০৩:৩৯ পি.এম
নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন যাত্রী।
মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার সময়ে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম নওসাদ (২৪)। তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর পুত্র।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান নামে একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথ চলার সময় বাসটি ঢাকা বাসস্ট্যান্ডের কাছাকাছি তুলশিগঙ্গা ব্রীজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়।
এই সংঘর্ষে অটোরিকশার সামনের অংশ পুরোপুরি দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নওসাদ নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা দুজন যাত্রীও গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।
এই ঘটনায় স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এর ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা পরে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন