ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে তীব্র আক্রমন নেতানিয়াহুর


মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে তীব্র আক্রমন নেতানিয়াহুর

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু মামদানিকে ইহুদিবিদ্বেষী হিসেবে অভিহিত করেন এবং ইসরাইলের সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তোলেন।

এর আগে বিভিন্ন সময় মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু তাকে তীব্র আক্রমণ করেন।

নেতানিয়াহু ভাষণে বলেন, ‘সত্যকে বিকৃত করার জন্য আপনাকে ধিক্কার। আক্রান্ত ব্যক্তি ও আক্রমণকারীকে উলটোভাবে উপস্থাপন করায় আপনাকে ধিক্কার। সত্যের মুখে থুতু দেওয়ায় আপনাকে ধিক্কার জানাই।’

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সংকটে উদ্বেগ

তিনি আরও বলেন, ‘জনাব মামদানি, আপনি যখন থেকে এই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন, তখন থেকে অনেক ইহুদি নিউইয়র্কে নিজেদের নিরাপদ মনে করছেন না। তারা আমার সঙ্গে কথা বলেছেন। তারা আমাকে বলেছেন, আমরা যে শহরকে চিনতাম, এটি সেই শহর নয়। শহরটি খুব দ্রুত বদলে গেছে।’

মামদানির উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনি বারবার ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ করেছেন। জনাব মামদানি, আপনি আমাকে এখানে আসতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আপনি আমাকে চুপ করাতে চেয়েছেন। কিন্তু আপনি আমাকে চুপ করাতে পারবেন না।’

গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরাইলি গণহত্যা করেনি; বরং একটি গণহত্যা ঠেকিয়েছে।

ইসরাইল শুরু থেকেই গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা কেবল হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে এবং হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বক্তব্যে নেতানিয়াহু মেয়র মামদানিকে হামাসের ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: দিল্লিতে সিজেপির পতাকা মিছিল ঘিরে ২৫ হাজার নিরাপত্তাকর্মীর মোতায়েন

তবে জোহরান মামদানি হামাসকে সমর্থন করেন না। তিনি নিজে ইহুদিবিদ্বেষের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলের নীতি ও আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনাকে সম্পূর্ণ ভুলভাবে ইহুদিবিদ্বেষের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ৪৮ ঘণ্টায় ১৪ কর্মসূচিতে অংশ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ৪৮ ঘণ্টায় ১৪ কর্মসূচিতে অংশ নিলেন

‘দেশ ও জনগণের জন্য অবিরাম ছুটে চলা’—এই স্লোগানের আওতায় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন গত ৪৮ ঘণ্টায় ১৪টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে, অর্থাৎ ২২ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রতিমন্ত্রী। দুপুর ১২টা পর্যন্ত সেখানে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এদিন তিনি চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেন। এরপর তিনি মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া জামে মসজিদের উদ্বোধন করেন। পাশাপাশি ওই উপজেলায় তপ্ত মাস্টার পাড়া এলাকায় নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেন। এরপর খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, উন্নয়ন কার্যক্রম ইত্যাদি নিয়ে আয়োজিত বিশেষ সভা করেন প্রতিমন্ত্রী।

আরো পড়ুন

স্থানীয় সরকার বিভাগের জরুরি নির্দেশনা, সব উপজেলায় চিঠি

প্রতিমন্ত্রী খাগড়াছড়ি টাউন হলে শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়াসামগ্রী ও নারীদের হাতে সেলাইমেশিন বিতরণ করেন। খাগড়াছড়ি সদরের গিরিপুর এলাকায় ‘গিরিপুর শিশুসদন ছাত্রাবাস’ উদ্বোধন করেন। জেলার ২ নম্বর কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখ এলাকায় বেতছড়ি মুখ খালের ওপর গার্ডার ব্রিজ উদ্বোধন করেন। দীঘিনালার হাজাছড়া জোড়া ব্রিজ এলাকায় জোড়াব্রিজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মিত ‘কংলাক পাহাড়ে ওঠার নবনির্মিত সিঁড়ি উদ্বোধন করেন। সাজেকে সোলার প্রযুক্তির মাধ্যমে গৃহস্থালীতে পানি সরবরাহ ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধন করেন। সর্বশেষ, চট্টগ্রামের বায়োজিদ থানা এলাকায় পলাতক ও পরাজিতদের সম্মিলিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বায়োজিদ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিলে অংশগ্রহণ করেন।

এই ১৪টি কর্মসূচির মধ্যে বিভিন্ন পর্যায়ে সড়কপথে যাতায়াতের দূরত্ব বাড়তে বাড়তে শেষ কর্মসূচিতে মোট ৪৬০ কিলোমিটারে পৌঁছায়। গত ৪৮ ঘণ্টায় ১৪টি কর্মসূচি এবং ৪৬০ কিলোমিটার সড়কপথে যাতায়াতের মাধ্যমে ব্যস্ত সময় কাটান মীর হেলাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের বিখ্যাত স্টেডিয়াম নিলামে তোলা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ইউক্রেনের বিখ্যাত স্টেডিয়াম নিলামে তোলা হচ্ছে

নিপ্রো অ্যারেনা একসময় ইউক্রেনের ফুটবলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বর্তমানে সেই স্টেডিয়ামটি নিলামে উঠতে যাচ্ছে। এর সাথে ঐতিহাসিক ক্লাব এফসি নিপ্রোর অনুশীলন কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (প্রাইভেটব্যাংক) ৬ অক্টোবর স্টেডিয়াম এবং অনুশীলন কেন্দ্রের নিলাম আয়োজন করবে।

প্রাইভেটব্যাংক-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিলামের জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৭০ লাখ ১৪ হাজার হৃভনিয়া (ইউক্রেনীয় মুদ্রা), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ কোটি ৫৫ লাখ টাকার সমান। নিলামে অংশগ্রহণ করতে হলে জামানত হিসেবে দিতে হবে প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা।

নিপ্রো অ্যারেনার দর্শক ধারণক্ষমতা ৩১ হাজার। ২০০৮ সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে ২৯৬ আসনের ভিআইপি বক্স, ৫৫০ আসনের রেস্তোরাঁ এবং গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।

অনুশীলন কেন্দ্রটিতে চারটি প্রাকৃতিক ঘাসের মাঠ, তিনটি কৃত্রিম টার্ফের মাঠ, ৫০৬ দর্শক ধারণক্ষমতার ইনডোর মাঠ, আবাসিক ভবন, সুইমিং পুল, জিম এবং পুনর্বাসন কেন্দ্র রয়েছে।

২০১৫ সালে এফসি নিপ্রো ক্লাবটি উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিরুদ্ধে খেলেছিল, যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। তবে ক্লাবটি আর্থিক সংকটে পড়ে পেশাদার ফুটবল কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়।

অনেকে মনে করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এফসি নিপ্রো দেউলিয়া হয়ে গেছে। কিন্তু আসলে এমনটি হয়নি। ক্লাবটির মালিক ইগোর কলোময়েস্কির উদাসীনতার কারণে ধীরে ধীরে ক্লাবটি দেউলিয়াত্বের দিকে চলে যায়।

কলোময়েস্কি হঠাৎ করে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় খেলোয়াড় ও কোচদের বেতন বকেয়া পড়ে। এর ফলে ফিফা ও আদালতের নির্দেশে ক্লাবটির ওপর দলবদলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং পয়েন্ট কাটা হয়।

এফসি নিপ্রো অবনমন হতে হতে একসময় অপেশাদার লিগে নেমে যায় এবং ২০১৮ সালে ফিফা ক্লাবটিকে আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা করে।

পরে একই শহরে এসসি নিপ্রো-১ নামে একটি নতুন ক্লাব গড়ে ওঠে। তবে ফিফার নথি অনুযায়ী, সেটিকে এফসি নিপ্রোর আইনগত উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

প্রাইভেটব্যাংক জানিয়েছে, সম্পূর্ণ উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে স্টেডিয়ামটি বিক্রি করা হবে, যাতে সম্ভাব্য বিনিয়োগকারীরা সমান সুযোগ পায় এবং নিলামের মাধ্যমে সম্পদের বাজারমূল্য নির্ধারণ হয়।

২০২৫ সালে আগের নিলামে কোনো দরদাতা পাওয়া যায়নি। তাই এবার নতুন করে নিপ্রো অ্যারেনা নিলামে তোলা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বিদায়ী ম্যাচের সকল টিকিট ২ ঘণ্টায় বিক্রি শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


মেসির বিদায়ী ম্যাচের সকল টিকিট ২ ঘণ্টায় বিক্রি শেষ

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার জন্য ভক্তদের উন্মাদনা টিকিট বিক্রির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সকল টিকিট মাত্র ২ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

আর্জেন্টিনা আগামী ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচটি জাতীয় দলের জার্সিতে মেসির জন্য শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানায়, গতকাল বৃহস্পতিবার বিক্রি শুরু হওয়ার পর দ্রুত ৮৫ হাজার ১৮টি টিকিট শেষ হয়ে যায়।

মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ আয়োজনও থাকবে। এই ম্যাচে ৩৯ বছর বয়সী কিংবদন্তি একটি বিশেষ জার্সি পরিধান করবেন। জার্সিটিতে তার নাম এবং ঐতিহাসিক ১০ নম্বর সোনালি নকশায় থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করে মেসি লিখেছেন, “শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।”

মেসির আর্জেন্টিনার হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, এবং অ্যাসিস্ট ৬৮টি।

মনুমেন্তাল স্টেডিয়ামে ৬ অক্টোবর শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার একটি আবেগঘন উপলক্ষ হতে যাচ্ছে। সেই মুহূর্তের সাক্ষী হতে টিকিট নিয়ে এখন হাহাকার চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিমের হত্যার পর মা নাহিদার আবেগঘন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


অপ্রতিমের হত্যার পর মা নাহিদার আবেগঘন পোস্ট

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর আবেগঘন একটি পোস্ট করেছেন তার মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি তার ফেসবুক পেজে এই আবেগঘন পোস্টটি প্রকাশ করেন।

ছেলের জন্য আবেগে আপ্লুত হয়ে তিনি লেখেন, ‘মা, তুমি তো বলেছিলে আমি তোমার পৃথিবী… আজ সেই পৃথিবীটা এত নিঃশব্দ কেন? আমি তো আর তোমার কাছে ফিরব না মা… শুধু আমার জন্য একটু দোয়া করো। আর আমার চলে যাওয়ার সত্যটা যেন চাপা না পড়ে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে অপ্রতিম আর ফেরেনি। পরবর্তী সময়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার পর হত্যাকাণ্ডের বিভিন্ন কারণ উঠে এসেছে। পুলিশ জানায়, আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়।

অপ্রতিমের পরিবারের দাবি, তাকে হত্যার পেছনে শুধুমাত্র আইফোন ছিনিয়ে নেওয়ার কারণ নয়। মাদকের বিরুদ্ধে ডা. নাহিদার কঠোর পদক্ষেপের কারণে সালমানপুর এলাকার মাদকচক্র তাকে হত্যার পরিকল্পনা করেছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কৌশলে তাকে হত্যা করা হয়েছে।

ঘাতকদের জিজ্ঞাসাবাদ করলে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন হতে পারে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

এদিকে, অপ্রতিমের মা ড. নাহিদা বেগমের অভিযোগ, পূর্ববিরোধের কারণে তার ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি শ্রেণি তার ছেলেকে অপবাদ দিচ্ছে।

অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তার বাসায় দেখা করতে গেলে তিনি ক্ষোভের কথা জানান।

নাহিদা বেগম বলেন, "আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনোদিন মেনে নেব না। আমার দুধের বাচ্চা, আমার ছেলে বোঝে না। তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, দীর্ঘদিন সময় নিয়ে বন্ধু বানিয়ে, সবার কাছে ভিকটিম বানিয়ে দিয়ে বলছে, ‘দেখো, ও আমাদেরই একজন সদস্য, ও আমাদের সঙ্গে খেলছে, ওর কারণে ও মরে গেছে’-আমি সেটা মানব না।"

তিনি প্রশ্ন করেন, ‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে?’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, তিনি শুধু তার ছেলের জন্য বিচার চান না। যারা তার ছেলেকে হত্যা করেছে, তারা যদি জেল থেকে বের হয়ে আসে, তাহলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে-সেটা নিয়েও তিনি চিন্তিত। তিনি চান, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তার স্বামী ও একমাত্র সন্তান অপ্রতিমকে নিয়ে কোটবাড়ী গন্ধমতি এলাকার ভাড়া বাসায় থাকতেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে বসে মাদকসেবনরত অবস্থায় সালমানপুর এলাকার ৮ কিশোরকে আটক করে শিক্ষার্থীরা। পরে প্রক্টর নাহিদা বেগম তাদের পুলিশে সোপর্দ করেন। সে সময় এসব মাদক নিয়ন্ত্রণে সালমানপুরের মাদক ব্যবসায়ী মিলন ও আল আমিনের নাম উঠে আসে।

অনুসন্ধানে জানা গেছে, ওই ঘটনায় এলাকার কিশোর গ্যাং এবং মাদকচক্র অপ্রতিমের মায়ের ওপর ক্ষুব্ধ হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে এসব চিহ্নিত মাদক চক্রের ইন্ধন থাকতে পারে।

অনুসন্ধান বলছে, পূর্বপরিকল্পনার অংশ হিসাবে ১৮ সেপ্টেম্বর ছবি তোলার প্রলোভন দিয়ে ঘাতক তুহিন তাকে পাহাড়ে নিয়ে যায়। এ সময় ঘাতক ফাহাদ-কামরুলরা তাকে হত্যার জন্য ওতপেতে থাকে। পরে শ্বাসরোধ করে এবং বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা নিশ্চিত করে।

এদিকে পুলিশ বলছে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার জন্যই ঘাতকরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত চার ঘাতক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘাতকরাও আইফোনটি ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করেছে বলে জবানবন্দিতে আদালতকে বলেছে। তাছাড়া পরিবারের দাবি অনুযায়ী হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো ইস্যু রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

নিহত অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, শুধু আইফোনের জন্য তার ছেলেকে হত্যা করা হয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় এলাকার মাদক সিন্ডিকেট তার ছেলেকে টার্গেট করেছে।

তিনি বলেন, যারা নেপথ্যে থেকে হত্যাকাণ্ডের ইন্ধন জুগিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। একটি শ্রেণি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে এসব অপরাধী ছাড়া পেয়ে যেন তার মতো অন্য বাবার বুক খালি করতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। এসব অপরাধীকে নিয়ে তার ভয় হচ্ছে। জেল থেকে বেরিয়ে ভবিষ্যতে তারা আরও খুনখারাবি করতে পারে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। ঘাতকরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অন্যান্য বিষয়গুলোও তারা খতিয়ে দেখছেন।

সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম বলেন, আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে তারা আরও চুলচেরা বিশ্লেষণ করবেন। অন্য কারও সম্পৃক্ততা থাকলে তদন্তে বেরিয়ে আসবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%