০২:২৩ পি.এম
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকারী ডনাল্ড ট্রাম্প রবিবার (১৪ জুন) তার ৮০তম জন্মদিন উদ্যাপন করছেন এক নজিরবিহীন আয়োজনের মাধ্যমে।
হোয়াইট হাউসের সাউথ লনে বিশেষভাবে অনুষ্ঠিত হচ্ছে ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামক এক কঠোর মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিযোগিতা।
গণমাধ্যমের তথ্যানুসারে, এই অনুষ্ঠানে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)-এর ১৪ জন তারকা যোদ্ধা অংশ নিচ্ছেন। তারা বিশাল আকারের ‘দ্য ক্ল’ (The Claw) নামক অস্থায়ী এরিনার নিচে একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন।
আরও পড়ুন: ট্রাম্পের ভরাডুবিতে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ বদলেছে
প্রায় ৬ কোটি মার্কিন ডলার খরচের মাধ্যমে তৈরি এই অনুষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ভাবা হচ্ছে। তবে একে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদ্যাপনকে কেন্দ্রিত করে অনেকেই দেখছেন।
সমালোচকরা ঐতিহাসিক হোয়াইট হাউসে এরকম সহিংস ক্রীড়া আয়োজনের বিষয়ে বিতর্ক করেছেন। তাদের মতে, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি হওয়ার প্রেক্ষাপটে এমন এক আয়োজন রুচিসম্মত নয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে, তার জন্মদিনেই ইরানের সঙ্গে বহু প্রতীক্ষিত শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। যদিও তেহরান এ সময়সূচির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে।
ইউএফসির সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক থাকা ট্রাম্প এই আয়োজনে বলেছেন, এটি হচ্ছে এক অনন্য জাতীয় অনুষ্ঠান। তিনি মে মাসে ওভাল অফিসে কয়েকজন যোদ্ধাকে স্বাগত জানিয়ে বলেছিলেন, ‘এটি এমন একটি অনুষ্ঠান হতে যাচ্ছে যা সত্যি আপনাদের ভালো লাগবে।’
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান
পুরো অনুষ্ঠানের ব্যয় ইউএফসি বহন করছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস।
ইউএফসির প্রধান কনটেন্ট কর্মকর্তা ক্রেগ বোরসারি ক্রীড়া ও রাজনীতিকে একত্রিত করার অভিযোগ অস্বীকার করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা এটিকে আমাদের দেশ এবং আমাদের ক্রীড়াবিদদের উদ্যাপনের এক অসাধারণ সুযোগ হিসেবে দেখছি।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে নাটকীয়তা আনতে কয়েকজন শীর্ষ যোদ্ধা উন্নত ওভাল অফিস থেকে বেরিয়ে ঐতিহাসিক সাউথ লনের দিকে মিছিল করে আসবেন। মূল লড়াইগুলো অনুষ্ঠিত হবে ‘অক্টাগন’-এ, যা আট কোণা তারের জালঘেরা একটি খাঁচা। এর চারপাশে ৪ হাজারেরও বেশি দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে।
রোববারের প্রতিযোগিতায় অংশ নেয়া ইউএফসি যোদ্ধা মাইকেল চ্যান্ডলার এটিকে ‘যুদ্ধভিত্তিক ক্রীড়ার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
ফরাসি ফাইটার সিরিল গেনও বলেছেন যে, তিনি খেলায় মনোযোগ দিচ্ছেন। তিনি চলতি মাসের শুরুতে এএফপি-কে জানিয়েছেন, ‘আমরা রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নই। কিন্তু বিশ্ববাসীর সামনে নিজেদের তুলে ধরার সুযোগ পেতে হবে।’
সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর তথ্য অনুযায়ী, প্রতিটি লড়াইয়ের বিরতির সময় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক দৃশ্যপট ও উপস্থাপনা দেখানো হবে। তদুপরি সামরিক ব্যান্ডের পরিবেশনা, যুদ্ধবিমানের ফ্লাইওভার, প্যারাশুট প্রদর্শনী এবং ১০ মিনিটের আতশবাজি আয়োজন থাকবে।
এদিকে, অনুষ্ঠানটি বন্ধ করার জন্য দুই স্থানীয় বাসিন্দার করা আবেদন গেল শুক্রবার এক ফেডারেল বিচারক খারিজ করে দিয়েছেন। তাদের অভিযোগ ছিল, এই আয়োজন স্বার্থের সংঘাত ও দুর্নীতির সঙ্গে জড়িত।
বিশ্লেষকদের মতে, এই আয়োজন ট্রাম্পের রাজনৈতিক শৈলীরই প্রতিফলন।
আরও পড়ুন: জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট নিয়ে আলোচনা
সূত্র: তুর্কিয়ে টুডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন