বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৩ পি.এম
রাজউক অভিযান চালিয়েছে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় অবস্থিত ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’তে, যেখানে আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগ রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে প্রকল্পটির সাইট অফিস, ড্রেজারের পাইপ এবং বিভিন্ন সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। তিনি জানান, প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন ছাড়াই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে প্লট বিক্রি করে আসছিল। অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায় অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটির দেখভালের দায়িত্বে ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল। তবে অভিযানের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ লাভ করেছেন।
এ তথ্য বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোর্শেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশাধীন ছিলেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মো. সাইফুল ইসলাম জয় বর্তমানে ইয়োফাসের সেক্রেটারি এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রূপগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হজ-২০২৭-এর নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
এই বিষয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো সার্কুলারে হজ-২০২৭-এর নিবন্ধনসংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার ৯ সেপ্টেম্বর তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্মারকটি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে সার্কুলার পত্রের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হজ নিবন্ধনের ক্ষেত্রে ব্যাংকগুলোর ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। হজযাত্রীদের নিবন্ধনসংক্রান্ত আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
হজ নিবন্ধন ও সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমে ব্যাংকিং চ্যানেলের গুরুত্ব থাকায় বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়ায় অর্থ পরিশোধসহ ব্যাংক-সংশ্লিষ্ট কার্যক্রমে যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের জারি করা এই সার্কুলার পত্রে হজ-২০২৭ নিবন্ধনের নির্দিষ্ট সময়সূচি, নিবন্ধন ফি বা হজযাত্রীপ্রতি নির্ধারিত অর্থের বিস্তারিত উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও নির্দেশনাই মূল ভিত্তি হিসেবে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের মূল উদ্দেশ্য হলো ওই সরকারি নির্দেশনা অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কাছে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।
ফলে হজ-২০২৭ নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গ্রাহক ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিবন্ধনসংক্রান্ত সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার ষড়যন্ত্রের ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ- এমন অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন উত্থাপন করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে মাধ্যমে এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ উল্লেখ করেন, ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রের পুনর্গঠনে কোনো মনোযোগ দেখা যাচ্ছে না। বরং বিরোধী দল আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করতে নানামুখী হঠকারী কর্মসূচি গ্রহণ করছে।
তিনি জানান, তথ্য অনুযায়ী, বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্রের ছক কষছে। যেহেতু আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তাই তারা সাধারণ বেশে বিরোধী দলের লংমার্চে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা ঘটানোর পায়তারা করছে।
রাশেদ বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিমি। এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করলেও পূর্ণ নিরাপত্তা প্রদান করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তা করতেই হবে। এমনকি আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসাতে হতে পারে। কারণ আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালে, সেটির দায় বর্তমান বিরোধী দল বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা করবে। যেমনটি শহীদ ওসমান হাদির হত্যার সময় ঘটেছিল, যদিও সেসময় বিএনপি ক্ষমতায় ছিল না।
পোস্টের শেষে রাশেদ বলেন, সবমিলিয়ে, বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মত নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি গ্রহণ করুন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসান ও এসআই মোঃ শাকিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের Hero HF Deluxe 100cc মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বসতবাড়ি থেকে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Discover 125cc এবং লাল রঙের Hero HF Deluxe 100cc মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মোঃ আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের মোঃ সোহেল রানা (২৩) ও মোঃ আসিফ (২২), তারাপুর মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের মোঃ ইমন রেজা (২৬) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মোঃ আশিক (২২)।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত আরও দুই আসামি—শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫)—পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ