ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার


খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার

খুলনায় চাঞ্চল্যকর কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি, ভুক্তভোগীর বাবা আলিম হোসেন ওরফে আকাশকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায় আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৬ জানায়, গ্রেফতার আলিম হোসেন আকাশ খুলনা সদর থানাধীন মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা। তিনি চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি।

আরও পড়ুন: বগুড়ার কারাগারে নিষিদ্ধ যুবলীগ নেতার হৃদরোগে মৃত্যু

মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আলিম হোসেন আকাশকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চাপের মুখে পড়ায় ইরানের কট্টরপন্থিদের ‘অভ্যুত্থানের’ হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চাপের মুখে পড়ায় ইরানের কট্টরপন্থিদের ‘অভ্যুত্থানের’ হুঁশিয়ারি

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা স্মারক সই হলেও সম্প্রতি কয়েকদিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় যুদ্ধবিরতি চাপের মুখে এসে দাঁড়িয়েছে। এতে বিষয়টিকে ভালোভাবে দেখছে না ইরানের কট্টরপন্থিরা। তারা বর্তমান শাসনব্যবস্থা নিয়ে শীর্ষ কূটনীতিকদের বিরুদ্ধে ‘অভ্যুত্থানের’ অভিযোগ এনেছেন।

গত সপ্তাহে তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির কফিনের পাশ দিয়ে যাওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চারপাশে থাকা কালো পোশাক পরিহিত শোকাহতদের মধ্যে কয়েকজন প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নয়, বরং সরাসরি তাকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন – ‘আপোষকারীর মৃত্যু হোক।’

সেই ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে নয়, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি, যিনি ট্রাম্প প্রশাসনের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছিলেন এবং ইসলামী প্রজাতন্ত্রের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে ভূমিকা রেখেছিলেন, তাকে ‘বিশ্বাসঘাতক দালাল’ আখ্যা দিয়ে মৃত্যু-ধ্বনি করতে করতে একদল উন্মত্ত জনতা পাথর ছুঁড়ে মারলে তিনি অন্ত্যেষ্টিক্রিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন শীর্ষ কর্মকর্তাদের প্রতি যে বৈরী আচরণ দেখা গেছে, তাতে এই ইঙ্গিত পাওয়া যায়, যা গত কয়েক মাস ধরে ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে জনপ্রিয়তা লাভ করছে: আর তা হলো, ইরানের যুদ্ধকালীন নেতারা, যারা ওয়াশিংটনের সাথে আলোচনা করে চুক্তিটি স্বাক্ষর করেছিলেন, তারা ইসলামী প্রজাতন্ত্র এবং এর বিপ্লবী আদর্শের বিরুদ্ধে একটি নরম ‘অভ্যুত্থান’ ঘটাচ্ছেন, আর নতুন সর্বোচ্চ নেতা নিজের জীবনের ভয়ে—অথবা, যেমনটা কেউ কেউ বলছেন, তিনি অক্ষম বলে—প্রায় অদৃশ্য হয়ে আছেন।

অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত কট্টরপন্থি দলগুলো মনে করে যে, খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার পরিবর্তে, ইরানি কর্মকর্তারা প্রয়াত নেতার পুত্র ও উত্তরাধিকারী, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির আদেশ অমান্য করে একটি চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। কিন্তু খামেনি জনসমক্ষে আড়ালে রয়েছেন; তিনি সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন না বা দৃশ্যত নিজের কর্তৃত্ব জাহির করছেন না, যদিও কর্মকর্তারা তার নামেই আলোচনা বা শাসনকার্য পরিচালনা করছেন।

কট্টরপন্থিরা ইরানের দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যারা খামেনি আত্মগোপনে থাকায় দেশ পরিচালনা ও প্রতিনিধিত্ব করছেন—সংসদ স্থগিত করে কিংবা আলোচনায় তার আদেশ অমান্য করে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কট্টরপন্থিরা।

‘ইরানের জনগণের প্রতি সতর্কবার্তা: অভ্যুত্থান কি আসন্ন?’ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েক দিন আগে এই প্রশ্নটি করেছিলেন স্পষ্টভাষী র‌্যাডিক্যাল আইনপ্রণেতা মাহমুদ নাভাবিয়ান।

এদিকে, মোজতবার অনুপস্থিতিতে, প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ, পেজেশকিয়ান এবং আরাঘচি যুদ্ধ-পরবর্তী ইরানের দায়িত্বে থাকা সবচেয়ে দৃশ্যমান মুখ হয়ে উঠেছেন। নতুন সর্বোচ্চ নেতার কাছে প্রবেশাধিকার না থাকায়, তাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট কট্টরপন্থিরা উল্টো তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে, সিএনএন-কে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরান বিশেষজ্ঞ এবং ‘হোয়াট ইরানিয়ানস ওয়ান্ট’ বইয়ের লেখক আরাশ আজিজি।

আজিজি বলেন, ‘মোজতবার ক্রমাগত অনুপস্থিতির অর্থ হলো, তারা তার কাছে পৌঁছাতে পারছে না এবং এর ফলে গালিবফ ও তার মিত্ররা কার্যত দেশের দায়িত্বে রয়েছে… তাই চরমপন্থিরা গালিবফ এবং পেজেশকিয়ানের বিরুদ্ধে মোজতবার বিরুদ্ধে ‘অভ্যুত্থানের’ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।’

গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ইসরাইলি বিমান হামলায় নিহত খামেনির সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়াটি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে কট্টরপন্থি সমর্থকদের জন্য একটি শক্তিশালী প্রদর্শনীতে পরিণত হয়। তারা এই উপলক্ষটিকে ওয়াশিংটনের সাথে নতুন করে যুদ্ধের মাধ্যমে তাদের নেতার হত্যার প্রতিশোধ নেয়ার দাবি জানান এবং ট্রাম্পের সাথে যেকোনো ধরনের চুক্তি প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের জন্য ইয়ামাল শতভাগ ফিট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ফাইনালের জন্য ইয়ামাল শতভাগ ফিট

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনার বিপক্ষে দলের সেরা তারকা লামিন ইয়ামাল শতভাগ ফিট বলে জানিয়েছেন স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুকা দিনিয়ের সাথে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যাথা পান ইয়ামাল। তবে ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন তিনি। কিন্তু ফাইনালের আগে ইয়ামাল দলের সাথে অনুশীলন করেননি। এর ফলে ইয়ামালের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু ডি লা ফুয়েন্তে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামলাকে নিয়ে স্পেন কোচ জানান, শিরোপা নির্ধারনী ম্যাচ খেলতে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত আছেন তারকা এই ফরোয়ার্ড।

ডি লা ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ২২ মিনিটে পেনাল্টির ঠিক আগে লুকার সাথে বল দখলের লড়াইয়ে পায়ে ব্যাথা পেয়েছিল ইয়ামাল। তখন থেকেই সে বেশ অস্বস্তিবোধ করছিল। তবুও পুরো ম্যাচ খেলেছে ইয়ামাল। ম্যাচ শেষে বিশ্রামে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম যে, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সবকিছুই ইতিবাচক রয়েছে।’

ডি লা ফুয়েন্তে জানান, ইয়ামাল দলের সাথে অনুশীলন করেছে। তিনি বলেন, ‘ফাইনালের দু’দিন আগে দলের সাথে অনুশীলন করেছে ইয়ামাল। আজ দলের সবাই একসাথে অনুশীলন করেছে। আগামীকাল আমাদের শেষ অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। শেষ অনুশীলন পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

এদিকে, পেশিতে টান লাগায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়েন রাইটব্যাক পেদ্রো পোরো। ইয়ামালের মত তিনিও দলের সাথে অনুশীলন করেননি। তবে ফাইনালের আগে পোরোও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে একবারের চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ২০১০ সালে প্রথম ফাইনালে উঠে শিরোপা জয় করেছিল স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মার্কিন হামলা

ইরান সমঝোতা থেকে পেছিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ইরান সমঝোতা থেকে পেছিয়ে গেল

ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) থেকে নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইরান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

গারিবাবাদি জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্র ইসলামাবাদের সমঝোতার কাঠামোর মধ্যে থাকা তাদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্থগিত করেছে। এ অবস্থায় তেহরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে।'

ইরান যে বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা, তা উল্লেখ করেছেন গারিবাবাদি।

এছাড়া তিনি জানান, এর আগে ইরানের কর্মকর্তারা একাধিক বার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদের সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন এবং আগ্রাসন অব্যাহত থাকলে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন।

এবারই প্রথম তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, তারা আর এই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে হামলা-পাল্টাহামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গোদাগাড়ী

বছর না ঘুরতেই ইকোপার্কের ওয়াকওয়ে ধসে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


বছর না ঘুরতেই ইকোপার্কের ওয়াকওয়ে ধসে পড়েছে

রাজশাহী গোদাগাড়ীতে সরমংলা ইকোপার্কের ওয়াকওয়ে ধসে পড়েছে। উদ্বোধনের পর বছর না ঘুরতেই গত মঙ্গলবার বৃষ্টিতে ধসে পড়েছিল সুরক্ষা দেয়ালসহ পার্কটির দৃষ্টিনন্দন ওয়াকওয়ে।

২০২৫ সালের ২৮ আগস্ট প্রকল্পটির ভেতর থাকা লেকের ওয়াকওয়ে উদ্বোধন করা হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের অধীনে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর ব্যবস্থাপনায় লেকে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হয়েছিল। কিন্তু টেকসই ও নিরাপদ সুরক্ষা দেয়াল না দিয়ে, নতুন মাটির ওপর জোড়াতালির কাঠামো নির্মাণ করায় সেটি ধসে পড়ে লেকের ভেতর চলে গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। যেকোনো মুহূর্তে পুরো কাঠামোটি খালের ভেতর বিলীন হয়ে যাবে বলে তাদের মনে আশঙ্কা রয়েছে।

জানা গেছে, ২০০৩ সালে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে ২৬ কিলোমিটার দীর্ঘ খাল খনন করে পাশে গড়ে তোলা হয়েছিল ঘন বনায়ন। পরে সেই স্থানেই গড়ে তোলা হয় সরমংলা ইকো পার্ক। আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ছায়ায় ঘেরা মনোরম পরিবেশের কারণে এটি পর্যটকদের কাছে ‘গ্রিন হাউস’ নামে পরিচিত হয়ে উঠেছে।

পার্কের মূল আকর্ষণ হলো সাসটেইনেবল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় পদ্মা নদী থেকে ৩ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ ভূ-গর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে লেকে পানি সঞ্চালন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দর্শনার্থীরা যেখানে লেকের পাড়ে বসে এই পানি আসার দৃশ্য ও ছায়াঘেরা পরিবেশ উপভোগ করতেন, সেখানে এখন শুধুই ধ্বংসের চিহ্ন দৃশ্যমান।

এ ব্যাপারে গোদাগাড়ী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, সৌন্দর্য বর্ধনের কাজে মূল প্রকল্পের কোনো বাজেট ছিল না। পাইপলাইনের কাজের সময় ঠিকাদারের মাধ্যমে আলাদাভাবে তারা এই কাজটি করিয়ে নিয়েছিলেন।

ওয়াকওয়ে ও সুরক্ষা দেয়াল ধসে পড়ার কারণ হিসেবে উপজেলা প্রকৌশলী দাবি করেন, ভারি বৃষ্টির কারণে এই ঘটনা ঘটেছে। তবে কাজে গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%