০৯:০৭ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় সংঘটিত দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে।
নিহত যুবকদের মধ্যে একজন হলেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) এবং অপরজন পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।
আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশাল নগরীতে ডিবি পুলিশের আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিনিয়া আক্তার জানিয়েছেন, সন্ধ্যায় সংঘর্ষের ফলে গুরুতর আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইজাজুল কাজী ও স্বাধীন সরদারকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, গুরুতর আহত রাজন (২১) এবং ইয়ামিন (২৮) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে সংঘর্ষের ফলে দুজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন