ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে বিজিবির পোশাক ও দেশি অস্ত্রসহ যুবক আটক


যশোরে বিজিবির পোশাক ও দেশি অস্ত্রসহ যুবক আটক

ডাকাতির অভিযোগে উজ্জ্বল (৩৫) নামের একজন যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আটকে আছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার রাতে শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উজ্জ্বল বেনাপোল পোর্ট থানা এলাকার গোগা গ্রামের আবুল কাশেমের পুত্র।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ষষ্টিতলা এলাকার ওই তিনতলা ভবনে অভিযান চালায়। তখন অভিযুক্তের ফ্ল্যাট তল্লাশি করে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর পোশাক পরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও রাস্তায় ডাকাতি করে আসছিলেন বলে একাধিক অভিযোগ রয়েছে।

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, উজ্জ্বলের বিরুদ্ধে এর আগে যশোরের বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

হাইকোর্ট প্রবাসীদের নতুন পাসপোর্ট অথবা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছে। রবিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে।

গণমাধ্যমে খবর প্রকাশিত হলে, যেখানে অভিযোগ করা হয়েছিল যে, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদনের নিষ্পত্তি দীর্ঘদিন ধরে করা হচ্ছে না, তখন জনস্বার্থে এইচআরপিবির পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়।

শুনানির পর আদালত আদেশ প্রদান করেছে যে, ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের পেন্ডিং আবেদন নিষ্পত্তি করা হবে এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে, আইনজীবী মনজিল মোরসেদ এ তথ্য জানান।

এছাড়া প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা বেআইনি ঘোষণা কেন করা হবে না, এবং প্রবাসীদের পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না, এই বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।

এইচআরপিবির পক্ষে রিট পিটিশনার হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

বিবাদীদের মধ্যে রয়েছেন কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন সচিব এবং পাসপোর্ট অফিসের ডিজিসহ মোট ১৪ জন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালতের এক অন্তর্বর্তীকালীন আদেশে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রবাসীদের যে সকল নবায়নের আবেদন পেন্ডিং রয়েছে, তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এছাড়া আদালত অপর একটি আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে একটি চিঠি ইস্যু করে দেশে বিভিন্ন হাইকমিশন ও এম্বাসিকে প্রবাসীদের দাখিল করা নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই যোদ্ধা ও এনসিপি কি এক সুতোয় গাঁথা! বিভাজনের অভিযোগ কেন?

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


জুলাই যোদ্ধা ও এনসিপি কি এক সুতোয় গাঁথা! বিভাজনের অভিযোগ কেন?

২০২৪ সালের জুলাই গণআন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। এ আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয়েছিল এবং এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে কর্তৃত্ববাদী শাসন, বিরোধী মত দমন, নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। দীর্ঘ আন্দোলন, সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার অনুঘটক হিসেবে সরকারের পতন ঘটে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এই আন্দোলনের ধারাবাহিকতায় আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রতিষ্ঠাতারা জানান, জুলাই আন্দোলনের রাষ্ট্র সংস্কার, জবাবদিহিতা, বৈষম্যহীন বাংলাদেশ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এনসিপির জন্ম হয়। দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী দায়িত্ব গ্রহণ করেন। জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী একাধিক ছাত্রনেতা ও বিভিন্ন পেশাজীবীও দলটির সঙ্গে সম্পৃক্ত হন।

এনসিপি প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। রাষ্ট্র সংস্কারপন্থী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সমন্বয় এবং নির্বাচনকে কার্যকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্য সামনে রেখে দলটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটে যোগ দেয় বলেছে দলটির নেতারা। জোটগত সমঝোতার ভিত্তিতে এনসিপি বিভিন্ন আসনে নির্বাচন করে এবং ৬টি আসনে বিজয় অর্জন করে, যা নতুন রাজনৈতিক দল হিসেবে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে গণ্য হয়।

এনসিপির সমর্থকদের দাবি অনুযায়ী, জুলাই আন্দোলনের সামনের সারির বহু সমন্বয়ক, ছাত্রনেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আন্দোলনকারী বর্তমানে এনসিপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আছেন। তাদের মতে, জুলাই আন্দোলনের রাজনৈতিক রূপই এনসিপি। ফলে জুলাই যোদ্ধা ও এনসিপিকে আলাদা করে দেখার সুযোগ নেই। তারা অভিযোগ করেন যে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী মহলের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই আন্দোলনের কর্মী এবং এনসিপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে অপপ্রচার চালাচ্ছে, যাতে আন্দোলনের রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে।

অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলন ছিল একটি সর্বস্তরের গণআন্দোলন। সেখানে নানা মতাদর্শের মানুষ অংশ নিয়েছিলেন। তাই আন্দোলনের উত্তরাধিকারকে কোনো একক রাজনৈতিক দলের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত করে দেখার সুযোগ নেই। তাদের মতে, আন্দোলনের চেতনা জাতীয় সম্পদ এবং সেটি সব গণতান্ত্রিক শক্তির জন্য প্রযোজ্য।

বিশ্ব রাজনীতিতেও গণআন্দোলনের পর নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশের একাধিক দৃষ্টান্ত রয়েছে। ভারতে ২০১১ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর ২০১২ সালে অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া ও সঞ্জয় সিংয়ের নেতৃত্বে আম আদমি পার্টি (AAP) গঠিত হয় এবং অল্প সময়ের মধ্যেই দিল্লিতে সরকার গঠন করে। পোল্যান্ডে ১৯৮০ সালের সলিডারিটি আন্দোলন কমিউনিস্ট শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ আফ্রিকায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বর্ণবাদী শাসনের অবসান ঘটিয়ে ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে সরকার গঠন করে। তিউনিসিয়ার ২০১০-১১ সালের জেসমিন বিপ্লবও নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করে এবং পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের পথ প্রশস্ত করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইতিহাসে গণআন্দোলনের পর আন্দোলনের নেতৃত্বদানকারী অংশের রাজনৈতিক দল গঠন অস্বাভাবিক নয়। তবে সেই দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সমালোচনা ও জনসমর্থনের পরীক্ষার মধ্য দিয়েই টিকে থাকতে হয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জুলাই আন্দোলন, এনসিপির ভূমিকা এবং আন্দোলনের উত্তরাধিকার নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও একটি বিষয় স্পষ্ট—জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী বহু ব্যক্তি বর্তমানে এনসিপির নেতৃত্ব ও সংগঠনের সঙ্গে যুক্ত। তবে আন্দোলনের সকল অংশগ্রহণকারী যে এনসিপির সঙ্গে একমত বা সম্পৃক্ত, এমন দাবি সর্বজনস্বীকৃত নয়; এ বিষয়ে ভিন্ন রাজনৈতিক মত ও বিশ্লেষণও বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


ঈশ্বরদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক আটক

পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মাসুদ রানা মদন (৫০) নামক এক অটোভ্যানচালককে গ্রেপ্তার করেছে।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

যিনি গ্রেপ্তার হয়েছেন, মাসুদ রানা মদন পেশায় (৫০) বহরপুর কান্দিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি অটোচালক হিসেবে কাজ করেন। ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের মামা তিনি। তাদের বাড়ি পাশাপাশি অবস্থিত। এছাড়া, শিশুটি অভিযুক্তের মেয়ের কাছে প্রাইভেট পড়তো।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে শিশুটিকে চকলেটসহ নানা ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিশটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

শিশুটি রক্তাক্ত অবস্থায় বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর সেদিন রাতেই অভিযান চালিয়ে মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ সাতক্ষীরায় সিএইচসিপি আল আমিনকে ঘিরে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


‎  সাতক্ষীরায় সিএইচসিপি আল আমিনকে ঘিরে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

সাতক্ষীরার পাটকেলঘাটা ও আশপাশের অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আল আমিনকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে উঠে এসেছে। চাকরির প্রলোভনে প্রতারণা, ভুয়া নিয়োগপত্র তৈরি, অবৈধ সম্পদ অর্জন এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আল আমিন প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, তবে সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী মুখ খোলায় অভিযোগগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে।

চাকরির প্রলোভনে কোটি টাকা প্রতারণার অভিযোগের মধ্যে রয়েছে, বিগত রাজনৈতিক পটপরিবর্তনের আগে আল আমিন স্থানীয় প্রভাবের মাধ্যমে অসংখ্য বেকার যুবক-যুবতীকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস দেন। চিকিৎসা খাতের নানা প্রতিষ্ঠান, বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র তৈরি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, প্রত্যেকের কাছ থেকে কয়েক লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

লাবসা বাইপাসে আল আমিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। মামুন নামে এক যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২০ লাখ টাকা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে চাকরি না দিলে ওই যুবকের পরিবারে চরম অশান্তি দেখা দেয়।

শোনা যাচ্ছে যে, মামুনের সঙ্গে আল আমিনের স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। মামুনের আল আমিনের স্ত্রীর সঙ্গে বিয়ের ঘটনা ঘটলেও সেই সংসার স্থায়ী হয়নি। তালাকের পরও তাদের মধ্যে সম্পর্ক অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের দাবি। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাটকেলঘাটার জুজখোলা কমিউনিটি ক্লিনিকে কর্মরত আল আমিনের বিরুদ্ধে দ্রুত অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ এসেছে। স্থানীয়দের ভাষ্য, চাকরির নামে প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থে অল্প সময়েই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

অভিযোগ রয়েছে যে, আল আমিনের জমি-জমা ও স্ত্রীর নামে অন্তত দুটি বহুতল ভবন—একটি চারতলা এবং অন্যটি দুইতলা—নির্মাণ করা হয়েছে। এসব সম্পদের উৎস নিয়েও স্থানীয়দের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।

এছাড়াও অভিযোগ রয়েছে যে, আল আমিন কখনো জেলা পর্যায়ে সিএইচসিপি সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পালন করতেন। ওই পদ ও সাংগঠনিক প্রভাব কাজে লাগিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আল আমিনের স্ত্রীর সরকারি চাকরি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। একটি সূত্রের দাবি, তার স্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ওয়্যারলেস অপারেটর পদে যোগদান করেন। সরকার দলীয় তৎকালীন এক সংসদ সদস্যের ডিও লেটার ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া, তার জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকজন স্থানীয়। অভিযোগ করা হয়েছে যে, নিয়োগের সময় বয়সসীমার সঙ্গে সামঞ্জস্য রাখতে নির্বাচন কমিশন থেকে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়েছিল। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, দুই সন্তানের মা হয়েও কীভাবে সে এত গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ পেয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছিল কি না তা খতিয়ে দেখা উচিত।

একের পর এক অভিযোগ সামনে আসায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও এসেছে তাদের পক্ষ থেকে।

সচেতন মহলের অভিমত, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের আস্থার সংকট আরও বড় হতে পারে।

অভিযোগগুলোর বিষয়ে আল আমিনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%