১০:৫২ এম
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি, সংসদ সদস্য, পরিবেশবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের পরিচর্যার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে হলে বনভূমি বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতীকী বৃক্ষরোপণে অংশ নিয়ে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। একটি সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “মাদারীপুর-৩ আসনসহ সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমি কাজ করে যাব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনসহ উপস্থিত অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন। এ সময় ‘সবুজ বাংলাদেশ, টেকসই বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।
শাওন বল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন