ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র ছেড়ে স্বাধীন যাযাবর জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি


যুক্তরাষ্ট্র ছেড়ে স্বাধীন যাযাবর জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি

জীবনের আটটি গুরুত্বপূর্ণ বছর সন্তানের সুরক্ষায় এক জায়গায় স্থির ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সাথে অভিভাবকত্ব চুক্তির কারণে এবং সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার অপেক্ষায় এতদিন যুক্তরাষ্ট্রের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছা তিনি গোপন রেখেছিলেন। সম্প্রতি কনিষ্ঠ যমজ সন্তান নক্স ও ভিভিয়েন ১৮ বছরে পা দেওয়ায় আইনি সেই বাঁধন কেটেছে। বহু বছরের আটকে থাকা স্বাধীন জীবন এবং বিশ্ব ভ্রমণের স্বপ্ন এখন তার সামনে উন্মুক্ত হয়ে গেছে।

তবে জীবনের এই নতুন মোড়ে এসে জোলিকে এক বড় শূন্যতার মুখোমুখি হতে হচ্ছে। যে ছয় সন্তানকে ঘিরে তার এতদিনের পুরো পৃথিবী গড়ে উঠেছিল, তারা কেউ এই সফরে মায়ের সঙ্গী হচ্ছেন না। নক্স, ভিভিয়েন ও শাইলো লস অ্যাঞ্জেলেসের পরিচিত পরিবেশে থাকবেন। অন্যদিকে বড় তিন সন্তান—ম্যাডক্স, প্যাক্স ও জাহারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছেন। সন্তানরা নিজেদের মতো বড় হচ্ছে দেখে মা হিসেবে জোলি স্বস্তি পাচ্ছেন, কিন্তু এতদিনের ভরা সংসার পেছনে ফেলে একা পাড়ি জমানোর প্রস্তুতি তার জন্য আবেগঘন হয়ে উঠেছে।

বিশ্বভ্রমণে বের হলেও জোলি কোনো নির্দিষ্ট জায়গায় নিজেকে বেঁধে রাখতে চান না। তার ভাষায়, জীবনের এই সময়ে তিনি কিছুদিন ‘যাযাবর’ হিসেবে কাটাতে ইচ্ছুক। শুধুমাত্র পারিবারিক ছবি ও স্মৃতি সংরক্ষণের জন্য একটি স্থায়ী বাড়ি থাকবে, আর বাকি সময়টা কাটবে ঘুরে বেড়াতে। কম্বোডিয়ায় তার নিজস্ব বাড়িটি স্থানীয় খেমার সংস্কৃতির শিল্পীদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: মার্ভেলের পর্দায় আবারও ফিরছে স্টার-লর্ড: ক্রিস প্র্যাটের নিশ্চিতকরণ

মায়ের এই সিদ্ধান্তকে সন্তানরা পূর্ণ সমর্থন জানালেও, জোলির ঝুঁকিপূর্ণ শখ ও সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করার প্রবণতা নিয়ে তারা চিন্তিত। মোটরসাইকেল চালানো, বিমান উড়ানো বা ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের বিষয়ে তারা মাকে বাধা না দিলেও, নিরাপত্তার সুরক্ষাকবচ মেনে চলার অঙ্গীকার আদায় করে নিয়েছে। সব দায়িত্ব সামলে এক মা এবার নিজের জন্য বাঁচতে বের হচ্ছেন—আনন্দ ও উদ্বেগের মিশ্র অনুভূতি নিয়ে সেই নতুন অধ্যায়ের সূচনা করছেন জোলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজধানী ঢাকা আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ১৭৩। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। কুয়ালালামপুরের বায়ুমান স্কোর ২১০, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, যার স্কোর ১৭৬। তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চতুর্থ স্থানে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৫। তালিকার পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৪। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে গণ্য হয়।

যদি স্কোর ৫১ থেকে ১০০ হয়, তবে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুনে পুড়ল গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


আগুনে পুড়ল গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল
 
 
ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলটি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
 
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খবিরুল আলম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। গৌরীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সকালের দিকে ভবনের ভেতরে ফার্নিচার কারখানায় আবারও আগুন জ্বলতে দেখা যায়। পরে গৌরীপুর ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে।
 
আগুনে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী নাট্যশালার (পরে ঝলমল সিনেমা হল) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও ভবনের ভেতরে একটি আসবাবপত্র নির্মাণ কারখানা, একটি গ্যাস সিলিন্ডারের গোডাউন ও সামনের ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুড়ে গেছে।
 
দীর্ঘদিন ধরে সিনেমা হলটি বন্ধ হয়ে আছে। বর্তমানে এতে একটি ফার্নিচার কারখানা ও গ্যাস সিলিন্ডারের গোডাউন রয়েছে।
 
কারখানার মালিক ভুট্টো জানান, আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর তিনি জানতে পেরেছেন। আগুনে তার এক কোটি টাকার বেশি কাঠ, নির্মাণাধীন আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
 
তানভীর এলপিজি স্টোরের মালিক তানভীর আহমেদ জানিয়েছেন, গত রাতে ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডারের একটি চালান এসেছে, সবগুলো গোডাউনে রেখেছিলেন, আগুনে সবকিছু পুড়ে গেছে, এতে তিনি প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।
 
ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজনু মিয়া জানান, সিনেমা হলের মূল ভবনের সামনে তাদের কার্যালয়। আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
 
গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান সাংবাদিকদের জানান, ঝলমল সিনেমা হলটি রাষ্ট্রীয় সম্পত্তি। সিনেমা হল পরিচালনার জন্য লিজ দিয়েছিল সরকার। বর্তমানে কারা কোন অবস্থায় ব্যবহার করছে ও আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, লড়াই তীব্র হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, লড়াই তীব্র হচ্ছে

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা রিয়াদের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মিসাইলটি আঘাত হানার কিছু মিনিটের মধ্যে কায়রো থেকে একটি ফ্লাইট অবতরণের কথা ছিল। হামলার কারণে ফ্লাইটটি জেদ্দায় ঘুরিয়ে দেওয়া হয়। রানওয়েতে থাকা আরও দুটি বিমানও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোর অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি হুথিদের নিয়ন্ত্রিত সানা থেকে ছোড়া হয়েছিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম শনাক্ত করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, কয়েকটি ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ বিমানবন্দরে হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

এর আগে বুধবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

হুথি মুখপাত্র সারি আরও দাবি করেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে খামিস মুশাইতের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ আবহা বিমানবন্দরে হামলার দাবি নিশ্চিত করেনি।

এদিকে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে লড়াই তীব্র হয়ে উঠেছে। সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সম্প্রতি হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। গত কয়েক সপ্তাহে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় হুথিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করার পর সরকারি বাহিনী সেগুলো পুনর্দখলের চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্টস ঘোষণায় দেশে এলো বিএমডব্লিউ গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


পার্টস ঘোষণায় দেশে এলো বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ হিসেবে ঘোষণা করা একটি চালানে বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাকের অর্ধেক অংশ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার সন্দেহজনক ওই চালানের কায়িক পরীক্ষা করে পণ্যের ঘোষণার সঙ্গে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায় বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায় সিআইআইডি। চালানের ম্যানিফেস্টে বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির খুচরা যন্ত্রাংশের উল্লেখ থাকলেও কনটেইনার খুলে একটি সম্পূর্ণ নকড ডাউন (সিকেডি) বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশ এবং পাঁচটি অর্ধেক কাটা ইসুজু ট্রাক পাওয়া যায়।

সিআইআইডি জানায়, আমদানিকারক প্রতিষ্ঠানটি চট্টগ্রামের হালিশহরের আয়াজ অটো ইন্টারন্যাশনাল। এর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে কাজ করছে আমিন (সিঅ্যান্ডএফ এজেন্ট) প্রাইভেট লিমিটেড। চালানটির রপ্তানিকারক সংস্থা হলো সংযুক্ত আরব আমিরাতের আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কো এলএলসি। সিআইআইডির প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বিএমডব্লিউ স্পোর্টস কারটি এস ড্রাইভ ২৩আই মডেলের, যার ইঞ্জিনের ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি। এটি ২০০৯ সালের মডেল বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটির সঠিক মডেল ইয়ার, চেসিস এবং আমদানির বৈধতা কাগজপত্র যাচাই ও কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানায় সংস্থাটি। অন্যদিকে, বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশটি প্রাথমিকভাবে ২০১৬ সালের মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩ হাজার সিসি।

সিআইআইডি বলেছে, ‘এই চালানে গাড়িটির শুধু সামনের অংশ পাওয়াটা বিশেষভাবে সন্দেহজনক। বাকি অংশটি অন্য কোনো চালানে এসেছে কি না, কিংবা আনা হচ্ছে কি না, সেটিও আমরা তদন্ত করছি।’

ঘোষিত পণ্য ও বাস্তবে পাওয়া পণ্যের মধ্যে বড় ধরনের পার্থক্যের কারণে কাস্টমস গোয়েন্দারা মিথ্যা ঘোষণা, শুল্ক ও কর ফাঁকি এবং কাটা বা খণ্ডিত অবস্থায় গাড়ি বিভিন্ন চালানে এনে পরে জোড়া লাগানোর কোনো কৌশল ব্যবহার করা হয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%