০৪:১৭ পি.এম
‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ - নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ম্যানেজারের নাম খোকন।
এমন প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় বাজারের মধ্যে শত শত মানুষের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত হয়ে এইচ এম হোসেন বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।
আরও পড়ুন: কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
নেটিজেনরা একই সঙ্গে এইচ এম হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তাঁর কাছে অবৈধ অস্ত্র থাকলে তা উদ্ধারের দাবি তুলেছেন।
স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, জনসমাগমপূর্ণ বাজারে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে। তাঁরা এমন ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিরিয়ানির দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এক মহিলা চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই টাকা দিয়েছেন দাবি করে বিরিয়ানি চাইছিলেন। ম্যানেজার দিতে অস্বীকৃতি জানালে ঐ মহিলার সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে ঐ মহিলা মৎস্যজীবী দলনেতা হোসেনসহ অন্যদের নিয়ে আসেন। হোসেন দোকানে এসে ম্যানেজারের সঙ্গে উত্তেজিত হয়ে উঠেন এবং তাকে গুলি করে হত্যার হুমকি দেন।
আরও পড়ুন: কালকিনিতে ব্রী-১০৩ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
তবে এই বিষয়ে জানতে এইচ এম হোসেনকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন