ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, বাবাও শোক সইতে পারলেন না


বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, বাবাও শোক সইতে পারলেন না

কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছেলের মৃত্যু সংবাদ শুনে কর্মস্থলে অসুস্থ হয়ে মারা যান বাবা। পরে ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে বিছানাগত বাবারও মৃত্যু ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় চৌড়হাস গোরস্তানে পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

মৃতদের মধ্যে আছেন ওই এলাকার বাসিন্দা আবদুল মান্নান (৫৯) এবং তার বড় ছেলে মাহফুজুর রহমান অনিক (২৭)।

আরও পড়ুন: ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার, থানায় মামলা দায়ের

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। তার বড় ছেলে মাহফুজুর শহরের ‘মায়ের দোয়া প্রিন্টিং প্রেসে’ কর্মরত ছিলেন। আট মাস আগে বিয়ে করা মাহফুজুর পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। বাবার অসুস্থতা নিয়ে তিনি সবসময় চিন্তিত থাকতেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে ফোনে বাবার অসুস্থতার খবর পান মাহফুজুর। এ খবর শুনে প্রেসের ভেতরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রেসের মালিক মোখলেচুর রহমান জানান, মাহফুজুরকে উদ্ধার করে প্রথমে মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এবং পরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমন রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে মাহফুজুরের মরদেহ বাড়িতে আনা হয়।

নিহতের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, ছেলের মৃত্যুর খবর শোনার পর বাবা আবদুল মান্নান আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত ১১টার দিকে বিছানাতেই তিনিও শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৫ নম্বর চৌড়হাস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক; সকালে পাশাপাশি কবরে বাবা ও ছেলেকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজির পলাতক আসামি সুমন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বেতন স্কেল নিয়ে নির্দেশনা, সব উপজেলায় চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


নতুন বেতন স্কেল নিয়ে নির্দেশনা, সব উপজেলায় চিঠি

স্থানীয় সরকার বিভাগ নতুন বেতন স্কেল সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন ১ জুলাই থেকে প্রদান করতে হবে।

আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে, তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।

এই নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলনের মাঠে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ২২ বছরের ওয়ানিস হোনসোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


অনুশীলনের মাঠে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ২২ বছরের ওয়ানিস হোনসোর

ফ্রান্সের ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনুশীলনের সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২২ বছর বয়সী ফুটবলার ওয়ানিস হোনসোর মারা গেছেন। তিনি ফরাসি ক্লাব সাঁ-দেনির হয়ে অনুশীলন করছিলেন। সাবেক ক্লাব এফসি রুয়েন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ক্লাবটির দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অনুশীলনের সময় হঠাৎ করে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় হোনসোরের। চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁকে বাঁচানোর জন্য পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

হোনসোরের ফুটবলের যাত্রা শুরু হয়েছিল রুয়েনের যুব একাডেমিতে। তিনি ক্লাবটির বিভিন্ন বয়সভিত্তিক দলে লাল-সাদা জার্সিতে খেলেছেন। পরে তিনি রিজার্ভ দলে জায়গা করে নেন। ২০২৩-২৪ মৌসুমে রুয়েনের মূল দলের হয়ে ফরাসি প্রতিযোগিতায় তিনটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এই তরুণ। এর মধ্যে ক্লাবটির ঘরের মাঠ স্তাদ দিয়োশঁতে একটি গোলও করেছিলেন তিনি।

হোনসোরের আকস্মিক মৃত্যুতে রুয়েন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি এক বিবৃতিতে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকেরাও এই তরুণ ফুটবলারকে হারানোর জন্য শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ

সউদী আরবের একটি আদালত ৩৫ বছর বয়সী কেনীয় গৃহকর্মী এথার ওয়ানজা মুথোনিকে ব্যভিচারের অভিযোগে ১০০ দোররা মারার শাস্তি প্রদান করেছে। গত অক্টোবরে কয়েক দফা শুনানির পর আদালতের এই রায় ঘোষণা করা হয়। এই শাস্তির ভয়ে আতঙ্কিত মুথোনি এখন তাঁর এক বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে কেনিয়ায় ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুথোনি এক বছরেরও বেশি সময় ধরে সউদী আরব ছাড়ার চেষ্টা করে আসছেন। তবে চলমান ফৌজদারি মামলার কারণে তিনি দেশ ত্যাগে ব্যর্থ হন।

গত মাসে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মুথোনি পত্রিকাটিকে জানান, ‘আমি খুব ভয়ে আছি। আমার মনে হয় না আমি দোররা মারার এই কষ্ট সহ্য করতে পারব।’

মুথোনি, যিনি পাঁচ সন্তানের জননী, সউদী নিয়োগকারী প্রতিষ্ঠান 'মাহারা হিউম্যান রিসোর্সেস'-এর মাধ্যমে বৈধভাবে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। কর্মরত অবস্থায় 'মাহমুদ' নামের এক মিশরীয় ব্যক্তির সঙ্গে ক্ষণস্থায়ী সম্পর্কের পর তিনি গর্ভবতী হয়ে পড়েন।

২০২৫ সালের আগস্টে কর্মীদের জন্য নির্ধারিত থাকার জায়গায় তিনি এক সন্তানের জন্ম দেন। আদালতের নথি পর্যালোচনা করে পত্রিকাটি জানায়, একজন সুপারভাইজার বিষয়টি জানতে পেরে তাঁকে ও সদ্যজাত শিশুকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে পুলিশ এসে গর্ভাবস্থা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুথোনিকে আটক করে।

জিজ্ঞাসাবাদে মুথোনি পুলিশকে জানান যে সন্তানের বাবা ইতিমধ্যেই সউদী আরব ত্যাগ করেছেন। তবে আদালতের নথিতে লোকটির পুরো নাম বা পদবি প্রকাশ করা হয়নি।

পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরও মুথোনিকে কর্মীদের থাকার জায়গা কিংবা কোনো আশ্রয়কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি রিয়াদের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। স্থানটি সউদী আরব ছাড়তে ইচ্ছুক এমন প্রবাসী মায়েদের জন্য একটি অস্থায়ী মিলনস্থলে পরিণত হয়েছে।

গত অক্টোবরে তিন বিচারকের একটি প্যানেল মুথোনিকে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের দায়ে দোষী সাব্যস্ত করে ইসলামি আইন অনুযায়ী ১০০ দোররা মারার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুখী জীবন মানেই সব সময় ভালো লাগা নয়, বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


সুখী জীবন মানেই সব সময় ভালো লাগা নয়, বলছে গবেষণা

সুখী জীবন বলতে সাধারণত আনন্দ, হাসি এবং দুশ্চিন্তামুক্ত সময়কে বোঝানো হয়। তবে, জীবনের ভালো থাকার ধারণাটি এতটা সরল নয়। মনোবিজ্ঞানের গবেষণা নির্দেশ করে, একটি অর্থপূর্ণ ও পরিপূর্ণ জীবনে আনন্দের পাশাপাশি দুঃখ, কষ্ট, চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত বিকাশেরও স্থান রয়েছে। সুতরাং, ভালো জীবন মানেই প্রতিটি মুহূর্তে ভালো লাগতে হবে—এমন নয়।

সম্প্রতি মনোবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে সুখ ও মানসিক সুস্থতা নিয়ে পাঁচটি প্রচলিত ধারণার বাইরে থাকা বিষয় তুলে ধরা হয়েছে। নিবন্ধে নরওয়ের আর্কটিক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক জোয়ার ভিতেরসোর গবেষণা ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। তিনি চার দশকের বেশি সময় ধরে মানুষের ভালো থাকা বা ওয়েলবিইং নিয়ে গবেষণা করছেন।

ভিতেরসোর মতে, ভালো থাকার সংক্ষিপ্ত সংজ্ঞা হলো নিজের জীবনকে ভালো লাগা। তবে এই ভালো লাগার দুটি দিক রয়েছে। একটি হলো আনন্দ, সুখ ও তৃপ্তি থেকে পাওয়া ভালো লাগা। অন্যটি হলো জীবনে বেড়ে ওঠা, নতুন কিছু শেখা এবং আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ থেকে পাওয়া তৃপ্তি। তাই শুধুমাত্র আনন্দের মুহূর্ত দিয়ে জীবনের সামগ্রিক ভালো থাকা বিচার করা যায় না।

১. ভালো জীবন মানেই দুঃখহীন জীবন নয়

আদর্শ জীবনে কতটা দুঃখ থাকতে পারে—এমন প্রশ্ন করা হলে খুব কম মানুষই বলেন, একেবারেই দুঃখ চান না। বরং অনেকের ধারণা, তাঁদের কাঙ্ক্ষিত জীবনে সামান্য হলেও দুঃখের জায়গা থাকা স্বাভাবিক।

কারণ, সব পরিস্থিতিতে আনন্দিত থাকা সম্ভব নয়, এমনকি সব সময় আনন্দিত থাকা উপযুক্ত প্রতিক্রিয়া নয়। ব্যথার মতো নেতিবাচক অনুভূতিও আমাদের জন্য প্রয়োজনীয়। শরীরের কোথাও আঘাত লাগলে ব্যথা আমাদের সতর্ক করে এবং সমস্যা সমাধানে উদ্যোগী হতে সাহায্য করে।

একইভাবে জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন কিংবা অর্থপূর্ণ সম্পর্ক ধরে রাখতেও পরিশ্রম করতে হয়, নানা বাধার মুখোমুখি হতে হয়। তাই ভালো জীবন মানে সব নেতিবাচক অনুভূতি দূর করে দেওয়া নয়; বরং বিভিন্ন আবেগের মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নেওয়া।

২. নিজের মূল্যবোধ পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে

মানুষের জীবনে অনেক ধরনের মূল্যবোধ থাকে। কিন্তু সব মূল্যবোধকে সব সময় সমান গুরুত্ব দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তা বদলে যায়।

যেমন, কেউ কাজের মধ্যে ব্যস্ত থাকলেও সন্তানের কান্না শুনলে কিংবা আগুনের সতর্কসংকেত বাজলে মুহূর্তেই তার অগ্রাধিকার বদলে যেতে পারে। অর্থাৎ, পরিস্থিতি অনুযায়ী মানুষের মূল্যবোধের গুরুত্ব নতুন করে সাজানো হয়।

তবে নিজের মূল্যবোধের প্রতি সচেতন থাকা জরুরি। বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বশে নিজের নৈতিক অবস্থান থেকে সরে যাওয়ার আশঙ্কা থাকলে কোন বিষয়গুলোকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ মনে করি, তা ভেবে দেখা প্রয়োজন।

৩. নিজের জীবন নিয়ে সন্তুষ্টি দ্রুতই বিচার করতে পারি

জীবনের সামগ্রিক সন্তুষ্টি নিয়ে প্রশ্ন করা হলে বেশির ভাগ মানুষই অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারেন। অথচ দৈনন্দিন জীবনের ছোটখাটো সিদ্ধান্ত, যেমন কোন পোশাকটি কেনা উচিত, তা নিতেও অনেক সময় দ্বিধায় পড়তে হয়।

গবেষক ভিতেরসোর ব্যাখ্যা অনুযায়ী, জীবনের ভালো-মন্দ সম্পর্কে মানুষের একটি স্বতঃস্ফূর্ত মূল্যায়ন করার ক্ষমতা রয়েছে। বিপদের মুহূর্তে দীর্ঘ সময় চিন্তা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকেই এমন ক্ষমতার বিকাশ ঘটেছে বলে তিনি মনে করেন।

তবে জীবনের সামগ্রিক সন্তুষ্টির এই মূল্যায়ন সব গুরুত্বপূর্ণ বিষয়কে সমানভাবে তুলে ধরে না। ফলে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির একটি দ্রুত উত্তর পাওয়া গেলেও সেটিই জীবনের সব দিকের পূর্ণ চিত্র নয়।

৪. ভালো মানুষ হওয়াকে সুখী হওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিই

গবেষক ভিতেরসো অন্তত ১৫টি পৃথক গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে জানতে চেয়েছেন, একজন নৈতিকভাবে ভালো মানুষ হওয়া নাকি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা—কোনটি তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

প্রতিটি গবেষণাতেই ৮০ থেকে ৯০ শতাংশ অংশগ্রহণকারী নৈতিকভাবে ভালো মানুষ হওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে নিজের আদর্শ আচরণ ও বাস্তব আচরণের মধ্যে অনেকেরই পার্থক্য রয়েছে।

গবেষকের পর্যবেক্ষণ অনুযায়ী, এই পার্থক্য জীবনের সন্তুষ্টিতে খুব বেশি প্রভাব ফেলে না। তবে আনন্দ বা সুখ পাওয়ার ক্ষেত্রে প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান মানুষকে বেশি প্রভাবিত করে।

এর একটি ব্যাখ্যা হতে পারে, জীবনের সন্তুষ্টি নিয়ে মানুষ অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে ভালো-মন্দের বিচার করে। অন্যদিকে নৈতিকতা নিয়ে সিদ্ধান্ত নিতে হলে সঠিক ও ভুলের বিষয়টি নিয়ে চিন্তা করতে হয়। ফলে নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ মনে করলেও তা সব সময় জীবনের সন্তুষ্টির মূল্যায়নে সমানভাবে প্রতিফলিত হয় না।

৫. সুখী জীবন পরিমাপ করা যতটা সহজ মনে হয়, ততটা নয়

মানুষ কতটা আনন্দিত বা সন্তুষ্ট, তা প্রশ্নের মাধ্যমে জানা তুলনামূলক সহজ। কিন্তু একটি ভালো জীবনের সব দিক পরিমাপ করা কঠিন।

কারণ, ভালো থাকার মধ্যে শুধু আনন্দ ও সুখ নয়, ব্যক্তিগত বিকাশ, নিজের সক্ষমতা বাড়ানো এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয়ও রয়েছে। মনোবিজ্ঞানে এই দিককে বলা হয় ‘ইউডাইমোনিক ওয়েলবিইং’। অন্যদিকে আনন্দ ও তৃপ্তির সঙ্গে সম্পর্কিত দিকটি হলো ‘হেডোনিক ওয়েলবিইং’।

গবেষকের মতে, ভালো জীবন বুঝতে হলে এই দুটি দিকই বিবেচনায় নিতে হবে। শুধু মানুষ কতটা আনন্দিত, তা জানলেই তার জীবনের সামগ্রিক ভালো থাকা সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যায় না।

সুখী জীবন মানে প্রতিটি দিন আনন্দে কাটানো নয়। জীবনের কঠিন সময়, নেতিবাচক অনুভূতি, নৈতিক সিদ্ধান্ত এবং নিজেকে বিকশিত করার সুযোগ—সবকিছু মিলিয়েই তৈরি হয় ভালো থাকার অভিজ্ঞতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%