বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৭:২২ পি.এম
পঞ্চগড়, ২৭ আগস্ট, ২০২৬ : জেলার আটোয়ারী উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে রোহান নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া এলাকায় নাগর নদীতে এ ঘটনা ঘটে।
মৃত রাহান উপজেলার সুখাতি গ্রামের রমজান আলীর ছেলে। তার নানার বাড়ি উপজেলার বালাপাড়া গ্রামে। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু মায়ের সঙ্গে নানা বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে যায় রোহান। বৃহস্পতিবার সকালে নানা বাড়ির এলাকার কয়েকজন শিশুর সঙ্গে নাগর নদীতে গোসলে নেমে নদীতে ডুবে যায় রোহান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাসসকে শিশু রোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে এফবিসিসিআই।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক এ গুরুত্বারোপ করেছেন বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম ও খুলনায় শিল্প স্থাপনের আহ্বান জানান। বাংলাদেশে চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় এফবিসিসিআই’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
মো. ফজলুল হক বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এফবিসিসিআই, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চীনা দূতাবাস আন্তরিকতার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।
তিনি বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), ফল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং পর্যটন খাতে চীনা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ চীনে প্রায় ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে চীন থেকে প্রায় ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে। ফলে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র প্রশাসক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চর বড়ফা গ্রামের মৃত শামসু খার ছেলে এনায়েত খা (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খা (১২)। মেহেদী স্থানীয় একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এনায়েত খা ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম সিরাজুল ইসলাম পিতা-পুত্র দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের জোড়া হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।
টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলকে। এতে ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট আছে ভিক্টোরিয়া সিএ একাদশেরও। রান রেটে এগিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি একাদশ। রানের খাতা না খুলেই ইনিংসের তৃতীয় বলে আউট হন ওপেনার জিশান আলম। আগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন জিশান।
দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ও আরিফুল। জুটিতে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান অবদান রেখে সাজঘরে ফিরেন সোহান।
চার নম্বরে নেমে ৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক ইরফান শুক্কুর। এতে ৫১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আরিফুল ও সাব্বির। ৫৩ বল খেলে ৯০ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৭১ রানে আউট হন আরিফুল।
ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানের বড় পুঁজি এনে দেন সাব্বির। ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে অনবদ্য ৬২ রান করেন তিনি।
নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাথু ফিশার ২ উইকেট নেন।
১৮২ রান তাড়া করতে নেমে ১২ ওভারে ২ উইকেটে ১১৪ রান তুলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড ‘এ’। তবে দলীয় ১১৪ রানে তৃতীয় উইকেট পতনের পর পথ হারায় তারা। ৪৪ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ম্যাক্স চু। এছাড়া ম্যাথু বোয়েল ৩১ ও কাটেনি ক্লার্ক ২৪ রান করেন।
পেসার রিপন মন্ডল ২৭ রানে এবং স্পিনার রাকিবুল হাসান ২৩ রানে ৩টি করে উইকেট নেন। পাশাপাশি মোহাম্মদ রুবেল ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা ও সুপারিশ প্রদানের জন্য ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর ও ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
কমিটির কার্যপরিধিতে জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা করা, বিভিন্ন জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান ও এ-সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে সুপারিশ করা, নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই করে সুপারিশ দেওয়া এবং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জারি করা জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটি গঠনসংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ