ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শীতলক্ষ্যায় খালেদা জিয়ার ভিত্তি স্থাপন করা সেতুর স্থানে পরিদর্শনে চীনা প্রতিনিধিদল


শীতলক্ষ্যায় খালেদা জিয়ার ভিত্তি স্থাপন করা সেতুর স্থানে পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুর স্থানে পরিদর্শন করেছেন চীনের বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার (১ জুন) দুপুরে ওই এলাকা পরিদর্শন করেন চীন সরকারের মালিকানাধীন চীনা রোড ও ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) একটি প্রতিনিধি দল। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে চীনের বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।

নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং পানি পরিশোধন প্লান্ট নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে চীনের বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

পরে চীনের প্রতিনিধি দলটি নগরীর হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান ও ভিত্তিপ্রস্তর পরিদর্শন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ.দা.) মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

চীনের প্রতিনিধি দল সেতুর প্রস্তাবিত স্থান ও ভিত্তিপ্রস্তর পরিদর্শন শেষে হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

উল্লেখ্য, বিগত ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাজীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর ও বহুল প্রত্যাশিত এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি বাস্তবায়িত হলে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জ শহর ও পূর্ব পাড়ে বন্দর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ এম


দেশের স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (মঙ্গলবার, ২ জুন) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সবশেষ গত ২৫ মে সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিনে ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ১৫৮ টাকা ও ১১৭ টাকা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সবশেষ গত ২৩ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময়ে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৮ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:১৭ এম


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন, সে মধ্যে রয়েছে শিশুও।

মঙ্গলবার (২ জুন) ভোররাতে পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানালেন, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালিগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক শিশুসহ আরও ৩ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক শিশুর মৃত্যু ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাজারের দিঘিতে কুমির টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:২০ এম


মাজারের দিঘিতে কুমির টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে, খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ভোরবেলা মহিলা ঘাটের পাশে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ঘাটের পাশে থাকা দোকানি বিনা বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কুমিরের কামড়ের দাগ রয়েছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহ মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা রয়েছে।

এর আগের দিন, সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে, খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামলে কুমিরটি শিশু ফাতেমা আক্তারকে (৭) টেনে নিয়ে যায়। এ সময় চারদিকে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। স্থানীয়রা মাজার এলাকায় নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরাও অভিযানে অংশ নেন।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রাতে ওই ঘাটে অনেক মানুষ ছিল। মেয়েটি গোসল করতে নামার পরই কুমিরটি তাকে টেনে নিয়ে যায়। ঘটনার পর চিৎকার করলেও কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে যাননি।

শিশু ফাতেমা আক্তার একটি ভবঘুরে মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। মাজার সংশ্লিষ্টরা এবং পুলিশ প্রশাসন তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৮:২২ এম


সিলেটের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দুপুরের মধ্যে সিলেট অঞ্চল অতিক্রম করে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসাথে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি ও বৃষ্টির সাথে সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%