বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১২ পি.এম
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবরসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন নতুন জাতীয় বেতনকাঠামোতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। নতুন কাঠামোর অধীনে, প্রধান শিক্ষক পদে নিয়োগের সময় মূল বেতন হবে ৩২ হাজার টাকা।অন্যদিকে, সহকারী শিক্ষকদের জন্য মূল বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে। সম্প্রতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। পুরোনো কাঠামো অনুযায়ী, এই গ্রেডের শুরুতে মূল বেতন ছিল ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় প্রথম ধাপে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে তা ২৪ হাজার টাকায় পৌঁছাবে।
দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা করে যোগ হলে, মূল বেতন ৩২ হাজার টাকায় দাঁড়াবে। ইনক্রিমেন্টসহ এই গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা। ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন হারে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হলে, একজন নতুন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।
অন্যদিকে, সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান।
পুরোনো কাঠামোয় এ গ্রেডের মূল বেতন ছিল ১১ হাজার টাকা থেকে। নতুন কাঠামোয় শুরুতেই তা ২৪ হাজার টাকা হবে। ইনক্রিমেন্টসহ সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা। ২০২৮ সাল থেকে নতুন একজন সহকারী শিক্ষকের মোট বেতন-ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে।
তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে বেতন নির্ভর করবে চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন ও ইনক্রিমেন্টের ওপর।
চূড়ান্ত হিসাব সরকারি প্রজ্ঞাপন জারির পর জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, দেশের তৈরী পোশাক শিল্পে দীর্ঘকাল ধরে যে অব্যবস্থাপনা ও অনিয়ম বিদ্যমান, তা দূর করতে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ দুপুরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসে। রাষ্ট্রপতি এ সময় এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বাসসকে এই তথ্য জানান। বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।
সাক্ষাতকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আগামী ১৯ নভেম্বর ২০২৬, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছরের জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় সহায়তা প্রদান করেছেন। এই তথ্য আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, মারিয়ামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
এ প্রেক্ষিতে, আজ দুপুরে ঢাকায় চিকিৎসার জন্য আসা মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার-এর প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদল মারিয়ামের চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন, পাশাপাশি চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি, ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।
জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত। এই রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। শিশুটির মা নাহিদ আখতার তার মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।
অসুস্থ জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান করায় তার পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা একই সঙ্গে জান্নাতুল মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রম অধিকার ও শিল্পখাতে সহযোগিতা জোরদারে আইএলও ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময়
বাংলাদেশে শ্রম অধিকার, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে, আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং সিনিয়র পোগ্রাম অফিসার রিফাত জাবীন খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের সুরক্ষা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়।
আলোচনায় আইএলও-এর শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থানের লক্ষ্য ও বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে পারস্পরিক মিলের বিষয়টি গুরুত্ব পায়।
উভয় পক্ষই শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।
দুই পক্ষ ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে সম্মত হন। আলোচনাটি পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়। আইএলও এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে আরো কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।
সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল ঘশ এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে প্রায় এক মাসের আপেক্ষিক শান্তির পর নতুন করে যুদ্ধ ও সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছেন।
সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর দেওয়া তার প্রথম বিশেষ বার্তায় তিনি বলেছেন, মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন "অবিস্মরণীয় শিক্ষা" সঞ্চিত রয়েছে যা তারা কখনো ভুলবে না।
রোববার প্রচারিত এই বার্তায় মোজতবা খামেনি তার দেশের সামরিক শক্তি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, বিরতির পর যুদ্ধক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনে ইরানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট এবং মার্কিন সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় তার এই কঠোর বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, সাময়িক বিরতির পর মোজতবা খামেনির প্রথমবার মুখ খোলা এবং সরাসরি ওয়াশিংটনকে নিশানা করা বার্তাটি স্পষ্ট করে যে, আঞ্চলিক সংঘাত সহজে প্রশমিত হচ্ছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রুট ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই বৈরিতা আরও তীব্র রূপ নিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ