০৪:৫১ পি.এম
ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ বাংলাদেশ নারী জুনিয়র হকি দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে সাহসী কন্যারা এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং লড়াকু মানসিকতার সার্থকতা দেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছে।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এর যে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, এই ঐতিহাসিক অর্জন তারই একটি উজ্জ্বল প্রতিফলন। এ সাফল্য বাংলাদেশের নারী হকির ধারাবাহিক অগ্রগতিকে আরও বেগবান করবে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এই ঐতিহাসিক মুহূর্তে ওমানে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের সাফল্যে উৎসাহ ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের হকির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছেন এবং খেলোয়াড়দের উন্নয়নে ধারাবাহিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করে চলেছেন। তাঁর উপস্থিতি খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি সশস্ত্র বাহিনীর আন্তরিক সমর্থনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন ও উৎসাহ প্রদান করেছেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি তাঁদের এই আন্তরিক সমর্থন ও দেশপ্রেমের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওমানে সরকারি সফরকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)-এর প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্ট, এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক হকি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন