০৮:১৬ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে স্কুল পর্যায়ের সনাতনী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের চণ্ডীবের এলাকায় ব্লু বার্ড স্কুলের মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার আয়োজন করে ভৈরব বন্ধুসভা। ফাইনালে মুখোমুখি হয় এমবিশন পাবলিক স্কুল ও ব্লু বার্ড স্কুল। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অভিশাপ নয়, আশীর্বাদ’ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরে দুই দলের বিতার্কিকেরা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রস্তাবনার বিপক্ষ দল ব্লু বার্ড স্কুল। বিজয়ী দলের দ্বিতীয় বক্তা মাটি বিনতে মাসুদ সেরা বক্তা নির্বাচিত হয়। ফাইনাল পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ। তিনি বিতর্ক পর্বটি পরিচালনাও করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে সহনশীলতা কমে যাচ্ছে। বাড়ছে যুক্তিহীন সংঘাত। বিনয় ও মানবিকতার চর্চাও কমছে। এসবই সমাজের জন্য উদ্বেগের বিষয়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও সহনশীলতা বাড়াতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিতর্ক শুধু সুন্দর শব্দ ও বাক্য দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করার প্রতিযোগিতা নয়। ভিন্নমতকে সম্মান করার মানসিকতা তৈরি হলেই বিতর্কচর্চা সার্থক হবে। বিতর্ক শিক্ষার্থীদের নেতৃত্ব ও যোগাযোগের দক্ষতা বাড়াতেও সহায়ক।
ভৈরব বন্ধুসভার পক্ষ থেকে জানানো হয়, নব্বইয়ের দশকে ভৈরবে বিতর্কচর্চার ভালো সময় ছিল। ২০০০ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। এরপর ধীরে ধীরে বিতর্কচর্চা কমতে থাকে। একপর্যায়ে তা প্রায় হারিয়ে যায়। তবে কয়েক বছর ধরে ভৈরবে আবার বিতর্কচর্চা বাড়ছে। এ ক্ষেত্রে ভূমিকা রাখছে ভৈরব বন্ধুসভা। সংগঠনটি ছয় বছর ধরে স্কুল ও কলেজ পর্যায়ে বড় পরিসরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এখন ভৈরবের বিভিন্ন বিদ্যালয়ে বিতর্ক ক্লাব গড়ে উঠেছে। বাংলার পাশাপাশি ইংরেজিতেও বিতর্ক হচ্ছে।
ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করেন বন্ধুসভা কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক, প্রশিক্ষণ সম্পাদক ফারহান সাকিব ও ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন্ধুসভা কেন্দ্রীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেলুর রহমান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহিন সিদ্দিকী, কাকলি খেলাঘর আসরের সাবেক সভাপতি সত্যজিৎ দাস ধ্রুব, নজরুল ইসলাম রিপন, ভৈরব বইমেলা পরিষদের উপদেষ্টা সাগর রহমান, সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, এমবিশন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ গুপ্ত, ব্লু বার্ড স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদা আমিন পলি, বিতর্ক প্রশিক্ষক সৈয়দ মারুফ আহমেদ সিয়াম, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা মো. আলাল উদ্দিন, নূর-ই-লাইলা, লুবনা হক, জনি আলম, প্রথম আলোর ভৈরব কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব সভাপতি ফারাবি আহমেদ অরিত্র, ভৈরব বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নয়ন আহমেদ অর্পণ, আজহারুল ইসলাম রিদম, বর্তমান সভাপতি জান্নাতুল মিশু ও সাধারণ সম্পাদক আনাস খান প্রমুখ।
ভৈরব উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিতর্কের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি স্কুল পর্যায়ে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ৩১ জন বিজয়ীকে ক্রেস্ট দেওয়া হয়
আরও পড়ুন: ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন