শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
১০:২৫ এম
কুমিল্লা, ৩০ অক্টোবর ২০২৬ : কুমিল্লায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা-২০২৬’, যা উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুর সম্রাট শচীন দেব বর্মনের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে।
‘মর্ত্যরে রাজ্য ছেড়ে, সুরের সা¤্র্যাজ্যে’ এই প্রতিপাদ্য নিয়ে ৩০ ও ৩১ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে।
শচীন দেব বর্মনের জন্মদিন ১ অক্টোবর এবং প্রয়াণ দিবস ৩১ অক্টোবর। প্রতি বছর কুমিল্লা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। শিল্পীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলায় থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ইউসুফ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
শচীন মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।
মেলার প্রথম দিনের আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু।
মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শচীন দেব বর্মনের সংগীত জীবন, সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতিকে ধারণ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত কর্মকর্তাদের গাড়ির জ্বালানি ব্যবহারের সীমা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব গাড়িতে মাসে সর্বাধিক ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহার করা যাবে।
গণমাধ্যমে কর্মকর্তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও ব্যবহারের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।
ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারের জন্য কোনো নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করে এই অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গণমাধ্যমের এক অনুসন্ধানে দেখা যায় যে, ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য উঠে এসেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বাধিক ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।
অনুসন্ধানে আরও প্রমাণিত হয়েছে যে, অতিরিক্ত বরাদ্দের জ্বালানি বিক্রি করে দেন চালকদের কিছু অংশ। কিছু কর্মকর্তা দাপ্তরিক কাজের বাইরেও সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ব্যবহার করে কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে।
অনুসন্ধানের ফলাফল অনুযায়ী, যদি ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমাবদ্ধ করা হয়, তাহলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সে চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার নতুন সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা করছে। আগামী শনিবার হ্যালোইন উৎসবের দিন দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। এই অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ৭০ হাজার পুলিশ ও জেনদার্ম সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি “অত্যন্ত বেশি”। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে ঘোষণা দেন। নুনেজ আরও জানান, গত সপ্তাহে বিক্ষোভের সময় সাঁজোয়া যান ও জলকামান ব্যবহারের যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও তা জোরদার করা হবে।
শনিবারের বিক্ষোভ মোকাবিলায় গত সপ্তাহের মতো একই সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। তার ভাষায়, এটি একটি “ব্যতিক্রমী ব্যবস্থা”। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সজুড়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এসব কর্মসূচির কিছু অংশে ব্যাপক লুটপাট ও দাঙ্গার ঘটনা ঘটেছে। গত শনিবার দেশজুড়ে বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ ছিল। এর আগের সপ্তাহের বিক্ষোভে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।
হ্যালোইনের মুখোশ নিয়ে সতর্কতা
হলুদ জ্যাকেট আন্দোলন ও শিক্ষার্থী সংগঠনগুলো আগামী শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। হ্যালোইন উপলক্ষে মুখোশ বা পোশাক দিয়ে মুখ ঢাকার সুযোগ নিয়ে কেউ যেন জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নুনেজ বলেন, হ্যালোইনকে মুখ ঢেকে রাখার বৈধ অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যেন সহিংসতা বা বিশৃঙ্খলায় জড়াতে না পারে। বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে, তবে যেসব শহরের কেন্দ্রে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে বিক্ষোভ করতে দেওয়া হবে না।
এদিকে ফ্রান্সের প্রায় ১৫টি শহরে বামপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোকেও সতর্ক করেছেন নুনেজ। তিনি জানান, কোনো ধরনের বাড়াবাড়ি সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার “অত্যন্ত কঠোর” ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, উগ্র বামপন্থি গোষ্ঠী এবং হলুদ জ্যাকেট আন্দোলনের কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোইনের সন্ধ্যায় বিক্ষোভের প্রচার চালাচ্ছেন। এসব বার্তায় “বিপ্লবের” ডাক দেওয়া হচ্ছে। এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হবে বলে তিনি জানান।
হলুদ জ্যাকেট আন্দোলন ইতিমধ্যে হ্যালোইনের দিন তাদের বিক্ষোভের “তৃতীয় পর্ব” আয়োজনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে দেশটির পার্লামেন্ট ভবন এবং সারা দেশের সব পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম ও কারি।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৫) সৌদি আরবের ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। এই উপলক্ষে মসজিদে হারাম ও মসজিদে নববিতে মুসল্লিদের জুমার নামাজ পড়াবেন শায়খ উসামাহ খাইয়াত ও শায়খ আব্দুল বারি আস-সুবাইতি।
মসজিদে হারাম
আজ পবিত্র মসজিদে হারামে জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত। তিনি ১৯৫৬ সালে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের সাবেক ইমাম ও খতিব ছিলেন।
শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাস্টার্স এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৭ সাল থেকে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মসজিদে নববি
অন্যদিকে, পবিত্র মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন।
শায়খ আব্দুল বারি আস-সুবাইতি ১৪০৫ হিজরিতে কিং ফাহাদ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইসলামি শরিয়া অনুষয়ে ভর্তি হন। সেখান থেকে ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৪১৪ হিজরি সাল থেকে তিনি পবিত্র মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পবিত্র দুই মসজিদে এই দুই প্রখ্যাত আলেমের ইমামতিতে জুমার নামাজ আদায়ের জন্য আজও দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে কনটেইনার পরিবহন ধারাবাহিকভাবে কমতে দেখা যাচ্ছে। গত দুই অর্থবছরে রেলপথে কনটেইনার পরিবহন প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। যদিও দেশের প্রধান সমুদ্রবন্দর থেকে পণ্য পরিবহনে রেলওয়ের অংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তথাপি পরিসংখ্যানে উল্টো চিত্র ফুটে উঠছে।
বন্দর কর্তৃপক্ষ ও রেলওয়ে সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে ৮০ হাজার ৭১৯টি কনটেইনার পরিবহন করা হয়েছে। পরবর্তী অর্থবছরে, ২০২৪-২৫ এ, তা কমে ৬৩ হাজার ১০০টিতে নেমে আসে। এক বছরের ব্যবধানে পরিবহন কমেছে ১৭ হাজার ৬১৯টি। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে এই সংখ্যা আরো কমে ৫৪ হাজার ৫৬৯টিতে পৌঁছেছে। আগের অর্থবছরের তুলনায় এই সংখ্যা কমেছে ৮,৫৩১টি। দুই অর্থবছর মিলিয়ে রেলপথে কনটেইনার পরিবহন ২৬ হাজার ১৫০টি বা ৩২.৪ শতাংশ কমেছে। চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের মাত্র ২ শতাংশ রেলপথে হয়ে থাকে। মূলত বন্দরের অভ্যন্তর থেকে রেলপথে কনটেইনার পরিবহন করা হয়। ফলে, দেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে রেলওয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও বন্দরের সামগ্রিক পরিবহনব্যবস্থায় এর অংশ সীমিত রয়েছে।
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) রেলপথে কনটেইনার পরিবহন করা হয়। ঢাকাকেন্দ্রিক আমদানিকারক ও রপ্তানিকারকদের পণ্য ব্যবস্থাপনায় এই আইসিডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৫ সালের প্রথম ৯ মাসে কমলাপুর আইসিডিতে ৫৩ হাজার ৩৪৪ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। চলতি বছরের একই সময়ে তা কমে ৪১ হাজার ৬২৭ টিইইউতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে হ্যান্ডলিং কমেছে প্রায় ২২ শতাংশ। টিইইউ হলো ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনারের সমতুল্য একক। সাধারণত ৪০ ফুটের একটি কনটেইনার দুই টিইইউ হিসেবে গণনা করা হয়।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা শফিকুর রহমান জানান, সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে বন্দর থেকে কনটেইনার পরিবহনের চেষ্টা করা হচ্ছে। প্রতিদিন ৬০০টির বেশি কনটেইনার পরিবহনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, সক্ষমতা অনুযায়ী কনটেইনার পরিবহনের চাহিদার পুরোটা মেটানো সম্ভব হচ্ছে না। ইঞ্জিন ও লোকবলের সংকট দূর করা গেলে কনটেইনার পরিবহন আরো বাড়ানো সম্ভব হবে। রেলসেবার মান বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
রেলপথে ২০ শতাংশ পণ্য পরিবহনের লক্ষ্য
চট্টগ্রাম বন্দরের বিদ্যমান ও নির্মাণাধীন সব টার্মিনালকে রেলপথের সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। সড়কপথের যানজট এড়িয়ে পণ্য পরিবহনে বিলম্ব কমানো এবং তুলনামূলক কম খরচে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছরের লজিস্টিকস নীতিতে বর্তমানে মোট পণ্য পরিবহনে রেলপথের অংশ ২-৩ শতাংশের বিপরীতে ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম দিয়ে প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।
ভবিষ্যতে বন্দরের বিভিন্ন টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে এবং অর্থনৈতিক অঞ্চলগুলোয় পণ্য পরিবহন বাড়লে রেলপথে পরিবহনের চাহিদাও বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। এই লক্ষ্য সামনে রেখে ‘গ্রিন রেলওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেশন ফ্যাসিলিটি’ প্রকল্পের আওতায় বন্দরের বিদ্যমান ও নতুন টার্মিনালগুলোর সঙ্গে রেল যোগাযোগ উন্নয়নের সম্ভাব্যতা যাচাই করা হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মালবাহী রেল করিডোর উন্নয়ন এবং ফৌজদারহাট থেকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড পর্যন্ত রেল যোগাযোগ উন্নয়নের বিষয়টিও সমীক্ষায় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পের ভৌত অগ্রগতি ২১ শতাংশ
বাংলাদেশ রেলওয়ের গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের ভৌত অগ্রগতি মাত্র ২১ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৬.৬১ শতাংশ। ২০২৫ সালের ১ এপ্রিল শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। সেই হিসাবে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত প্রকল্পটির বয়স ১৮ মাস ২৮ দিন। প্রকল্পের আওতায় ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনকে ঘিরে মাল্টিমোডাল পরিবহন হাব নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম ফ্রেইট করিডোর উন্নয়নের সমীক্ষা চলছে।
কমলাপুর ও বিমানবন্দর স্টেশনকেন্দ্রিক সমীক্ষার জন্য গত ১৪ সেপ্টেম্বর পরামর্শকের সঙ্গে চুক্তি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ফ্রেইট করিডোর সমীক্ষার কাজও মাঠপর্যায়ে চলছে। এছাড়া চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড পুনর্গঠন এবং ২০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। চলতি মাসে এসব কাজের অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং ডিসেম্বরের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পসংশ্লিষ্ট রেলওয়ের এক কর্মকর্তা জানান, বিশ্বব্যাংকের ঋণচুক্তির পর প্রকল্পের দুটি প্যাকেজের সম্ভাব্যতা যাচাই ও কনসেপচুয়াল ডিজাইনের জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। বাকি কাজগুলোও এগিয়ে চলছে। ঋণচুক্তির পর ১২ মাসের হিসাবে প্রকল্পের কাজ ভালোই এগিয়েছে বলে তিনি দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ