ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের: স্বাস্থ্যমন্ত্রী


দেশের ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বুধবার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাব দূরীকরণ এবং সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে সরকার ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং গ্যাভি’র সহযোগিতায় একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৫ জন আটক, মামলা ৪৬

এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশের অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় এনে শক্তিশালী রোগপ্রতিরোধ বলয় বা ‘হার্ড ইমিউনিটি’ গড়ে তোলা।

মন্ত্রী জানান, সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার দেশব্যাপী জরুরি ও সম্পূরক টিকাদান কর্মসূচি জোরদার করেছে। রুটিন টিকাদান থেকে বাদ পড়া শিশুদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ এমআর (মিজলস-রুবেলা) টিকার অতিরিক্ত ডোজও প্রদান করা হচ্ছে, বলেছিলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং কক্সবাজারসহ ঘনবসতিপূর্ণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকায় আগামী কয়েক মাস ধরে গলি ও পাড়াভিত্তিক মাইক্রো-প্ল্যানিংয়ের মাধ্যমে নিবিড় টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন: আগামী চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

টিকাদান কর্মসূচিকে আরও কার্যকরাঙ্গ করতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিটি শিশুর টিকাদানের তথ্য সংরক্ষণের জন্য ই-ট্র্যাকার সিস্টেম সম্প্রসারণ এবং শতভাগ অনলাইন নিবন্ধন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলেও টিকার গুণগত মান অক্ষুণ্ন রাখতে কোল্ড চেইন ব্যবস্থার আধুনিকায়ন ও কঠোর মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।

মন্ত্রী বলেন, নজরদারি ও দ্রুত সাড়াদান ব্যবস্থাকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে কমিউনিটি-ভিত্তিক নজরদারি দল গঠন করা হচ্ছে।

কোনো এলাকায় হামের লক্ষণ দেখা দিলে তা দ্রুত শনাক্ত ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দ্রুত রোগ নির্ণয়ের জন্য পর্যাপ্ত টেস্টিং কিট সরবরাহ ও হামজনিত নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা সুবিধা উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: মির্জাপুরে ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল পর্যায়ে টিকাদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, টিকা নিয়ে সামাজিক দ্বিধা, গুজব ও অবহেলা দূর করতে উঠান বৈঠক, মাইকিং এবং গণমাধ্যমভিত্তিক প্রচার কার্যক্রম আরও জোরদার করা হবে। বিশেষ করে কর্মজীবী ও সুবিধাবঞ্চিত পরিবারের অভিভাবকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে ৫২২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯১ জন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, হাম ও রুবেলা নির্মূলে সরকারের চলমান কর্মসূচি বাস্তবায়িত হলে ভবিষ্যতে এ ধরনের প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন: আইফোনের মাধ্যমে নিশ্চিত হলো বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নোয়াখালীতেও একটি বিয়ে করেন, আমরাও গ্যাস চাই’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


‘নোয়াখালীতেও একটি বিয়ে করেন, আমরাও গ্যাস চাই’

জাতীয় সংসদে শ্বশুরবাড়ি নাটোরে গ্যাস দেয়ার বিষয়ে অগ্রাধিকারের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই বক্তব্য শোনার পর সরকার দলীয় সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন নোয়াখালীতে আরেকটি বিয়ে করার প্রস্তাব দেন। এই অবস্থায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে নাটোর জেলার শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস–সংযোগের বিষয়টি উত্থাপন করেন এম রুহুল কুদ্দুস তালুকদার।

তিনি বলেন, ‘নাটোর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। সেখানে অনেক সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু গ্যাস–সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নাটোর হয়ে রাজশাহীতে গ্যাস যায়। কিন্তু নাটোরের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত আছেন। তারা জানতে চায়— কবে নাগাদ গ্যাস সংযোগ পাবে।’

জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের সবার শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাকে বলে সিলেটের দামান, আর নাটোরে গেলে বলে নাটোরের জামাই। নাটোর আমার শ্বশুরবাড়ি। এখানে তো গ্যাস দিতেই হবে। আমরা কূপ খনন শুরু করেছি। আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাটোরে গ্যাস যাবে।’

আলোচনার এক পর্যায়ে নোয়াখালী-৪ আসনের সদস্য এম মাহবুব উদ্দিন খোকন মজা করে বলেছেন, ‘মন্ত্রী বলেছেন নাটোরে শ্বশুরবাড়ি বলে অগ্রাধিকার দেবেন। তাহলে উনি যেন নোয়াখালীতেও একটা বিয়ে করেন। আমরাও গ্যাস চাই।’

এ বিষয়ে সংসদকক্ষে হাসির রোল পড়ে যায়। জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘শরিয়াহ আইন অনুযায়ী এখনো তিনটা বাকি আছে। তবে আমার আর বিয়ে করার শখ নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্যুরিস্ট ভিসায় দ্রুত সাক্ষাৎকার সুবিধা, ৭৫০ ডলার ফি নির্ধারণ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


ট্যুরিস্ট ভিসায় দ্রুত সাক্ষাৎকার সুবিধা, ৭৫০ ডলার ফি নির্ধারণ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র বিদেশি পর্যটক বা ভ্রমণকারীদের জন্য নতুন একটি প্রিমিয়াম ভিসা সেবা চালু করতে যাচ্ছে। আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় অতিরিক্ত ৭৫০ ডলার ফি পরিশোধ করলে কিছু আবেদনকারী ১০ কর্মদিবসের মধ্যেই ভিসা সাক্ষাৎকারের সময় পাবেন।

মার্কিন পররাষ্ট্র দফতর ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি অস্থায়ী বিধিমালার মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন। মূলত ব্যবসায়িক ও পর্যটন ভ্রমণের জন্য ব্যবহৃত বি১ এবং বি২ ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য এটি প্রযোজ্য হবে। পরীক্ষামূলক প্রকল্পটি ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

বর্তমানে বি১ বা বি২ ভিসা আবেদনের জন্য নিয়মিত ফি ১৮৫ ডলার। নতুন প্রিমিয়াম সেবা নিতে চাইলে আবেদনকারীদের অতিরিক্ত ৭৫০ ডলার দিতে হবে। ফলে মোট ব্যয় দাঁড়াবে ৯৩৫ ডলার।

মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, এই অতিরিক্ত অর্থ শুধুমাত্র দ্রুত সাক্ষাৎকারের সময় পাওয়ার সুযোগ দেবে। এটি কোনোভাবেই ভিসা অনুমোদনের সম্ভাবনা বাড়াবে না।

মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, অনেক দূতাবাস ও কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের জন্য আবেদনকারীদের কয়েক মাস, এমনকি কোথাও কোথাও এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়।

নতুন ব্যবস্থার আওতায় যোগ্য আবেদনকারীরা অতিরিক্ত ফি দিলে ১০ কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সময় পাবেন, যদি নির্ধারিত স্লট খালি থাকে।

তবে এই সুবিধা সব দূতাবাসে পাওয়া যাবে না। সীমিত সংখ্যক নির্বাচিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে এটি চালু হবে। অংশগ্রহণকারী মিশনগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে।

মার্কিন সরকার বলছে, আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশেষভাবে ২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস-এর কথা উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হবে এবং ২০২৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। কর্মকর্তাদের মতে, এই পাইলট প্রকল্পের মাধ্যমে দ্রুত সাক্ষাৎকার সেবার চাহিদা মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে স্থায়ীভাবে এমন সেবা চালুর সম্ভাবনা যাচাই করা হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের ধারণা, এই কর্মসূচির আওতায় বছরে ২৫ হাজারের বেশি আবেদনকারী অংশ নিতে পারেন। এর মাধ্যমে অতিরিক্ত রাজস্ব আয় হবে এবং দ্রুত সাক্ষাৎকার সেবার প্রতি ভ্রমণকারীদের আগ্রহ সম্পর্কেও সরকার স্পষ্ট ধারণা পাবে।

নতুন প্রিমিয়াম সেবা শুধুমাত্র বি১ এবং বি২ ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে, যা ব্যবসা ও পর্যটন উদ্দেশ্যে অস্থায়ী সফরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে যেসব দেশের নাগরিকরা ভিসা ওয়েভার প্রোগ্রাম-এর আওতায় যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি সফরে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, তারা এই সুবিধার আওতায় থাকবেন না।

অতিরিক্ত ফি দিলেও আবেদনকারীদের জন্য নিরাপত্তা যাচাই, ব্যাকগ্রাউন্ড চেক এবং ভিসা যোগ্যতা নির্ধারণের নিয়মে কোনো পরিবর্তন আসবে না। সাক্ষাৎকারের পর যদি অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হয়, তাহলে সেটিও স্বাভাবিক নিয়মে চলবে।

নতুন এই উদ্যোগ এমন সময়ে আসছে, যখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন এবং বিদেশি দর্শনার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করছে। সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভিসা আবেদনকারীদের ওপর বাড়তি নজরদারি, বিস্তৃত ব্যাকগ্রাউন্ড যাচাই এবং যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার হার বেশি, তাদের ক্ষেত্রে প্রবেশের আগে আর্থিক জামানত (বন্ড) জমা দেওয়ার প্রস্তাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:১০ পি.এম


বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃতুবরণকারী এবং স্থায়ী অক্ষমতাজনিত সরকারি কর্মকতার্-কর্মচারীদের পরিবারের সদস্যদের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার, দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় বান্দরবানের বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃতুবরণকারী ৪ জনের পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ৮ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

একইসঙ্গে, চাকরিরত অবস্থায় অসুস্থতাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম একজনের পরিবারের সদস্যের হাতে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক সরকারিভাবে প্রদত্ত এই চেকের টাকা যথাযথ স্থানে খরচ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে জেলা প্রশাসন থেকে বিভিন্ন সহায়তা প্রদানের আশ্বাসও দেন।

আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানটিতে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম মনজুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী এবং প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃতুবরণকারী ৪ জনের পরিবারের সদস্য, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিমানঘাঁটির স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিমানঘাঁটির স্থাপনা

ইসরায়েলের উত্তর অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হেনেছে বলে ইসরায়েলি ও সামরিক সূত্র থেকে জানানো হয়েছে।

এই ঘটনার পর ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য তদন্ত শুরু করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রবিবার রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

একটি ইসরায়েলি সূত্র এবং সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন যে, ইরানি ক্ষেপণাস্ত্রের একটি অংশ বা ধ্বংসাবশেষ উত্তর ইসরায়লের রামাত ডেভিড বিমানঘাঁটির একটি স্থাপনায় আঘাত করেছে।

এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে যে তারা ইসরায়েলের উত্তর অঞ্চলে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করেছে, যেখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সামরিক সূত্রের মতে, সরাসরি ক্ষেপণাস্ত্র নয়, বরং সেটির একটি ভগ্নাংশ বা ধ্বংসাবশেষ বিমানঘাঁটির একটি ভবনে আঘাত করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে কিংবা সামরিক সক্ষমতার ওপর কোনও প্রভাব পড়েছে কি না, তা স্পষ্ট নয়।

আইডিএফ জানায়, ঘটনাটি তদন্তাধীন এবং ক্ষতিগ্রস্ত স্থাপনার অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। একইসঙ্গে তারা খতিয়ে দেখছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে হামলাটি প্রতিহত করেছে।

বিশ্লেষকদের মতে, রামাত ডেভিড বিমানঘাঁটি ইসরায়েলি বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। অতএব, সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পৌঁছানো নিরাপত্তা ও প্রতিরক্ষা মহলে উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। যদিও সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের তথ্য নিশ্চিত হয়নি, তথাপি এই ঘটনা ইরান-ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান তীব্রতার আরেকটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হুমকির মাত্রা বেড়ে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ফলে সংঘাত যাতে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, সেজন্য আন্তর্জাতিক মহলের উদ্বেগও বাড়ছে। সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%