০৯:০৭ পি.এম
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব সায়ফুজ্জামান ফারুকী মাদারীপুরের শিবচর সার্কেল অফিস ও ট্রাফিক অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শনিবার (২৬ জুলাই ২০২৬) মাদারীপুর জেলায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল অতিরিক্ত ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি শিবচর সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা
পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি শিবচর ট্রাফিক অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন রেজিস্টার, নথিপত্র, অফিসের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি ট্রাফিক সদস্যদের ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে ভদ্র, সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাওন বল
মাদারীপুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন