বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৩৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের আউটার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে রেলওয়ে থানা পুলিশের একটি দল প্ল্যাটফর্ম ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনসম্মুখে গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মো. সোহান (২১), একই এলাকার মো. সোহেল প্রকাশ রতন (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামপুর বড় বাকাইল এলাকার মো. আশিক মিয়া (২২), উত্তর শেখপুর এলাকার মো. শাকিল (২২) এবং শেরপুর (সগিরাপাড়া) এলাকার মো. পারভেজ (৩০)।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সোহান ও মো. সোহেল প্রকাশ রতনকে এক বছর করে এবং মো. আশিক মিয়া, মো. শাকিল ও মো. পারভেজকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে, যা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। এই কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, গবেষণাগার ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে।
সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে শুরু করেন। পরে তারা ফটকের পাশের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এজাজ মাহমুদ গণমাধ্যমকে জানান, "অনেক শিক্ষার্থীর পরীক্ষা চলছিল। এভাবে কর্মসূচি চলতে থাকলে সেশনজটের আশঙ্কা রয়েছে।" তবে তারা বিশ্বাস করেন যে, অধ্যাপক সায়েম উপাচার্য হিসেবে ফিরে এলে সেশনজট কমিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, "আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও অংশ নিচ্ছেন। এ কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।" আজ ছয়টি বিভাগে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল।
পুনর্বহালের দাবিতে মানববন্ধন
বেলা সাড়ে ১১টার দিকে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, "কোনো দৃশ্যমান কারণ ছাড়াই মাত্র ৫৬ দিনের মধ্যে অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।" তারা উপাচার্য পদে তাকে পুনর্বহাল করতে হবে বলে দাবি করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, "তাদের দাবি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। একজন উপাচার্যকে কেন এত অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা হলো, তার স্পষ্ট ব্যাখ্যা চান তারা।"
যেভাবে শুরু হয় আন্দোলন
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এর প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন। পরদিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বাত্মক শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বুধবারও (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন, গণঅবস্থানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একজন উপদেষ্টা সতর্ক করেছেন যে, যদি যুক্তরাষ্ট্র বা ইসরাইল পুনরায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে এই তথ্য জানিয়েছে।
ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি ভিডিওতে ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ‘সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই যদি আরও যুদ্ধ শুরু হয়, তাহলে সংঘাতের ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর ও এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে উপজেলার বিভিন্ন হাট-বাজারের ভাতের খাবার হোটেলগুলোতে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার অধিকাংশ হোটেলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। বাসি-পচা খাবার বিক্রির পাশাপাশি একদিনের উদ্বৃত্ত মাছ, মাংস ও সবজি পরবর্তী দিনের খাবারের সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, হোটেলগুলোর রান্নাঘর ও পরিবেশ অত্যন্ত নোংরা। অনেক ক্ষেত্রে খাবার ঢাকনা ছাড়া ফেলে রাখা হয়, ফলে মশা-মাছি, ধুলোবালি ও বিভিন্ন ধরণের জীবাণু খাবারে পড়ছে। নিয়মিত হোটেলে খাওয়া-দাওয়া করেন এমন একাধিক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজের প্রয়োজনে বাধ্য হয়েই আমাদের হোটেলে খেতে হয়। কিন্তু প্রায়শই পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশন করায় আমরা গ্যাস্ট্রিক, ডায়রিয়াসহ বিভিন্ন পেটের পিড়ায় আক্রান্ত হচ্ছি। বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল হওয়ার কারণেই অসাধু ব্যবসায়ীরা অবাধে এসব চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।
এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আলম বখতিয়ার বলেন, আমরা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে হোটেলগুলোতে তদারকি পরিচালনা করছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার বিক্রির প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শীঘ্রই হাট-বাজারগুলোতে বিশেষ অভিযান চালানো হবে।
অস্বাস্থ্যকর খাবারের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার জানান, বাসি, পচা ও খোলা খাবার গ্রহণের ফলে মানবদেহে ফুড পয়জনিং, ডায়রিয়া, আমাশয়, গ্যাস্ট্রিক এবং দীর্ঘমেয়াদে লিভার ও পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় খাবার হোটেলগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা খাবার পরিবেশন করা অত্যন্ত জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন হলেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি পুলক সরকার, যিনি ২৭ বছর বয়সী। অপরজন হলেন আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম শেখ, যিনি ৪৯ বছর বয়সী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলক সরকার সাভারের সোবাহানবাগ ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃত লাল সরকার ও পূনিমা রানীর ছেলে। অন্যদিকে, মোঃ আলম শেখ আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত বাবর আলী শেখ এবং মোছাঃ জয়নবের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাত ৭টা ৫০ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ