০৩:৪৩ পি.এম
সিলেটের রায়নগর রাজবাড়ীর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, ওই বাড়ির কর্তা আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রীসহ বাসার তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।
এসএমপি কমিশনার বলেন, ‘তিনতলা বাসার দোতলার ফ্ল্যাটের বন্ধ দরজার ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দরজা খুলে তিনজনের মরদেহ খুঁজে পায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাদের খুন করেছে অথবা জমি নিয়ে বিরোধ থেকেও এ ঘটনা ঘটতে পারে।’ বর্তমানে থানার পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে। পুলিশের মতে, বুধবার সকালবেলা কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতর প্রবেশ করে এবং নৃশংসভাবে তিনজনকে হত্যা করে পালিয়ে যায়।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
এ ঘটনায় পুরো রায়নগর এবং সিলেট নগরে আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ বাসার সামনে ভিড় জমায়। এখনো সেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে।
এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা নাগাদ ওই বাসা থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ১১১ নম্বর নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সাত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। উল্লেখ্য, আব্দুস সাত্তার মিয়ার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে। স্থানীয়ভাবে তিনি একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন। তার চার সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে আমেরিকায় এবং দুই মেয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। স্ত্রীকে নিয়ে তিনি দেশে বসবাস করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন