এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৩:২৮ পি.এম
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. জহুরুল ইসলাম পলাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক রাজা।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য মো. কামরুজ্জামান মিজান সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. লোকমান হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদ।
সম্মেলনে ফরিদপুর জেলার বিভিন্ন বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সরকারি করণের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাদের ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত সরকারি করণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা এ বিষয়ে সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোর-ঢাকা মহসড়কের হরিশপুরে এক যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– নাটোর সদর উপজেলার রাজিবপুর এলাকার হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর গ্রামের জমসের আলীর ছেলে সাব্বির (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোরের হরিশপুর এলাকায় রাজশাহী থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাস শিশির পরিবহনের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নাটোর থানার ওসি মুনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে থাকা জোট সরকার বর্তমানে নতুন রাজনৈতিক সংকটে পড়েছে। শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে নীতিগত দূরত্ব তৈরি হওয়া, নতুন প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে বিরোধ উঠা, এবং বিরোধী দলগুলোর যৌথ মোর্চা গঠনের তৎপরতা ইত্যাদি কারণে সরকারের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে।
পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি বিশেষভাবে সরকারের আইন ও নীতিগত সিদ্ধান্তের বিরোধিতা করছেন। নতুন প্রদেশ তৈরির প্রস্তাব নিয়ে দুই দলের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, তাদের দলের অভিযোগগুলির সুরাহা না হওয়া পর্যন্ত কোনো আইন পাসের ক্ষেত্রে তার দল সমর্থন দেবে না। ফলে ক্ষমতাসীন জোটের ভেতরে রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কাশ্মীর নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিবেশ রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলছে। নির্বাচনে অনিয়ম ও যোগসাজশের অভিযোগ তুলে পিপিপি জানিয়েছে, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফলগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।
এদিকে, জোট শরিকদের চাপের মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন এক বিপদের নাম। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে তিনি জেলে রয়েছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটেছে।
বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এই পরিস্থিতির পর, গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেই অনুযায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পিটিআই নেতাকে। তবে চিকিৎসকদের মতামতের পর তাকে ফের জেলে পাঠানো হয়। সামগ্রিকভাবে, গোটা ইস্যুতে শাহবাজের উপর চাপ বহুগুণ বেড়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কানাডার পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় একটি গাড়িতে ধাক্কা দেওয়ার কারণে একজন নিহত হয়েছেন। পুলিশ এই ব্যাপারে তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, দুর্ঘটনার পর পোস্ট করা ছবিতে দেখা যায় যে, একটি ছোট বিমান সড়কের পাশে বনাঞ্চলসংলগ্ন ঘাসের ওপর পড়ে রয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় একজন লোকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির একজন আরোহী ছিলেন।’
এছাড়া, বিমানটিতে থাকা কারোর আহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সারাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত একটি চিঠিতে এ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতের জনবল ঘাটতি পূরণে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অনুরোধের কথা বলা হয়েছে নির্দেশনায়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী পদোন্নতি এবং সরাসরি নিয়োগের মাধ্যমে ১৩ থেকে ১৬তম গ্রেডের সব শূন্য পদ পূরণের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়ার কথাও বলা হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করা হলেও নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি, সেসব প্রতিষ্ঠানে নতুন করে শূন্য পদের ছাড়পত্র নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। আগের সময়ে নেওয়া আবেদনগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
নিয়োগ নিয়ে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে মামলা বা প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলোও সচল করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চিঠিতে আরও বলা হয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী বিভাগীয় কার্যালয়সহ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩তম গ্রেডের প্রধান সহকারী পদ রয়েছে। কিন্তু ২০১৮ সালের বিধিমালায় এসব পদ ১৪তম গ্রেড হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় পদোন্নতিতে জটিলতা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ১৪তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী বা সমমানের পদধারীদের ১৩তম গ্রেডের শূন্য পদে নিজ বেতনে বা চলতি দায়িত্বে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নিয়োগ কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত অগ্রগতির তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠানো হবে। হার্ডকপির পাশাপাশি ই-মেইলেও এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ