০৮:০০ পি.এম
কক্সবাজারের উখিয়ায় অভাবের তাড়নায় সৃষ্ট পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে মরদেহ রক্তাক্ত অবস্থায় কাঁধে নিয়ে হাজির হয় স্বামী। যদিও প্রত্যক্ষদর্শীরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ ঘটনার পর গৃহবধূর শাশুড়িকেও থানা হেজাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পাগলিরবিল এলাকায় এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
নিহত পারভীন আক্তার (২৮) ছিলেন হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার আবদুল গফুরের মেয়ে।
স্বামী আবদুল আলম (৩২) পাগলিরবিল এলাকার শামসুল আলমের ছেলে ছিলেন এবং তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহতের ছোট বোন ইয়াসমি আক্তার বলেন, আমার বোনের স্বামী গভীর রাতে ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে খেতে বসেন। এই সময় স্বামী ও স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে মারধর করেন। তখন রেগে যেয়ে আমার বোন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠোনে বের হলে পেছন দিক থেকে তার স্বামী ঘাড়ে ছুরিকাঘাত করেন। এ সময় রক্তাক্ত অবস্থায় তিনি কাঁধে করে হাসপাতাল নিয়ে যান। পরে হাসপাতালের লোকজন পুলিশকে খবর দেন, এরপর পুলিশ হাসপাতাল থেকে তাকে থানায় নিয়ে যায়।
নিহতের ভাই সৌদি প্রবাসী কামাল উদ্দিন বলেন, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ওমর ফারুক এবং মোহাম্মদ আকিব নামের তিন সন্তানের তাদের ঘরে রয়েছে। আমরা বিভিন্ন সময় সহযোগিতা দিলেও তাদের মধ্যে অভাব-অনটন ছিল।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, মূলত পারিবারিক অভাব-অনটনের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে রেগে গিয়ে স্ত্রীকে আঘাত করেন স্বামী। যদিও উভয়পক্ষই এখন পরস্পরকে দোষারোপ করছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। একই সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
