০৫:১২ পি.এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এর সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান।
সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি লাইব্রেরি ব্যবহারকারী শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত ও সুবিধা নিশ্চিতকরণের অংশ হিসেবে সেন্ট্রাল লাইব্রেরি ভবনের দক্ষিণ পার্শ্বে সাইকেল গ্যারেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। শিক্ষা ও গবেষণার পরিধি আরও সমৃদ্ধ করতে সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে চালু করা হয়েছে ‘পত্রিকা আর্কাইভ ও সংরক্ষণ’ কার্যক্রম। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ঐতিহাসিক ও বর্তমান বিভিন্ন জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য সহজে সংরক্ষণ ও অধ্যয়নের সুযোগ পাবেন। ডিজিটাল যুগে বিশ্বমানের পঠন-পাঠন ও গবেষণার সুযোগ প্রসারিত করতে সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে ‘ই-বুকস ও ই-জার্নালস’ এর শুভ উদ্বোধন করা হয়। বর্তমান এই কার্যক্রমে ৩০,৭১৬টি ই-বুক টাইটেলস (৭টি প্রকাশনা সংস্থার মাধ্যমে) এবং ৩,৩১৩টি ই-জার্নাল টাইটেলস (২টি প্ল্যাটফর্মের মাধ্যমে) যুক্ত করা হয়েছে। এর ফলে বেরোবির শিক্ষক ও গবেষকরা দেশ-বিদেশের উন্নত জার্নাল ও বই অনলাইনে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষার গুণগত মানের পাশাপাশি উন্নত অবকাঠামো এবং ডিজিটাল লাইব্রেরি সুবিধার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের গবেষণা ও তথ্য-উপাত্ত সহজে এক্সেস করতে পারে, সেজন্য আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু করেছি। উপাচার্য আরও বলেন, লাইব্রেরি ভবনের তৃতীয় তলার সম্প্রসারণ এবং সাইকেল গ্যারেজ নির্মাণের ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজনীয় চাহিদা পূরণ হলো। এছাড়া পত্রিকা আর্কাইভ চালুর মাধ্যমে আমাদের শিক্ষক-গবেষকরা প্রয়োজনীয় তথ্য ও ইতিহাসের সঠিক সংরক্ষণ সুবিধা পাবেন। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ উন্নত করতে বদ্ধপরিকর এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাসারসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার, থানায় মামলা দায়ের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন