০৮:১৮ পি.এম
বাংলাদেশ সরকার দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচিতে সহায়তার জন্য ৪০৪ মিলিয়ন (৪০ কোটি ৪০ লাখ) মার্কিন ডলারের একটি ঋণ এবং অনুদান চুক্তিতে সই করেছে বিশ্বব্যাংকের সঙ্গে।
এই চুক্তি বুধবার (১০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) স্বাক্ষরিত হয়। চুক্তিটি বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার ঢাকা কার্যালয়ের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আওতাধীন বিশ্বব্যাংক-৫ শাখার উপ-সচিব আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ ঢাকায়
এতে উল্লেখ করা হয়, চুক্তির আওতায় বিশ্বব্যাংক ২৮৪.৭০ মিলিয়ন এসডিআর—যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য—ঋণ হিসেবে প্রদান করবে। তাছাড়া 'গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি' থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে পাওয়া যাবে।
এই অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি আলাদা প্রকল্পের জন্য ব্যয় করা হবে, যার মেয়াদ নির্ধারিত হয়েছে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।
'হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্থেনিং প্রজেক্ট' নামে প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর। এর লক্ষ্য হলো, দেশব্যাপী বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান, সহজলভ্যতা ও স্থায়িত্ব নিশ্চিত করা।
দ্বিতীয় প্রকল্পটি জলবায়ু-সহনশীল প্রজনন স্বাস্থ্য এবং জনসংখ্যা সেবা সংক্রান্ত, যা পরিবারের পরিকল্পনা অধিদফতর বাস্তবায়ন করবে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে।
আরও পড়ুন: চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম
বিশ্বব্যাংকের এই ঋণের পরিশোধের মেয়াদ ৩০ বছর, যার মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড থাকবে। ঋণের ছাড় দেওয়া অর্থের ওপর বার্ষিক ১.২৫ শতাংশ সুদ প্রযোজ্য হবে এবং ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। এছাড়া, অবমুক্ত না হওয়া অনুত্তোলিত তহবিলের জন্য ০.৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ বর্ধিত সময়ের জন্য এই কমিটমেন্ট ফি মওকুফ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন