০৪:৪৬ এম
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রোহিত চন্দেলকে গ্রেফতার করা হয়েছে।
১৬ বছর বয়সী এক কিশোরীকে নিয়মিত পিছু নেওয়া, অশালীন আচরণ ও শারীরিক নিগ্রহের অভিযোগে এই গ্রেফতার। ২৯ বছরের রোহিতকে শুক্রবার মুম্বাইয়ের দহিসর এলাকার নিজ বাসভবন থেকে পন্ত নগর থানার পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাকে বিশেষ পকসো আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। টেলিভিশন ও ওয়েব সিরিজের পরিচিত মুখ রোহিতের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ বিনোদনজগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আরও পড়ুন: রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিমান
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, নির্যাতিত কিশোরীর সঙ্গে অভিনেতার অগ্রিম পরিচয় ছিল। তবে কিছুদিন ধরে রোহিত বিভিন্ন অজানা নম্বর থেকে ওই কিশোরীকে ফোন করে উত্ত্যক্ত করছিলেন। অভিযোগ রয়েছে, গত ৫ জুলাই কিশোরী তার আবাসনের কাছে পৌঁছালে অভিনেতা তার পথ আটকান ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কিশোরী প্রতিবাদ করলে রোহিত তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এরপরেই ভুক্তভোগীর পরিবার পন্ত নগর থানায় অভিযোগ দায়ের করে।
মুম্বাই পুলিশ অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে শিশুদের সুরক্ষা আইন বা পকসো আইনের অত্যন্ত কঠোর ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির অধীনে ‘স্টকিং’ বা পিছু নেওয়া এবং স্বেচ্ছায় শারীরিক আঘাত করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
১৯৯৫ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী রোহিত চন্দেল টেলি পর্দায় পরিচিত নাম। প্রায় ৯০টি অডিশনে ব্যর্থ হওয়ার পর বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা ‘পাণ্ডিয়া স্টোর’, ‘সৈরাব’ এবং ‘কাশীবাই বাজিরাও বল্লাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া ‘এসকেপ লাইভ’ ও ‘চন্দ্রগুপ্ত মৌর্য’-এর মতো সিরিজেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।
অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছা এই অভিনেতার অন্ধকার দিক প্রকাশ্যে আসায় সহকর্মী ও অনুরাগীদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রে বি-২ ধাপের ফিজিক্স টেস্ট সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন