বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫৩ পি.এম
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা ধীরগতির হলেও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ‘দুর্গবেষ্টনী’ বা ‘ফোর্ট্রেস বেল্ট’ ক্রমাগত চাপের মুখে রয়েছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাম্প্রতিক আশাবাদ কিছুটা ম্লান হয়ে আসছে। ক্রামাতোরস্ক, যা ডনবাস অঞ্চলে ইউক্রেনের অন্যতম শেষ শক্ত ঘাঁটি, সেই শহরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। শহরটির প্রায় সব সেতু ধ্বংস হয়ে গেছে এবং প্রতিদিন সেখানে গাইডেড বোমা ও ড্রোন হামলা চলছে।
ইউক্রেনের ৯৩তম মেকানাইজড ব্রিগেডের প্রেস কর্মকর্তা ইরিনা রিবাকোভা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের পরিস্থিতি ‘ভয়াবহ’। তিনি উল্লেখ করেন, দিনে কয়েক ডজন হামলা হচ্ছে, যার ফলে গাড়ি, বিদ্যুৎ ও সেবা-সংশ্লিষ্ট স্থাপনা, আবাসিক ভবন, প্রশাসনিক ভবন ও গ্যারেজে আগুন ধরছে।
তিনি আরও বলেন, সন্ধ্যা ও সকালে শহরের রাস্তায় প্রায় কাউকেই দেখা যায় না। দিনের বেলাতেও মানুষ চলাচলের সময় অস্ত্র সঙ্গে রাখছেন, কারণ সর্বত্র ড্রোনের উপস্থিতি এবং যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনারের কিয়েভ সফর কোনো বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে ইউক্রেনকে কিছুটা পিছিয়ে পড়া অবস্থায় দেখা যাচ্ছে। বসন্তে পরিস্থিতি ছিল ভিন্ন, তখন ইউক্রেন রাশিয়ার দখলের চেয়ে বেশি ভূখণ্ড পুনর্দখল করছিল।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) রাশিয়া-বিষয়ক বিশ্লেষক জেনি ওলমস্টেড বলেন, দ্রুত কোনো বড় ধরনের অগ্রগতি রাশিয়ার জন্য এখনো কঠিন। তবে সামগ্রিক পরিস্থিতি মস্কোর অনুকূলে কিছুটা পরিবর্তিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, রুশ বাহিনী ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে ছোট ছোট দলে অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে। তারা ধীরে ধীরে স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের দিকে এগোচ্ছে এবং কোস্তিয়ান্তিনিভকাতেও অগ্রসর হচ্ছে। তবে এই অগ্রযাত্রার গতি খুবই ধীর।
আইএসডব্লিউর হিসাব অনুযায়ী, আগস্টে রাশিয়া ইউক্রেনের প্রায় ১২৪ বর্গকিলোমিটার ভূখণ্ডে অগ্রসর বা অনুপ্রবেশ করতে পেরেছে। গত বছরের একই মাসে দখল করা ভূখণ্ডের তুলনায় এটি প্রায় এক-চতুর্থাংশ।
তবে এই অগ্রযাত্রার জন্য মস্কোকে বড় মূল্য দিতে হচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হিসাবে, রাশিয়া প্রতি মাসে প্রায় ৪০ হাজার সেনা হারাচ্ছে। অর্থাৎ প্রতি বর্গকিলোমিটার ভূখণ্ড দখলে তাদের প্রায় ৩৪০ জন করে হতাহত হচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষার মূল স্তম্ভ
রাশিয়ার ধীরগতির অগ্রযাত্রা সত্ত্বেও ইউক্রেনের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো পূর্বাঞ্চলের চারটি শিল্পনগরী নিয়ে গড়ে ওঠা ‘ফোর্ট্রেস বেল্ট’। স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক, দ্রুজকিভকা ও কোস্তিয়ান্তিনিভকা—এই চার শহর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি।
ডনবাসের অবশিষ্ট অংশ রক্ষার পাশাপাশি ইউক্রেনের পূর্ব ও মধ্যাঞ্চলের নিরাপত্তার জন্যও এই প্রতিরক্ষা বেষ্টনী গুরুত্বপূর্ণ। শহরগুলোর ভৌগোলিক অবস্থান, জনবসতি এবং সড়ক ও রেল যোগাযোগ মিলে পশ্চিমের অপেক্ষাকৃত সমতল ও কম জনবসতিপূর্ণ এলাকার আগে একটি প্রাকৃতিক প্রতিরোধক তৈরি করেছে।
বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়া যদি এই প্রতিরক্ষা বেষ্টনী ভেঙে ফেলতে পারে, তাহলে এরপর ইউক্রেনের আরও গভীরে তুলনামূলক দ্রুত অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে।
এ কারণেই গত সাড়ে চার বছরে ইউক্রেন এসব শহরকে ঘিরে বিপুল সম্পদ ব্যয় করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। কিন্তু সময়ের সঙ্গে সেই ‘দুর্গবেষ্টনী’ দুর্বল হয়ে পড়ছে।
বেষ্টনীর দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা কার্যত ইউক্রেনের একটি শক্ত ঘাঁটি হিসেবে হারিয়েছে। প্রায় এক বছর ধরে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসার পর রুশ বাহিনী সেখানে প্রবেশ করেছে। শহরের উত্তরে এখনো ইউক্রেনীয় প্রতিরোধের কিছু অংশ থাকলেও সামরিক দৃষ্টিকোণ থেকে শহরটির গুরুত্ব অনেকটাই কমে গেছে।
ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শহর
পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কৌশলও একই ধরনের। দ্রুত কোনো শহর দখল করে অবকাঠামো অক্ষত রাখার পরিবর্তে রুশ বাহিনী ধীরগতির ও দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতে শহরগুলো ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।
বাখমুত দখলে রুশ বাহিনীর প্রায় নয় মাস সময় লেগেছিল। আর গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র পোকরভস্ক দখল করতে সময় লেগেছে প্রায় দুই বছর। শেষ পর্যন্ত শহর দুটির বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে যায় এবং ইউক্রেনের জন্য এগুলোর কৌশলগত গুরুত্বও হারিয়ে যায়। তবে রাশিয়ার প্রতিটি ছোট অগ্রগতিও প্রচারণার ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন, ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য থেকে তিনি সরে আসবেন না। এসব লক্ষ্যের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্ক—দুই অঞ্চল পুরোপুরি দখলের বিষয়টিও রয়েছে।
বর্তমানে রাশিয়া দোনেৎস্কের প্রায় ৮১ শতাংশ এবং লুহানস্কের প্রায় পুরো অংশ নিয়ন্ত্রণ করছে। মস্কো এপ্রিলে লুহানস্ক পুরোপুরি দখলের দাবি করলেও কিয়েভ বলেছে, ওই অঞ্চলের কিছু এলাকায় এখনো তাদের নিয়ন্ত্রণ রয়েছে।
ক্রেমলিনের সহকারী ও আলোচক ইউরি উশাকভের দাবি, উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে ‘দৃশ্যমান অগ্রগতি’ অর্জন করছে এবং শিগগিরই তাদের লক্ষ্য পূরণ হবে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।
পুতিন এর আগে ১৪ বার ইউক্রেনের দুই অঞ্চল পুরোপুরি দখলের সময়সীমা নির্ধারণ করেছিলেন বলে আইএসডব্লিউ জানিয়েছে। সেসব সময়সীমা পার হয়ে গেলেও লক্ষ্য অর্জিত হয়নি। এবার বছরের শেষ নাগাদ বাকি ভূখণ্ড দখলের প্রত্যাশা করা হচ্ছে।
হামলার আশঙ্কায় বাড়ছে বেসামরিকদের দুর্ভোগ।
ইউক্রেন-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের প্রশাসনের তথ্য অনুযায়ী, এখনো প্রায় ৯৩ হাজার মানুষ সেখানে বসবাস করছেন। তাদের মধ্যে ৪ হাজার ৮০০-এর বেশি শিশু। তবে দিন দিন তাদের জীবন কঠিন হয়ে উঠছে। ফ্রন্টলাইন এলাকার গ্রামগুলো থেকে বেসামরিকদের সরিয়ে নেয়ার কাজে নিয়োজিত ‘হোয়াইট অ্যাঞ্জেলস’ পুলিশের কর্মকর্তা হেন্নাদি ইউদিন বলেন, দোব্রোপিলিয়া ও আশপাশের গ্রামগুলোতে এখন গাড়ি নিয়ে পৌঁছানো প্রায় অসম্ভব।
তাঁর ভাষ্য, সেনারা পায়ে হেঁটে মানুষকে সরিয়ে আনছেন। এরপর পুলিশের সদস্যরা দোব্রোপিলিয়া থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের নিয়ে আসছেন। পুরো এলাকাটি মাইন পাতা এবং সেখানে ড্রোনের সংখ্যা অত্যন্ত বেশি। ক্রামাতোরস্কেও এখনো অনেক বেসামরিক মানুষ বসবাস করছেন। তবে পরিস্থিতি আরও খারাপ হলে তাদের অনেকেই শহর ছাড়তে বাধ্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শহরটি দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলীয় ফ্রন্টে থাকা ইউক্রেনীয় সেনাদের জন্য গুরুত্বপূর্ণ পেছনের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ক্লান্ত সেনারা সেখানে ফিরে কয়েক দিনের বিশ্রাম নিয়ে আবার যুদ্ধে ফিরতেন। কিন্তু রুশ হামলা তীব্র হওয়ায় সেই সুযোগও এখন সীমিত হয়ে পড়েছে।
রিবাকোভা বলেন, ক্রামাতোরস্কে প্রতিদিন গোলাবর্ষণ হচ্ছে। গাইডেড বোমা ও বড় ধরনের হামলা চালানো হচ্ছে। সম্প্রতি তিনি যে বাড়িতে থাকতেন, সেটিও রুশ বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে।
বিশ্লেষক জেনি ওলমস্টেডের মতে, রুশ বাহিনী এখন মূলত ভবিষ্যৎ আক্রমণের জন্য যুদ্ধক্ষেত্র প্রস্তুত করছে। তিনি বলেন, ইউক্রেনের সামরিক সরবরাহব্যবস্থা ও প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া। একই সঙ্গে সামনের অবস্থানে এবং শহরগুলোতে ইউক্রেনীয় বাহিনীর কাছে রসদ পৌঁছানো কঠিন করে তুলছে মস্কো। সূত্র: সিএনএন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দর্শকদের আগ্রহ ও ভালোবাসার ফলে বৈশাখী টেলিভিশনে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ জনপ্রিয়তা অর্জন করেছে। নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে সম্প্রচারিত হচ্ছে।
টিপু আলম মিলনের রচনায় এবং আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এটি প্রযোজনা করেছে ‘মিড এন্টারপ্রাইজ’। নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, সাইকা আহমেদসহ আরও অনেকে। নতুনভাবে যুক্ত হয়েছেন অহনা রহমান, মৌসুমী হামিদ ও নীলা ইসলামসহ একঝাঁক তারকা।
নাটকের কাহিনীতে দেখা যায়, গ্রামের সহজ-সরল ছেলে হাবু বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ায় পড়তে যায়। সেখানে সে নিজের মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করে। পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পেলেও, দেশের জন্য নিজের মেধা কাজে লাগাতে হাবু দেশে ফিরে আসে।
বৈশাখী টেলিভিশনের বৃহস্পতিবারের আয়োজন গান, নাটক, সিনেমা, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ও সংবাদ নিয়ে সাজানো হয়েছে। সকালে কণ্ঠশিল্পী বাদশা বুলবুলের গান প্রচারিত হবে।
সকাল ১০টায় ‘হুমকির মুখে’ নাটকটি সম্প্রচারিত হবে, যেখানে অভিনয় করেছেন শাকিব খান, একা, ময়ূরী ও মিজু আহমেদ। দুপুর ২টা ৩০ মিনিটে ‘আত্মত্যাগ’ নাটকটি দেখানো হবে, এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী ও অমিত হাসান।
রাত ৯টা ২০ মিনিটে ‘ভিলেজ সোসাইটি’ নাটকটি সম্প্রচারিত হবে। প্রত্যয় হাসানের রচনায় এবং হোসাইন ইমরানের পরিচালনায় নাটকটিতে মধুপুর গ্রামের অদ্ভুত ও সরল কিছু মানুষের জীবন, সম্পর্ক, দ্বন্দ্ব এবং গ্রাম্য রাজনীতির নানা ঘটনা তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা সহ আরও অনেকে।
এছাড়া, সকাল থেকে রাত পর্যন্ত ‘জন্মভূমি’, ‘বৈশাখী হেলথ’, ‘গৃহযুদ্ধ’, ‘রসামিয়া’, ‘চাপাবাজ’, ‘মুসা’ ও ‘সাইরেন মানিক’সহ বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : গাজীপুর জেলাকে শব্দদূষণ মুক্ত রাখার লক্ষ্যে মোটরসাইকেল চালক, বাইকার, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রাশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা মোটরসাইকেলে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ করা, উচ্চ শব্দের সাইলেন্সার পরিহার এবং সড়কে দায়িত্বশীলতার সাথে যানবাহন চালানোর ওপর জোর দেন। একই সাথে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ বাইকার ও চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), এবিসি জেনারেল শাহরিয়ার নজির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান ও জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শব্দদূষণ কেবল মানসিক বিরক্তির কারণ নয়, এটি মানবদেহে দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই সড়কে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে আইন মানার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। জেলাকে শব্দদূষণ মুক্ত রাখতে প্রশাসন, পুলিশ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তারা।
মতবিনিময় সভা শেষে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সচেতনতামূলক ‘সাইলেন্ট র্যালি’ বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং বাইকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যকর হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিবাহ সনদ এবং বিবাহ সংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি প্রতিরোধ করা সহজ হবে। জনগণ দ্রুত বিবাহ ও তালাকের তথ্য যাচাই করতে পারবেন এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগও থাকবে।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প এবং ব্র্যাকের মধ্যে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। আমাদের সামনে যদি কোনো ইনোভেটিভ আইডিয়া আসে, সেটাকে আমরা গ্রহণ করে জনকল্যাণের দিকে এগিয়ে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’
তিনি উল্লেখ করেন যে, ব্র্যাক দীর্ঘ সময় ধরে দেশের তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার নিয়ে কাজ করে আসছে। তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পাইলট উপজেলাগুলো হলো—কালীগঞ্জ (গাজীপুর), টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ঝিনাইগাতী (শেরপুর), সদর (কুড়িগ্রাম), সুন্দরগঞ্জ (গাইবান্ধা), সদর (নড়াইল), কসবা (ব্রাহ্মণবাড়িয়া), সদর (সিলেট), চকরিয়া (কক্সবাজার) ও সদর (কিশোরগঞ্জ)।
প্রকল্পের আওতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ডাটাবেজের সঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে বয়স ও পরিচয় যাচাই করা হবে। এর ফলে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি গোপন বিবাহ, বহুবিবাহ এবং জালিয়াতি শনাক্ত ও প্রতিরোধ করা সহজ হবে। বিবাহ ও তালাকের তথ্য রিয়েল-টাইমে সংরক্ষণ এবং দ্রুত ডিজিটাল সনদ প্রদানের ব্যবস্থাও থাকবে।
প্রকল্পের আওতায় অনলাইন বিবাহ নিবন্ধন সফটওয়্যার উন্নয়নের কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। ন্যাশনাল ডাটা সেন্টার থেকে ক্লাউড সার্ভার বরাদ্দ নেওয়া হয়েছে এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ও এনআইডি ডাটাবেজের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করা হয়েছে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ও বায়োমেট্রিক ডিভাইসও পরীক্ষামূলকভাবে সংযুক্ত করা হয়েছে।
আইনমন্ত্রী জানান, পাইলট প্রকল্প বাস্তবায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয় হবে। চুক্তির মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশি পণ্য ও সেবা আমদানি বৃদ্ধির জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার জন্য কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে এগিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে।
বুধবার, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, কনস্যুলার বিষয় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতার বিষয়ও উঠে আসে।
দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য ও সেবা আমদানি বৃদ্ধির আহ্বান জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, "বাণিজ্য সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করতে বাংলাদেশ সিইপিএর দিকে এগিয়ে যেতে প্রস্তুত।"
বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এটি পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের রফতানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে, বাংলাদেশের ওষুধসহ বিভিন্ন পণ্য ইন্দোনেশিয়ায় রফতানি বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
হুমায়ুন কবির প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত লিস্টিওয়াতি এ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উত্তম চর্চা ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
এছাড়া, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের উদ্যোগে ইন্দোনেশিয়ার সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাষ্ট্রদূত বাংলাদেশের এসব উদ্যোগে অব্যাহত সমর্থনের কথা জানান।
বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ