০৬:৫০ পি.এম
ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক জানিয়েছেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এমপি আবু আশফাক বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শনিবার (২০ জুন) দোহার উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সকাল বেলায় এমপি আবু আশফাক সুতারপাড়া ইউনিয়নের পদ্মা বাইপাস নিকড়া-ডায়ারকুম সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। পরে এমপি উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন, যেমন বানাঘাটা জাহিদ কমিশনারের বাড়ির রাস্তা, ঝনকি রানী বিল্ডিংসংলগ্ন সড়ক, নারিশা পশ্চিম চর সড়ক, লটাখোলা সিপিডিএন ও ঢাকা প্রজেক্ট এলাকার সড়ক, এসপি আনোয়ারের বাড়ির সামনের সড়ক, কার্তিকপুর ব্রিজসংলগ্ন সড়ক এবং চর কুশাই সড়কসহ বাংলাবাজার সড়কের উন্নয়নকাজের উদ্বোধনও করেন।
এ ছাড়া দোহার পৌরসভা, সুতারপাড়া, নারিশা, বিলাসপুর, মাহমুদপুর ও কুসুমহাটি ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১১টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এমপি আবু আশফাক এ সময় বলেন, ‘বিগত সরকারের আমলে দখল হওয়া খাল-বিল পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দোহার-নবাবগঞ্জের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে পাকা সড়ক নির্মাণ করা হবে, যাতে জনগণের যোগাযোগব্যবস্থা আরো উন্নত হয়।’
আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা
তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমি যত প্রতিশ্রুতি দিয়েছি, সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। আগামী পাঁচ বছরে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।’
এমপি আবু আশফাক বর্তমানে সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন। উন্নত সড়ক যোগাযোগ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চার করবে। একই সঙ্গে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার উপজেলা নির্বাহী প্রকৌশলী রাজু আলম, টিসিএল গ্রুপের চেয়ারম্যান তানভীর আহমেদ সানু মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: কবি রাধারমণ দত্তের গ্রামে গানবাজনা বন্ধের আবেদন জমা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন