১১:১৬ এম
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর এবং একটি মন্দির সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের জীবনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তের মধ্যে আগুনের লেলিহানে নিঃশেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, এই অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও সড়কের সেতু ভাঙা থাকায় তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি খাবারের হোটেল এবং ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।
বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসি থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান বাজারের কয়েকজন বাসিন্দা। তাঁদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বাজারে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: কুমিল্লায় ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর দাবি, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে পারলে হয়তো পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তাঁরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সময়মতো পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো।
নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কের সেতু ভাঙা থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
আরও পড়ুন: রাজবাড়ীতে নিকাহ রেজিষ্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন