বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৩ পি.এম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : সুদানের দক্ষিণাঞ্চলে একটি খনি ধসের কারণে অন্তত ৬০ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে।
এই ঘটনার পর বেঁচে থাকা দুই ব্যক্তি বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে আল-জারা স্বর্ণ খনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে সেখান থেকে ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়।
খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এই ঘটনায় বেঁচে থাকা খায়ের আল-সাইয়েদ জানান, জাবারা ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, তা জানা যায়নি।
তিনি বলেন, খনি শ্রমিক সহকর্মীদের সঙ্গে তিনি সারারাত উদ্ধার অভিযানে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বুধবার সিদ্ধান্ত জানাবে বিশ্ব অর্থনীতির সুদের হার নির্ধারণে। বাজারে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, লাগামছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকটি সুদের হার বৃদ্ধির পদক্ষেপ নিতে পারে।
ফেডের ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি)-র ১২ জন ভোটাধিকারপ্রাপ্ত সদস্য বৈঠকের পর বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় তাদের সিদ্ধান্ত প্রকাশ করবেন।
এএফপি’র খবর অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতি কয়েক বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মূল্যস্ফীতির মুখোমুখি হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ, তাঁর শুল্কনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চলমান উত্থানের ফলে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারি থেকে ফেড সুদের হার অপরিবর্তিত রেখেছে। তারা জ্বালানির দামের প্রভাব এবং শুল্কের ফলে পণ্যের দামে কীভাবে পরিবর্তন আসছে, তা বুঝতে অপেক্ষা করছে।
তবে জুলাইয়ের সর্বশেষ বৈঠকে কমিটির সদস্যদের এক-চতুর্থাংশ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সুদের হার বৃদ্ধির পক্ষে সমর্থন দেন।
ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শসহ কয়েকজন নীতিনির্ধারক ইঙ্গিত দিয়েছেন, মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে না কমলে ফেডকে ব্যবস্থা নিতে হতে পারে।
শুক্রবার প্রকাশিত আগস্টের ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, দেশে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। আগের মাসের তুলনায় হার অপরিবর্তিত থাকলেও এটি ফেডের দীর্ঘমেয়াদি ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।
এই তথ্য চলতি সপ্তাহের বৈঠকে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা আরও বাড়িয়েছে। সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৯২ শতাংশের বেশি ধরে নিয়েছেন।
কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়ঙ্ক মন্তব্য করেন, ‘এটি নীতিতে বড় পরিবর্তন, তবে বিস্ময়কর নয়। মূল্যস্ফীতি এখনও ২ শতাংশের লক্ষ্যমাত্রার অনেক ওপরে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি অর্থনীতির বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে এবং ভোক্তা ও প্রতিষ্ঠানগুলোর আচরণের অংশ হয়ে উঠছে—ঠিক যে বিষয়টি অবশ্যই ফেডকে প্রতিরোধ করতে হবে।’
আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ
বুধবার ফেড যদি সুদের হার বাড়ায়, তাহলে ২০২৩ সালের পর এটি হবে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত। তখন মহামারির পর উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করছিল কেন্দ্রীয় ব্যাংকটি।
এমন সিদ্ধান্ত ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সুদের হার কমানোর জন্য তিনি স্বাধীন এই কেন্দ্রীয় ব্যাংকের ওপর নজিরবিহীন চাপ দিয়ে আসছেন।
ট্রাম্প প্রশাসন ফেডের সাবেক চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। ট্রাম্প নিয়মিতভাবে পাওয়েলকে অপমান ও সমালোচনা করেছেন। পাশাপাশি ফেডের গভর্নর লিসা কুককে বরখাস্তের চেষ্টাও চালিয়ে যাচ্ছে প্রশাসন।
মঙ্গলবার ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সুদের হার বৃদ্ধির বিরোধিতা করেন। তবে তিনি বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে হোয়াইট হাউস সেটি সম্মান করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি।
ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও বিভাগ, গতকাল মঙ্গলবার সাভার ও মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শনিবার শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইয়ের শিকার হন প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬)।
এই ঘটনার সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং ভিকটিমের লুণ্ঠিত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬) অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সকালে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন তার স্বামীর সঙ্গে রিকশাযোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী খোকন ও রাজীব তাদের পিছু নেয়। খেজুর বাগানের সামনে পৌঁছানোর পর মোটরসাইকেলের পেছনে থাকা খোকন ভিকটিমের হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। এর ফলে রনজিলা পারভিন ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল মতিন (৫৩) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
গত ৩০ আগস্ট ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাজালিয়া-শীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া এলাকায় জাহেদুল আলম ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পুরানগড় ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটার ঘটনা এবং এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে তার সঙ্গে আসামিদের বিরোধের সৃষ্টি হয়।
পিচ্চি জাহিদ কর্তৃক পুরানগড় ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কেটে চুরি করার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মানিক। এ ঘটনাকে কেন্দ্র করে জাহিদ ক্ষুব্ধ হয়ে নতুনহাট এলাকার একটি মিষ্টির দোকানের সামনে মানিক ও তার বন্ধু-বান্ধবদের হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে পরবর্তীতে মানিকের সঙ্গে জাহিদের বিরোধ সৃষ্টি হয়।
ঘটনার দিন রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় পুরানগড় নতুন হাট এলাকায় আসামিরা জাহেদুলকে মারধর করে এবং ওই ভিডিও প্রকাশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে রাত আনুমানিক ১০:টা সময় জাহেদুল তার সঙ্গে থাকা মোঃ ওয়াহিদ (২৫)-কে নিয়ে মোটরসাইকেলযোগে বাজালিয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হলে ভাঙ্গারগোড়া এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ও ভ্যানগাড়ি দিয়ে তাদের পথরোধ করা হয়। একদল সশস্ত্র ব্যক্তি তাদের ঘিরে ধরে দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে জাহেদুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোঃ ওয়াহিদও আহত হন। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে গত ০২ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। জেলা গোয়েন্দা শাখার সদস্যরা আসামিদের গতিবিধির ওপর নিবিড় গোয়েন্দা নজরদারি শুরু করেন। দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য অবস্থান শনাক্ত করে তথ্য যাচাই-বাছাই করা হয়। অভিযানের একপর্যায়ে পাহাড়তলী থানা মোঃ আজাদ ও মোঃ হেলালকে গ্রেপ্তার করা হয়।
মামলার একাধিক আসামি চট্টগ্রামের বাইরে অবস্থান করছে এবং ঢাকায় আত্মগোপনে রয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঢাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০১:০০ ঘটিকার সময় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অত্র হত্যা মামলার এজাহারনামীয় ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এভাবে এ হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১২ জন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়: ১। জসিম উদ্দিন (৫০), ২। জয়নাল আবেদীন মানিক (২৬), ৩। মোঃ রিদুয়ান (২৬ ৪। মোঃ টিপু (৩৫), ৫। আবু মাজহারুল ইসলাম ইফাজ (২০), ৬। আব্দুল্লাহ আল তুষার (৩০), ৭। খোরশেদ আলম ওরফে ফারুক (৫২৮। মোঃ রবিউল হোসেন (২১), ৯। আবুল কাশেম (৩৮), ১০। হাবিবুর ইসলাম ওরফে হাবিব (২৮), ১১। মোঃ হেলাল এবং ১২। মোঃ আজাদ
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোঃ আজাদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ, ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তদন্তে প্রাপ্ত অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত অবশিষ্ট আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের কোনো প্রকৌশলী অন্তর্ভুক্ত করা হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ ছয় সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে অগ্নিকাণ্ডের বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন তদন্ত কমিটির প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (দক্ষিণ) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সহকারী পরিচালক।
এর আগে মমেক হাসপাতালের লিফটের বাইরের কাভারিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ওই কমিটিতে গণপূর্তের প্রকৌশলীদের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা শুরু হলে পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন তদন্ত কমিটির কার্যপরিধিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে করণীয় এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দাবি করেছেন, ঘটনায় কেউ পদদলিত হয়ে মারা যাননি। তার ভাষ্য, আগুনের আতঙ্কে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা। বুধবার মমেক হাসপাতাল পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে বলা যাবে।
নতুন তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও কারও দায় বা গাফিলতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ