১২:৩৮ পি.এম
প্রযুক্তির অপব্যবহার করে তৈরি ছবি-ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টে গেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ব্যক্তিসত্তার অধিকার রক্ষা এবং আপত্তিকর ও ভুয়া বিষয়বস্তু সরানোর দাবিতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কঙ্গনা দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেন। শুনানির সময় তার আইনজীবী অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া যৌন হয়রানিমূলক ভিডিও, আপত্তিকর পোস্ট, ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান। এসব কনটেন্টে কঙ্গনার নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
কঙ্গনার অভিযোগ, এ ধরনের ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে এবং তার সম্মানহানি ঘটানো হচ্ছে। একই সঙ্গে তার ব্যক্তিসত্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব বিষয়বস্তু সরিয়ে নেওয়ার জন্য তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন: জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত ও বিদেশযাত্রা নিষিদ্ধ
তবে ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা বলিউডে নতুন নয়। সাম্প্রতিক সময়ে একাধিক তারকা তাদের পরিচয়, ছবি ও ব্যক্তিগত ভাবমূর্তির অপব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এ ধরনের বিভিন্ন মামলায় সংশ্লিষ্টদের সাময়িক স্বস্তি দিয়েছেন হাই কোর্ট।
এদিকে, কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন