০৪:১১ পি.এম
মাগুরা শহরের কলেজপাড়ায় অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির জন্য নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা সহ মো. রাশেদ শেখ (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় উদ্ধার করা হয়েছে একটি টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, ‘প্রেস’ লেখা বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তল সদৃশ একটি গ্যাস লাইটার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন।
এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় একই ফ্ল্যাটের আরেক বাসিন্দা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫) পালিয়ে যান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি এলাকার মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। অভিযানে অংশগ্রহণকারী দলের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানানো হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন