ করে নেওয়া ১৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও, লো চেলসোর শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ- এমিলিয়ানো মার্তিনেজ; গনজালো মন্টিয়েল অথবা নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে অথবা রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

আরও পড়ুন: সীতাকুণ্ডে গভীর রাতে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, অপর যুবক আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে পাঁচ লক্ষণ বলছে আর্জেন্টিনাই হবে বিশ্বচ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


যে পাঁচ লক্ষণ বলছে আর্জেন্টিনাই হবে বিশ্বচ্যাম্পিয়ন

প্রতিটি বিশ্বকাপের আগে এবং পরে বিভিন্ন কুসংস্কার, পরিসংখ্যান ও অদ্ভুত কাকতালীয় ঘটনা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা জাগিয়ে তোলে। বিশেষত ফাইনালের আগে এই ধরনের 'ইঙ্গিত' আরও বেশি ভাইরাল হয়ে যায়। এসবের মধ্যে কিছু ঘটনার ঐতিহাসিক ভিত্তি বিদ্যমান, আবার কিছু ঘটনা নিছক কাকতাল। রোববার (১৯ জুলাই) বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার মাঠে নামার আগে এমন কিছু ঘটনা সমর্থকদের মধ্যে আশাবাদ বাড়িয়ে তুলেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সবচেয়ে আলোচিত পাঁচটি 'লক্ষণ'।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে কার্লোস বিলার্দোর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছিল। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার দুটি কিংবদন্তি গোল - 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি' ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। সেই ঐতিহাসিক জয়ই আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপার পথে এগিয়ে নিয়ে যায়।

৪০ বছর পরে, ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা আবার ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছে। তবে এবার তা সেমিফাইনালে, এবং সেই জয় তাদের শিরোপার চূড়ান্ত ধাপের খুব কাছে পৌঁছে দিয়েছে।

২. কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ী দল প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে মাত্র তিনটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৩-১ ব্যবধানে সম্পন্ন হয়েছে। ১৯৩৮ সালে ইতালি ফ্রান্সকে এই ব্যবধানে পরাজিত করেছিল। পরবর্তীতে ১৯৬২ সালে ব্রাজিল ইংল্যান্ডকে এবং ২০২৬ সালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে এই একই ব্যবধানে হারিয়েছে।

দুর্ভাগ্যবশত কাকতালীয় বিষয় হলো, তিন ক্ষেত্রেই বিজয়ী দল আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল। প্রথমে তারা ১-০ গোলে এগিয়ে যায়, তারপর সমতা ফেরায়, তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৬২ সালে ব্রাজিল পরবর্তী সময়ে শিরোপা জিতেছিল। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে আছে।

৩. সেমিফাইনালে দেখা গেল সংখ্যার অদ্ভুত মিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে লিওনেল স্ক্যালোনি প্রায় একই সময়ে তিনটি পরিবর্তন করেন। মাঠে নামেন ১৯ নম্বর জার্সির নিকোলাস ওতামেন্দি, ৭ নম্বর জার্সির রদ্রিগো ডি পল এবং ৪ নম্বর জার্সির গনসালো মন্তিয়েল। এই তিনজনের একসঙ্গে থাকার ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক সমর্থক এটিকে ভাগ্যের ইঙ্গিত হিসেবে বিবেচনা করেন।

তাদের জার্সি নম্বরের মধ্যে ১৯ হলো ফাইনালের তারিখ, ৭ হলো জুলাই মাস এবং ৪ প্রতীকীভাবে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপাকে নির্দেশ করে। তাছাড়া, ৪ নম্বরটি ফাইনাল শুরু হওয়ার স্থানীয় সময় বিকেল ৪টাকেও ইঙ্গিত দেয়।

৪. আর্জেন্টিনার গোলসংখ্যাতেও লুকিয়ে আছে ফাইনালের তারিখ।

সংখ্যার এই কাকতালীয় মিল এখানে শেষ নয়। পুরো বিশ্বকাপব্যাপী আর্জেন্টিনা করেছে ১৯টি গোল এবং হজম করেছে ৭টি গোল। অর্থাৎ, ১৯/৭, যা ঠিক সেই তারিখ, যেদিন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে স্পেনের মুখোমুখি হবে।

৫. স্কালোনির ১০৪তম ম্যাচ, আর বিশ্বকাপেরও ১০৪তম ম্যাচ।

সবশেষে আরেকটি বিশেষ তথ্য নজর কেড়েছে। স্পেনের বিপক্ষে ফাইনালটি হবে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের ১০৪তম ম্যাচ। এবং আশ্চর্যের বিষয় হলো, এই ম্যাচটি হবে ২০২৬ বিশ্বকাপেরও ১০৪তম ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি চলন্ত (লোকাল) বাসে এক নারী পোশাক শ্রমিকের ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাসটির চালক এবং হেলপারের বিরুদ্ধে। সেই সময়ে ইজ্জত বাঁচানোর জন্য ওই নারী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়তে বাধ্য হয়েছেন।

পরে তিনি যখন মামলা করেন, তখন অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। তবে বাসের হেলপার এখনো পলাতক রয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাসচালক হলো মো. আজিজুল শিকদার ওরফে রাজু, যিনি ৩৭ বছর বয়েসী। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিণহাটি এলাকার বাসিন্দা। রাজু বর্তমানে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থেকে গাড়ি চালাতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পোশাক শ্রমিকের বয়স ২৭ বছর। তিনি আশুলিয়ার ইপিজেড-১ এলাকার তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করেন। গত ১২ জুলাই তিনি দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে আশুলিয়াগামী ইতিহাস পরিবহনের একটি লোকাল বাসে ওঠেন।

বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্যান্য সব যাত্রী যখন নেমে যায়, তখন চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। ফলে ওই শ্রমিক আতঙ্কিত হয়ে বাস থেকে নামিয়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে দ্রুত গতিতে বাস চালানো শুরু করেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড ও ইপিজেড এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে বাসের হেলপার তার পাশে এসে জোরপূর্বক শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ পরিস্থিতিতে চালকও তাকে সহযোগিতা করেন।

নিজেকে রক্ষার আর কোনো উপায় না দেখে ওই শ্রমিক চলন্ত বাস থেকে লাফ দেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে অন্য একটি বাসের সহায়তায় আশুলিয়া এলাকায় এসে তিনি আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে অভিযুক্ত চালকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের পাশাপাশি গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক হেলপারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

মেট্রোতে যাতায়াতের সময় হেডফোন ছাড়াই জোরে জোরে গান শোনার বা ভিডিও দেখার অভ্য়াস রয়েছে অনেকেরই। এর ফলে আশপাশের সহযাত্রীরা অনেকেই বিরক্ত হন।

আর সে জন্য এবার জরিমানার বিধান করেছে বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল)।

ভারতের মেট্রোতে আগে সর্বোচ্চ জরিমানা ছিল ৫০০ টাকা। সংশোধিত আইনে তা পাঁচ গুণ বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। ১৯ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

কলকাতাতেও রয়েছে এই নিয়ম?

মূলত, চেন্নাই ও বেঙ্গালুরুতে এই নিয়ম চালু হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এই ধরনের কোনো নিয়ম চালু করা হয়নি। যদিও বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, এই নিয়ম দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য।

নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ ২,৫০০ টাকা জরিমানা হতে পারে।

কোন কোন কাজ করলে জরিমানা হবে? দেখে নিন—

স্পিকার অন করে গান বা ভিডিও চালালে জরিমানা

ইয়ারফোন ছাড়া মোবাইলে ভিডিও দেখা

জোরে চিৎকার করা

অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার

মদ্যপ অবস্থায় যাতায়াত

থুতু ফেলা

কোচের মেঝেতে বসা

মেট্রোর সম্পত্তি নষ্ট করা

অশোভন আচরণ

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত

বিএমআরসিএলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। যদিও আগে ৫০০ টাকা জরিমানার নিয়ম ছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হতো।

আরো পড়ুন

দৈনিক ১৫ ঘণ্টা কাজ করেও বেতন নেই ৪ মাস, নিজ দেশে ফেরার আকুতি নারীর

অন্যান্য অপরাধেও বেড়েছে জরিমানা

শুধু শব্দদূষণ নয়, আরো একাধিক অপরাধের ক্ষেত্রেও জরিমানা বাড়ানো হয়েছে। মেট্রো চত্বরে পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগানো বা বিক্ষোভ দেখালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত।

অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ বা মেট্রো ট্র্যাকে ঢুকলে জরিমানা হতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত। ট্র্যাকে প্রবেশ করে পরিষেবা ব্যাহত করলে অন্যান্য আইনে মোট জরিমানা ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

ভুয়া মেট্রো টিকিট ব্যবহার বা সরকারি নোটিশ বিকৃত করলেও ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রাম

চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা : মূল হোতা মাইকেলসহ গ্রেপ্তার ৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা : মূল হোতা মাইকেলসহ গ্রেপ্তার ৯

চাঁদা না পেয়ে চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় অবস্থিত একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় মূল হোতা মাইকেলসহ ৯ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। আটককৃতদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে র‌্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য প্রদান করেন। হাফিজুর রহমান জানান, শনিবার চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরো দুজনকে পুলিশে হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮), মো. সাইফুদ্দিন (৩২)।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, চকবাজার থানাধীন ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে গত ১১ জুলাই তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ‘ডেভিড-ইমন’ নামের এক সন্ত্রাসী। ডেভিড ইমন এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুর সোয়া ১২টা নাগাদ ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ওই অফিসে প্রবেশ করে।

সন্ত্রাসীরা রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল ভাঙচুর করে। একপর্যায়ে অফিসে কর্মচারীদের বেতন বাবদ রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

র‌্যাব অধিনায়ক জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-০৭। এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ জুলাই র‌্যাবের একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার অন্যতম মূলহোতা ও সংগঠক মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধার করা ৪টি দেশীয় অস্ত্রসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%