০১:৩৫ এম
ঢাকার কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করতেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে অবস্থিত সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের কন্যা।
পুলিশের তথ্য অনুযায়ী, ডিভোর্সের পর থেকে তিনি দুই মেয়ে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতেন। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এখানে থাকতেন। স্থানীয়দের দ্বারা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, খালি বাসায় কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন