ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জেলের ছদ্মবেশে সাংবাদিক, ঘুষ নিল পুলিশ


জেলের ছদ্মবেশে সাংবাদিক, ঘুষ নিল পুলিশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর ও বিষখালী নদীতে চলাচলকারী মাছ ধরার ট্রলার এবং পণ্যবাহী নৌযান থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঁদা প্রদান না করলে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা এবং নানা ধরনের প্রশাসনিক হয়রানি। অনুসন্ধানে গিয়ে এই চাঁদা দাবির মুখোমুখি হয়েছেন ছদ্মবেশী এক সাংবাদিক, যার দৃশ্য গোপন ক্যামেরায় বন্দি হয়েছে।

স্থানীয় জেলেদের কাছ থেকে জানা যায় যে, জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ শিকার করে তাদের সংসার চলে। মহাজন ও এনজিওর চড়া সুদের ঋণ শোধ করতে জেলেরা হিমশিম খাচ্ছেন এবং নৌ-পুলিশের বেপরোয়া চাঁদাবাজি নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নিয়মিতভাবে প্রতি মাসে ট্রলার এবং ছোট জাহাজ প্রতি দুই থেকে তিন হাজার টাকা মাসোহারা না দিলে জেলেদের বিরুদ্ধে সাজানো মামলার হুমকি দেওয়া হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে সাধারণ জেলের ছদ্মবেশে অনুসন্ধানে নামেন সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ। অনুসন্ধানের একপর্যায়ে তিনি নিজেই নৌ-পুলিশের চাঁদাবাজির শিকার হন। চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কবির হোসেন সরাসরি এবং বিকাশের মাধ্যমে লেনদেন করেন, যা গোপন ক্যামেরায় বন্দি হয়।

এছাড়াও সংগৃহীত অডিও রেকর্ডে এএসআই কবিরকে দাবি করতে শোনা যায়, এই চাঁদাবাজির টাকার ভাগ ইনচার্জসহ ফাঁড়ির সকল সদস্য পেয়ে থাকেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

ভুক্তভোগী আজাদ ও সোহেল, আরও অনেক জেলে ও জাহাজ মাঝিরা জানিয়েছেন, নদীতে মাছ ধরতে নামলেই পুলিশি হয়রানির ভয়ে তাদের তটস্থ থাকতে হয়। চাঁদা না দিলে ট্রলার জব্দ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়, যার ফলে তারা চরমভাবে বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হন।

ছদ্মবেশী সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ বলেন, জেলেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন যে নৌ-পুলিশ তাদের ওপর জুলুম করছে। সত্যতা নিশ্চিত করতেই আমি জেলের ছদ্মবেশে অনুসন্ধানে নামি। ফাঁড়ির এএসআই কবির হোসেন সরাসরি টাকা দাবি করেন এবং বিকাশের মাধ্যমে টাকা নেন। টাকা না দিলে নদীতে কোনো ট্রলার চলতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নৌ-পুলিশের অসাধু কর্মকর্তাদের কারণে সাধারণ জেলে এবং ট্রলার মালিকরা আজ দিশেহারা। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

ঘটনার বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ফাঁড়ির সদস্যরা এবং ভিডিও ধারণে বাধা প্রদান করেন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গজ গভীর মিয়া জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পথচারীর

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, জেলেদের কাছ থেকে নৌ-পুলিশের টাকা নেওয়ার অভিযোগ তিনি এর আগেও একাধিকবার পেয়েছেন। তবে এবার ভিডিও প্রমাণ মেলায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশে ভালো কাজের পুরস্কার, অনিয়মে তিরস্কার অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


পুলিশে ভালো কাজের পুরস্কার, অনিয়মে তিরস্কার অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনবান্ধব পুলিশ গঠনে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করবেন, তাদের কর্মের যথাযথ স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে এবং যারা আইন-বিধি লঙ্ঘন করে জনসেবায় ব্যাঘাত ঘটাবেন বা অপকর্মে লিপ্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি তিরস্কারমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন এবং সমসাময়িক ও রাজনৈতিক নানা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, উল্টো রথযাত্রা বা কোনো বিশেষ ধর্মীয় উৎসবে লক্ষ্য করে এটি করা হয়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই; বরং এটি কাকতালীয়। তিনি জানান, ডিএমপি’র বোম্ব ডিসপোজাল ইউনিটের তৎপরতায় তা নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে।

সাবেক রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে জমা দেয়া হয়েছে এবং তা গৃহীত হয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যেকোনো নাগরিক বা রাজনৈতিক দলের মতামত ও প্রতিবাদ প্রকাশের অধিকার রয়েছে। মন্ত্রী আরও বলেন, পদাধিকার বলে দায়িত্ব পালনকালীন সময়ে সাবেক রাষ্ট্রপতি যে সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) পেয়ে থাকেন, তা বলবৎ থাকবে। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতিকে এসএসএফ (SSF), পিজিআর (PGR) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

এ বছর পুলিশ সপ্তাহে পদক প্রদান অনুষ্ঠান না হওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে জানান, তাড়াহুড়ো করে তৈরি করা প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়েছে, তাই তা পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে যোগ্যদের মাঝে বিশুদ্ধ তালিকা অনুযায়ী পুলিশ পদক প্রদান করা হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইজিপি মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) মো. কামরুল আহসান।

অনুষ্ঠানে দুটি ভিন্ন সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয়জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় ৩০ মিনিটের মধ্যে প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারকারী সাতজন পুলিশ সদস্য হলেন— যথাক্রমে ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির ও মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম ও আজমীর হোসেন এবং পুলিশ টেলিকম সংস্থার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।

ট্রাফিক সার্জেন্ট কর্তৃক ছিনতাইকারী গ্রেফতারের ঘটনায় পুরস্কৃত দু’জন পুলিশ সদস্য হলেন— যথাক্রমে ডিএমপ’ της ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলি ও সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইবে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইবে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন। আজ রবিবার তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বললে এ কথা বলেন।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রবিবার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবদের নিয়ে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে আলোচনা করা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা অর্থাৎ সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশনের সচিবালয়ে পাঠানো হবে। এই তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এসব বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ আদায় কেন অবৈধ নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ আদায় কেন অবৈধ নয়

গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী এবং অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার, ২৬ জুলাই, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ, অসময়ে সবজি উৎপাদনে বাড়বে উৎসাহ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


কাউখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ, অসময়ে সবজি উৎপাদনে বাড়বে উৎসাহ

পিরোজপুরের কাউখালীতে উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের সবজি উৎপাদনে উৎসাহিত করার জন্য এবং বর্ষা মৌসুমে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নির্বাচিত ৫০০ জন কৃষকের হাতে এ প্রণোদনা তুলে দেওয়া হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সাত ধরনের সবজির বীজ—কলমি শাক, পুঁইশাক, হাইব্রিড লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন ও শসা। এছাড়া কৃষকদের ডিএপি ও এমওপি রাসায়নিক সারও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা জিয়াউল হক হিরো ও তারিকুল ইসলাম পান্নুসহ কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে অতিবৃষ্টির কারণে অনেক সময় সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বাজারে সবজির সংকট ও দাম বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপকারভোগী কৃষক গোলাম মোস্তফা বলেন, সরকারের দেওয়া এই বীজ ও সার আমাদের জন্য অনেক সহায়ক। এতে উৎপাদন খরচ কমবে। আমরা নিজেদের পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করতে পারব।

কৃষক শাজাহান সরদার বলেন, বর্ষাকালে সবজি চাষ করা অনেক ঝুঁকিপূর্ণ। কৃষি অফিস থেকে উন্নতমানের বীজ ও সার পেয়ে আমরা নতুন করে উৎসাহিত হয়েছি। আশা করছি ভালো ফলন হবে এবং বাজারেও সবজির সংকট কমবে।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, বর্ষা মৌসুমে সবজি উৎপাদন ধরে রাখা এবং কৃষকদের উৎপাদনে উদ্বুদ্ধ করতেই এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কৃষকরা যেন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারজাত করে বাড়তি আয় করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা বর্ষা মৌসুমেও সবজি উৎপাদন বাড়াতে পারবেন, যা একদিকে তাদের আর্থিকভাবে লাভবান করবে, অন্যদিকে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রেখে সাধারণ ভোক্তারও উপকার করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%