০৫:০৮ পি.এম
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং খনিতে এক মাস ২২ দিন পর পাথর উত্তোলন আবার শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা গেছে, পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ার কারণে গত ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় বিস্ফোরক আমদানির পর আবার উৎপাদন শুরু হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন জানান, অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরকের মজুত শেষ হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ ছিল। বর্তমানে ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। এই বিস্ফোরক ব্যবহার করে প্রায় আড়াই মাস পাথর উত্তোলন কার্যক্রম চালানো সম্ভব হবে। আরও ৩০০ টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
প্রসঙ্গত, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে প্রায় ৭০০ শ্রমিক খনিতে পাথর উত্তোলনের কাজ করছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে ছয় বছরের পুনঃ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করছে।
খনি সূত্র জানায়, সময়মতো বিস্ফোরক সরবরাহ না হওয়ার কারণে এর আগেও কয়েক দফা উৎপাদন ব্যাহত হয়েছে। ২০২৫ ও ২০২২ সালেও বিস্ফোরক সংকটের কারণে পাথর উত্তোলন বন্ধ ছিল। তার আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন