বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:০৬ পি.এম
পছন্দের মানুষকে কিভাবে মনের কথা জানাবেন, প্রথম ডেটে কী নিয়ে আলোচনা করবেন কিংবা কিভাবে কাউকে আকৃষ্ট করবেন—এসব বিষয়ে অনেকেই বন্ধুদের পরামর্শ গ্রহণ করেন। তবে বর্তমানে সেই তালিকায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ভারতীয়রা ডেটিং থেকে শুরু করে প্রেমের কথোপকথন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচিতি আকর্ষণীয় করে তুলতেও এআইয়ের সাহায্য নিচ্ছেন।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেটিং অ্যাপ গ্লিডেন এবং গবেষণা সংস্থা ইপসোসের একটি সমীক্ষায় দিল্লি, মুম্বাই ও হায়দরাবাদের বাসিন্দাদের মধ্যে এআই ব্যবহারের প্রবণতা উঠে এসেছে। সমীক্ষায় অংশ নেওয়া দিল্লির ৫৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, গত ১২ মাসে কাউকে আকৃষ্ট করার কৌশল উন্নত করতে তাঁরা এআইভিত্তিক কথোপকথন ব্যবস্থার সাহায্য নিয়েছেন। মুম্বাইয়ে এই হার ৪৯ শতাংশ, হায়দরাবাদে ৪৮ শতাংশ এবং বেঙ্গালুরুতে ৪৭ শতাংশ।
সমীক্ষা অনুযায়ী, শুধু কাউকে আকৃষ্ট করার কৌশল শেখার পাশাপাশি অনলাইন ডেটিং প্রোফাইল সাজানো এবং সম্ভাব্য সঙ্গীর সঙ্গে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রেও এআইয়ের সাহায্য নিচ্ছেন অনেকে। দিল্লি ও মুম্বাইয়ের ৪৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, গত এক বছরে ডেটিং বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের বিবরণ উন্নত করতে তাঁরা এআই ব্যবহার করেছেন। বেঙ্গালুরুতে এই হার ৩৫ শতাংশ এবং হায়দরাবাদে ২৬ শতাংশ।
অন্যদিকে, সম্ভাব্য সঙ্গীর সঙ্গে লিখিত কথোপকথন আরও আকর্ষণীয় করে তুলতে এআই ব্যবহারের কথা জানিয়েছেন দিল্লি ও বেঙ্গালুরুর ৪৬ শতাংশ উত্তরদাতা।
গ্লিডেন ও ইপসোসের ২০২৬ সালের ফেব্রুয়ারির আরেকটি সমীক্ষায় দেখা গেছে, ৬৫ শতাংশ পুরুষ এবং ৬০ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে কাউকে আকৃষ্ট করার কৌশল উন্নত করতে এআই ব্যবহার করেছেন। প্রথম ডেটের জন্য জায়গা বা কার্যক্রমের ধারণা পেতেও এআইয়ের পরামর্শ নিয়েছেন ৬৪ শতাংশ পুরুষ ও ৬১ শতাংশ নারী।
ডেটিং অ্যাপ আইসলের ৮ হাজার ২৪০ জন শহুরে অবিবাহিত ভারতীয়কে নিয়ে করা পৃথক এক প্রতিবেদনে দেখা গেছে, ৫৩.১ শতাংশ নারী নিজেদের অনুভূতি ও সম্পর্কের উদ্বেগ নিয়ে কথা বলতে এআইয়ের সাহায্য নেন। জেনারেশন জেড বা জেন-জেডের ৩৭.৩ শতাংশ জানিয়েছেন, পছন্দের মানুষের পাঠানো দুর্বোধ্য বার্তার অর্থ বুঝতে তাঁরা এআইকে প্রশ্ন করেছেন।
তবে এআই ব্যবহারের বিষয়ে সবার মনোভাব এক নয়। ওই প্রতিবেদনে দেখা গেছে, ২৪.৩ শতাংশ উত্তরদাতা নিজেরা এআই ব্যবহার করলেও সম্ভাব্য সঙ্গী একই কাজ করলে তাঁরা অস্বস্তি বোধ করবেন বলে জানিয়েছেন।
শহরভেদেও এআই নিয়ে মানুষের মনোভাবের পার্থক্য রয়েছে। বেঙ্গালুরুর ৫৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এআই দিয়ে লেখা বার্তা চেনা সম্ভব। তবে ৮৮ শতাংশের ধারণা, এআইয়ের সাহায্যে তৈরি প্রথম বার্তা ভবিষ্যতে ডেটিংয়ের স্বাভাবিক অংশ হয়ে উঠবে।
দিল্লি-এনসিআরের ৪০.৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সরাসরি ডেটে কথা বলার চেয়ে এআইয়ের সঙ্গে কথোপকথন তাঁদের কাছে বেশি অর্থবহ মনে হয়। মুম্বাইয়ের ৬৯.১ শতাংশ অবশ্য এআইয়ের পরামর্শের চেয়ে নিজেদের স্বাভাবিক বিচারবুদ্ধির ওপর বেশি আস্থা রাখেন। পুনের ৪২ শতাংশের মতে, এআইয়ের উৎসাহমূলক পরামর্শ তাঁদের ডেটিংয়ে আত্মবিশ্বাস বাড়ায়।
এআইয়ের তাৎক্ষণিক উত্তর পাওয়া যায়, এটি বিচার করে না—এমন ধারণা অনেককে এর প্রতি আকৃষ্ট করছে। আইসলের প্রতিবেদনে দেখা গেছে, বন্ধুদের বদলে এআইয়ের সাহায্য নেওয়ার পেছনে ২১.৪ শতাংশ উত্তরদাতা তাৎক্ষণিক উত্তর পাওয়াকে এবং ১৮.৩ শতাংশ বিচারহীনভাবে কথা বলার সুযোগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তবে বিশেষজ্ঞরা এআইয়ের ওপর অতিরিক্ত আবেগগত নির্ভরতা নিয়ে সতর্ক করেছেন। তাদের মতে, এআইয়ের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বাস্তব সম্পর্ক ও কল্পনার মধ্যকার সীমারেখা অস্পষ্ট করতে পারে। এর ফলে অবাস্তব প্রত্যাশা, অতিরিক্ত আসক্তি, একাকিত্ব কিংবা নিজের প্রতি অসন্তুষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে।
পছন্দের মানুষকে মনের কথা জানাতে বা কথোপকথনের প্রস্তুতি নিতে এআই সহায়ক হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত অনুভূতি, পারস্পরিক বোঝাপড়া ও বাস্তব যোগাযোগের গুরুত্বও সমানভাবে বিবেচনায় রাখা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের ইউনাইটেড নেশনস ইউনির্ভাসিটি (United Nations University) আন্তর্জাতিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ প্রদান করছে। এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামটি জাতিসংঘের রেক্টর অফিসের আয়োজনে পরিচালিত হবে, যেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পেশাজীবী ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
এটি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (United Nations University – UNU) মর্যাদাপূর্ণ জুনিয়র ফেলো ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইন্টার্নশিপটি ২০২৭ সালের ১ মার্চ শুরু হবে এবং ২৭ আগস্ট ২০২৭ তারিখে শেষ হবে। এই সময়কালে অংশগ্রহণকারীরা জাতিসংঘের অভ্যন্তরীণ কাজের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মূল্যবান পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন।
আবেদনের যোগ্যতা
*বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন;
*আবেদনকারীদের স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে, অথবা আবেদনপত্র জমাদানের তারিখ থেকে দুই বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে;
*বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য;
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তবে আইইএলটিএস বা টোয়েফল আবশ্যক নয়, যদি পূর্বের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে বা মাতৃভাষা ইংরেজি হয়;
সুযোগ-সুবিধা
*বিনা খরচে অফিস স্পেস ব্যবহার করার সুযোগ;
*মাসিক ভাতা প্রদান করা হবে, যা দিয়ে জাপানে বসবাস ও যাতায়াতের খরচ মেটানো যাবে;
*অফিসের লাইব্রেরি ও জিম ব্যবহার করার সুবিধা থাকবে;
*আন্তর্জাতিক পরিবেশে কাজ করে পেশাগত অভিজ্ঞতা অর্জন ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ;
*অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ;
*প্রতি মাসে ১.৫ দিন ছুটি। অফিসিয়াল ছুটির দিন ও সাপ্তাহিক ছুটি আলাদা থাকবে;
দায়িত্ব ও কাজের পরিধি
জুনিয়র ফেলোরা রেক্টর অফিসের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন, যার মধ্যে রয়েছে:
*প্রশাসনিক গবেষণা ও প্রতিবেদন তৈরি;
*ইভেন্ট পরিকল্পনা ও সমন্বয় (অনলাইন ও সরাসরি);
*মিটিং সমন্বয়;
*সম্পাদকীয় সহায়তা;
*যোগাযোগ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা;
প্রয়োজনীয় কাগজপত্র
*জীবনবৃত্তান্ত (সিভি);
*কভার লেটার;
*আবেদন ফরম;
*ফান্ডিং ফরম;
*দুটি সুপারিশপত্র ও ফরম;
*ভাষাদক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়);
আবেদনপদ্ধতি
আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে অনলাইন (Zoom) বা ফোনে সাক্ষাৎকার নেওয়া হবে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মামার বাড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের বাবা মো. আলম বক্তার। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই ভাই হলেন আব্দুর রহিম (৪০) এবং মো. রাকিব (৩০)। আহত বাবা মো. আলম বক্তার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলম বক্তার তার দুই ছেলে রহিম ও রাকিবকে নিয়ে শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার উদ্দেশ্যে যান। সেখানে দুই ছেলে গাছে উঠে ডালপালা কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত আলম বক্তার নিচে গাছের ডালপালা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে ছোট ছেলে রাকিব গাছ থেকে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর বড় ছেলে রহিম তাদের উদ্ধার করতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তিনজনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আলম বক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীবর্দী উপজেলায় কুড়িকাহনিয়া ব্রিজের নিচে পানিতে ভাসমান একটি বড় প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবর্দী-শেরপুর মহাসড়কের কুড়িকাহনিয়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া ব্রিজের নিচে পানিতে একটি বড় প্লাস্টিকের ড্রামে নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় ট্রেন লাইচ্যুত হওয়ার ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়। এরপর রেললাইন মেরামতের কাজ শেষ করে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি নাঙ্গলকোটের নাওটি এবং লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইচ্যুত হয়। এই ঘটনায় ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে যায়। ফলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন এবং পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
এদিকে, দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ট্রেন লাইচ্যুতের সঠিক কারণ নির্ধারণের জন্য রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেছেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় যাদের দায়ী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ