ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে ইরান, সতর্ক অবস্থানে ওয়াশিংটন


মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে ইরান, সতর্ক অবস্থানে ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান। এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জনবল কমানোর পদক্ষেপ গ্রহণ করছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইরান মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এমন গোয়েন্দা তথ্য সংস্থাগুলোর হাতে এসেছে। মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্য এবং আরও কয়েকটি দেশে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন: লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিট এখন পথচারীদের জন্য উন্মুক্ত: মেয়র বললেন ‘অবক্ষয়ের অবসান’

এক পৃষ্ঠার ওই স্মারকলিপিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু, ব্যক্তি, মধ্যপ্রাচ্যের বাইরে সংশ্লিষ্ট দেশগুলোর নাম কিংবা ষড়যন্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও যাতে আরও বিস্তৃত পরিসরে তথ্যটি জানাতে পারেন, সে জন্য প্রয়োজন অনুযায়ী এর গোপনীয়তার মাত্রা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ক্লেটন।

শুক্রবার রাতে এক মার্কিন কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। কর্মকর্তারা জানান, এই পদক্ষেপ থেকে বোঝা যায়, সম্ভাব্য হুমকিকে যুক্তরাষ্ট্র সরকার কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে কর্মী কমিয়ে আনার সিদ্ধান্তের পেছনে এসব গোয়েন্দা তথ্যও একটি কারণ। এর আগে সিএনএন এ খবর প্রকাশ করেছিল।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের ব্যর্থতার পর ভারত সফল হবে?

এদিকে চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও দাহরানের কনস্যুলেট থেকে পরিবারের সদস্য ও জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও মিলছে না: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও মিলছে না: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও ক্ষতিগ্রস্ত দেশগুলো পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ করে এই কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন এখনও প্রত্যাশা অনুযায়ী আসছে না। অন্যদিকে যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়ে একই ধরনের অনীহা দেখা যায় না।’

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করাই থাকবে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত। আসন্ন জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা হিসেবে নয়, অনুদান হিসেবে আনাই হবে বাংলাদেশের কাজের মূল অংশ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের প্রসঙ্গে তিনি বলেন, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকার আশাবাদী। তিনি উল্লেখ করেন, ‘জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তারেক রহমানের সফরে অবকাঠামো, জ্বালানি, টেকনোলজি, গামেন্টস খাতে জাপানের সঙ্গে সহযোগিতা আরও বাড়বে। বাংলাদেশে জাপানি বিনিয়োগও বাড়বে।’

এদিকে, প্রধানমন্ত্রীর জাপান সফরের পূর্বে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো কর্মকর্তাকে ডেকে পাঠানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এতে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে আলাদা কোনো বিষয় নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামকে জোকারিতে পরিণত করছেন: ফাহাম আব্দুস সালামের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ইসলামকে জোকারিতে পরিণত করছেন: ফাহাম আব্দুস সালামের সমালোচনা

ফাহাম আব্দুস সালাম একটি শিশুকে কেন্দ্র করে বিতর্কে নিরুপায় বাবার পাশে দাঁড়ানো ব্যক্তিদের মব করার হুমকি দেওয়ার সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন, যারা এমন হুমকি দিচ্ছেন, তারা শিশুটির বাবার আকুতি বুঝতে পারছেন না; বরং একটি থাপ্পড়ের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। একইসঙ্গে ইসলাম রক্ষার কথা বলে যারা এমন আচরণ করছেন, তাদের সমালোচনা করে তিনি বলেছেন, তারা ইসলামকে ‘জোকারিতে পরিণত করছেন’।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাহাম আব্দুস সালাম এসব কথা লেখেন। পোস্টে তিনি মব করার হুমকিদাতাদের ‘নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ’ হিসেবে উল্লেখ করেন।

ফাহাম লেখেন, ‘যারা একটি শিশুকামীর পক্ষ নিয়ে মব করার হুমকি দিচ্ছেন—তারা নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ। আপনারা একজন নিরুপায় বাবার ফরিয়াদ বোঝেন না—বোঝেন একটা থাপ্পড়ের মরতবা।’

পোস্টের পরের অংশে তিনি আরও লেখেন, ‘আপনারা করবেন ইসলাম রক্ষা! বেহায়া মানুষজন আপনারা এবং আপনারাই তারা—যারা ইসলামকে জোকারিতে পরিণত করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায়

গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ সম্পন্ন হয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দ্বারা। আগুনের সূত্রপাত ঘটে সকাল সাড়ে ১০টার দিকে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কারখানার গুদামে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। সেখানে কার্টন, সুতা এবং অন্যান্য কাঁচামাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট নয়টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করেছেন যাতে আগুন গুদাম থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে না পড়ে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

মাঝে ১৭ অক্টোবরও আরেকটি বড় অগ্নিকাণ্ড ঘটে কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ওই আগুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্দোনেশিয়ার পালাংকারায়া শহরের শত শত শিক্ষার্থী শুক্রবার রাতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ করেছেন। দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় মাসের পর মাস ধরে শহর ও আশপাশের অঞ্চল ঢেকে থাকার কারণে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকের মুখে সার্জিক্যাল মাস্ক ছিল। আকাশজুড়ে অস্বাভাবিক কমলা আভা দেখা যাচ্ছিল, আর ঘন ধোঁয়ার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গিয়েছিল। এই পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানানো হয়।

বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশে অবস্থিত মধ্য কালিমান্তান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে।

প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বাইরের দেয়ালে সাঁটানো একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কর্মকর্তারা নির্বোধ, অথচ তারা দারুণ সব সুযোগ-সুবিধা ভোগ করেন। আর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ।’

বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার দেশাত্মবোধক গান ‘ইন্দোনেশিয়া পুসাকা’ গেয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।

তবে, কোনো হতাহতের ঘটনা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। রাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

বিক্ষোভের নেতা ইউয়ুন সানজায়া সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় তারা যে অক্ষম, মধ্য কালিমান্তান প্রাদেশিক সরকারকে তা স্পষ্টভাবে ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। তাহলে পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।’

তিনি আরও প্রশ্ন করেন, ‘এত ঘন ও পুরু ধোঁয়া অসহায় বয়স্ক মানুষ ও নবজাতকদের শ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে আর সরকার কীভাবে তা ঘটতে দিচ্ছে?’

বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দাবানলে ১৯ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। তবে ইন্দোনেশিয়া সরকার এ পরিসংখ্যান নিশ্চিতও করেনি, আবার অস্বীকারও করেনি।

দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় কয়েক লাখ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুর পর্যন্ত।

প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক অসন্তোষের পাশাপাশি নিজ দেশেও সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার জাভা দ্বীপে ইন্দোনেশিয়ার স্কুলশিশুরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছে।

ওই দ্বীপের বেশ কয়েকটি জেলা ও সংরক্ষিত বনাঞ্চলও দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%