০৩:৫৩ পি.এম
তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও মুশফিক হাসান নিয়ে ৫ পেসার স্কোয়াডে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, ম্যাচের একাদশে কতজন পেসার থাকবেন।
প্রথম টেস্টের আগের দিন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তিন পেসার নিয়ে খেলবেন নাকি উইকেট বিবেচনায় ৪ পেসার, তা ম্যাচের আগের দিন পর্যন্ত ঠিক করা হয়নি।
ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় শুরু হবে প্রথম টেস্ট। সংবাদ সম্মেলনে একাদশের প্রসঙ্গ উঠে এলো। অস্ট্রেলিয়া রীতি অনুযায়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড এবং পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন রয়েছে স্বাগতিক একাদশে। বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, চার পেসার নিয়ে নামবে নাকি তিন পেসারের সঙ্গে চিরাচরিত দুই স্পিনার থাকবে।
শান্ত বলেন, “উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমরা এত দিন দুই স্পিনারের সঙ্গে তিন পেসার নিয়ে স্বাভাবিক কম্বিনেশন সাজিয়ে খেলেছি। তবে কন্ডিশন যাচাই করে... আগামীকাল আরেকবার দেখে কন্ডিশন অনুযায়ী একাদশ সাজাব আমরা।”
তবে শান্ত পেস বিভাগের অন্যতম সেরা অস্ত্র নাহিদ রানাকে পাচ্ছেন না। চোটের কারণে তরুণ এই গতিতারকা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। নাহিদ রানার অভাববোধ করলেও বাংলাদেশ অধিনায়ক অন্য পেসারদের ওপর আস্থার কথা জানান।
তিনি আরও বলেন, “অবশ্যই (নাহিদ রানাকে) মিস করব। তবে এখন আসলে 'যদি কিন্তু' নিয়ে চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্যবশত নাহিদ রানা এখানে নেই। তবে যে পেস ইউনিট এখানে আছে, আমি বিশ্বাস করি তারাও এই কন্ডিশনটা ভালোভাবে কাজে লাগাতে পারবে।”
আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক
নাহিদের অভাবে বোলিং বিভাগের চিন্তা থাকলেও, ব্যাটিং লাইনআপে লিটন কুমার দাসের ফেরা স্বস্তির সংকেত প্রদান করেছে। শান্ত জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট ও অভিজ্ঞ এই কিপার-ব্যাটার। তাকে পাওয়া দলের জন্য বাড়তি সুবিধা।
শান্ত বলেন, “লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা বাড়ছে। এই জায়গায় তার ধারাবাহিকতা আছে। সো, আগামীকাল যে টেস্ট ম্যাচটা হবে, সেখানে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করার আশা রাখছি। প্রস্তুতিটাও ভালো হয়েছে, এখানে যে কয়দিন আছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন