ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

এ কারণে নর্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, জোয়ার সাহারা, ভাটারা, বারিধারা ‘জে’ ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফ্রি কঙ্গো, ফ্রি সুদান, ফ্রি প্যালেস্টাইন’: লুইস হ্যামিল্টনের বিশ্বশান্তির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


‘ফ্রি কঙ্গো, ফ্রি সুদান, ফ্রি প্যালেস্টাইন’: লুইস হ্যামিল্টনের বিশ্বশান্তির আহ্বান

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লুইস হ্যামিল্টনের কণ্ঠ বরাবরই সোচ্চার। সম্প্রতি রুয়ান্ডাকে গ্র্যান্ড প্রিক্স আয়োজনের স্বত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি আবারও একই সুর তুলেছেন। ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন হ্যামিল্টন কঙ্গো, সুদান, সিরিয়া এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন।

৪১ বছর বয়সী এই ব্রিটিশ তারকা বর্তমানে মোটরস্পোর্টে একমাত্র কৃষ্ণাঙ্গ প্রতিযোগী। তিনি উল্লেখ করেন, আফ্রিকায় একটি ফর্মুলা ওয়ান রেস আয়োজনের ফলে মানুষ মহাদেশটি সম্পর্কে আরও সচেতন হবে। তবে এ নিয়ে যে নানা উদ্বেগ রয়েছে, সেটিও তিনি স্বীকার করেন এবং বিশ্বজুড়ে মানবিক সংকটের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ফর্মুলা ওয়ানের সমালোচনা করে বলেছে, রুয়ান্ডাকে গ্র্যান্ড প্রিক্স আয়োজনের সুযোগ দেওয়া আসলে একটি "স্পোর্টসওয়াশিং পুরস্কার"। সাধারণত যেসব দেশ ক্রীড়াকে নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়।

রোববারের যুক্তরাষ্ট্র গ্র্যান্ড প্রিক্সের আগে হ্যামিল্টন রুয়ান্ডা প্রসঙ্গে প্রশ্নের জবাবে আবারও বিভিন্ন সংঘাত নিয়ে কথা বলেন। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে সরব রয়েছেন।

হ্যামিল্টন বলেন, "আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা কঙ্গোর স্বাধীনতার পক্ষে, সুদানের স্বাধীনতার পক্ষে, সিরিয়ার স্বাধীনতার পক্ষে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার হচ্ছি।

"আমি আশা করি একসময় আমরা শান্তির কাছাকাছি পৌঁছাতে পারব।"

ফর্মুলা ওয়ানের রেস পেয়ে আলোচনায় রুয়ান্ডা। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে দমনমূলক পদ্ধতি ব্যবহারের অভিযোগ রয়েছে। সমালোচকদের দাবি, বিরোধীরা কারাগারে মারা যাচ্ছেন, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে এবং আরও নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

এদিকে প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি)-ও রুয়ান্ডাকে গ্র্যান্ড প্রিক্স দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে। ডিআরসি, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ, রুয়ান্ডা ডিআরসিতে লড়াইরত এম২৩ বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।

হ্যামিল্টন আরও বলেন, "অবশ্যই আমরা কোথায় রেস করব, সেই সিদ্ধান্ত আমি নিই না।

"আজ বিশ্বের অনেক জায়গাতেই সমস্যা রয়েছে। আমি এসব বিষয়ে অনেক খবর দেখেছি। তবে আমাদের বিষয়গুলো বিনয়ের সঙ্গে বিবেচনা করা উচিত।

"কোনো দেশে রেস আয়োজন করার অর্থ এই নয় যে সেখানে যা ঘটছে, তা আমরা উপেক্ষা করছি।

"বরং আশা করি, এতে আরও বেশি মানুষ সেখানে কী ঘটছে এবং শত শত বছর ধরে কী ঘটেছে, সে বিষয়ে জানতে আগ্রহী হবে। আমি আশা করি এটি আলোচনা শুরু করতে সহায়তা করবে।

"আমি ইংল্যান্ডে বড় হয়েছি। সেখানে আমাদের আফ্রিকা সম্পর্কে প্রায় কিছুই শেখানো হয়নি। অথচ এটি শিক্ষাক্রমের অংশ হওয়া উচিত।

"আফ্রিকার অনেক সমস্যাই এখনো ঔপনিবেশিকতা এবং পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপের দীর্ঘমেয়াদি ফল।"

আফ্রিকায় গ্র্যান্ড প্রিক্স হ্যামিল্টনের স্বপ্ন, ক্যারিয়ার দীর্ঘ করার ইঙ্গিত। হ্যামিল্টন বলেছেন, আফ্রিকায় একটি ফর্মুলা ওয়ান রেস আয়োজন ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। ২০৩০-এর দশকের শুরুতে রুয়ান্ডায় গ্র্যান্ড প্রিক্স আয়োজনের চুক্তি হওয়ায় সেই স্বপ্ন এখন বাস্তবের কাছাকাছি, আর সেটিই তাকে আরও দীর্ঘ সময় খেলায় টিকে থাকার প্রেরণা দিচ্ছে।

ফেরারির এই চালকের বয়স আগামী জানুয়ারিতে ৪২ বছর হবে। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এদিকে বর্তমানে ফর্মুলা ওয়ানের সবচেয়ে বয়সী সক্রিয় ড্রাইভার ফার্নান্দো আলোনসোর বয়স ৪৫, আর তিনি সম্প্রতি অ্যাস্টন মার্টিনের সঙ্গে আরও একটি মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছেন।

বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা কিমি আন্তোনেল্লির সঙ্গে এক সংবাদ সম্মেলনে হ্যামিল্টন বলেন, "এখন আমাকে বাধ্য হয়েই আরও দীর্ঘ সময় থাকতে হবে, কারণ আফ্রিকায় একটি রেস হচ্ছে। আফ্রিকায় রেস করার স্বপ্নই ছিল আমার।

"ফিট থাকার জন্য আমাকে লড়াই চালিয়ে যেতে হবে। আগামী বছর ভালো ফল করতে পারলে আমি রেসিং চালিয়ে যাব।"

গত মৌসুমে মার্সিডিজে হ্যামিল্টনের স্থলাভিষিক্ত হওয়া মাত্র ২০ বছর বয়সী আন্তোনেল্লি তাকে উৎসাহ দিয়ে বলেন, "অন্তত প্রথম আফ্রিকান গ্র্যান্ড প্রিক্স পর্যন্ত আপনাকে থাকতেই হবে।"

ফর্মুলা ওয়ানের ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র কৃষ্ণাঙ্গ বিশ্বচ্যাম্পিয়ন হ্যামিল্টন দীর্ঘদিন ধরে আফ্রিকায় গ্র্যান্ড প্রিক্স ফেরানোর জন্য প্রচারণা চালিয়ে আসছেন। সর্বশেষ ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার কিয়ালামি সার্কিটে মহাদেশটিতে ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল।

এই লক্ষ্য অর্জনে নিজের প্রচেষ্টার কথা স্মরণ করে হ্যামিল্টন বলেন, "স্টেকহোল্ডারদের সঙ্গে অসংখ্য বৈঠক করেছি। লন্ডনে (ফর্মুলা ওয়ানের প্রধান নির্বাহী) স্টেফানো দোমেনিকালির অফিসে বহুবার বৈঠক করেছি, আবার রেস উইকএন্ডেও কথা হয়েছে।

"অসংখ্য ফোন কল করেছি। জানতে চেয়েছি, ‘কী হচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? আপনি কার সঙ্গে বৈঠক করছেন?’

"আফ্রিকার বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সঙ্গে বহু বৈঠক করেছি। বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সঙ্গে অসংখ্য ফোনালাপ হয়েছে।"

তিনি আরও বলেন, "আমার কাছে মনে হয়, এই মহাদেশ একটি গ্র্যান্ড প্রিক্স আয়োজনের যোগ্য। এটি শুধু একটি দেশকে নিয়ে নয়, বরং পুরো আফ্রিকা মহাদেশকে নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


ডাকারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। দীর্ঘকাল ধরে জনস্বাস্থ্যের জন্য বায়ুদূষণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সেনেগালের রাজধানী ডাকারের বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। পাশাপাশি, মেগাসিটি ঢাকা শহরের বাতাসেও বেড়েছে দূষণের মাত্রা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। ওই সময় শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৮৭০, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নির্দেশ করে।

অন্যদিকে, একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান সূচক ছিল ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর আগের দিন শুক্রবার একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৪৪। অর্থাৎ, এক দিনের ব্যবধানে ঢাকার বাতাসের মানের অবনতি ঘটেছে এবং দূষণের মাত্রা বেড়ে গেছে।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য শহরের বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে ভারতের মুম্বাই, কলকাতা ও দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুরের সিঙ্গাপুর, চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিশরের কায়রো।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বাতাসের শহরের তালিকায় রয়েছে মালয়েশিয়ার কুচিং, উজবেকিস্তানের তাসখন্দ, উগান্ডার কামপালা, ইন্দোনেশিয়ার মেদান, চীনের চেংদু, কুয়েতের কুয়েত সিটি, মঙ্গোলিয়ার উলানবাটর, ভিয়েতনামের হ্যানয়, বাহরাইনের মানামা এবং নেপালের কাঠমান্ডু।

একটি শহরের বাতাসের মান কতটা নির্মল বা দূষিত, তাৎক্ষণিকভাবে জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে থাকে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মানকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।

বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা তিন দফা কমার পর আজ ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


টানা তিন দফা কমার পর আজ ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমে গেছে। সর্বশেষ শুক্রবার (২৩ অক্টোবর) সোনার দাম ভরিতে একলাফে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এই তিন দফায় ভরিপ্রতি সোনার দাম মোট ৭ হাজার ১১৫ টাকা কমেছে। ফলে, বর্তমানে দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় দাঁড়িয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সারা দেশে এই দামে সোনা বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় কেনাবেচা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তারও আগে, গত ১৩ অক্টোবর বাজুস দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এখন পর্যন্ত চলতি বছর দেশের বাজারে মোট ১২৫ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬০ দফা মূল্যবান হলুদ ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৬৪ দফায় দাম কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম ৬৪ বার বৃদ্ধি পেয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার কিছু এলাকায় মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


আজ ঢাকার কিছু এলাকায় মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে কেনাকাটার জন্য প্রতিদিন কোথাও না কোথাও যেতে হয়। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তা না জানা থাকে, তাহলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।

শনিবার (২৪ অক্টোবর) তারিখে দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%