১১:৩৯ এম
নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াবাসহ মিজানুর রহমান কায়সার (৫৫) নামের একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম-উল ইসলাম চৌধুরী।
রবিবার (২ আগস্ট) রাতে, উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত কায়সার উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কলসাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইম-উল ইসলাম চৌধুরীসহ সঙ্গীয় পুলিশ ফোর্সকে নিয়ে রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় অভিযান চালায়। এই অভিযানে ইয়াবাসহ কায়সারকে আটক করা হয়। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আজ সোমবার সকালে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়েছে।
কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম-উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কায়সার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাদকের ভয়াবহতা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন