০৮:৪৪ পি.এম
স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের অযাচিত ব্যবহার তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
বর্তমান প্রজন্মের মধ্যে এই ভয়াবহ আসক্তি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, স্মার্টফোন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ কমিয়ে দিচ্ছে। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পেছনে অন্যতম কারণ হলো স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতে হাতে মোবাইল ফোনের ব্যবহার। তিনি আরও উল্লেখ করেন, স্মার্টফোন না কিনে দিলে অল্পবয়সী সন্তানরা অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট খেলার মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ও সাবেক কমিশনার হাজী আব্দুস সালাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক মেয়র সাক্কু অভিভাবকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের একটি সীমা নির্ধারণ করে বলেন, শুধুমাত্র পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দেড়, দুই হাজার টাকা দামের বাটন ফোন ব্যবহার করতে পারে। এর বাইরে তাদের হাতে কোনভাবেই স্মার্টফোন দেওয়া যাবে না।
অভিভাবকদের আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, স্মার্টফোন ব্যবহারের সময় আসলে, বয়স হলে, তখন আপনার সন্তানকে সামর্থ্য থাকলে দামি ফোন কিনে দিবেন। কিন্তু স্কুল-কলেজে পড়ালেখা অবস্থায় আবেগ দেখিয়ে স্মার্টফোন হাতে তুলে দিয়ে আপনার সন্তানের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।
কিশোর ও তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে এনে মাঠে ফেরানোর ওপর জোর দেন এই নগর পিতা। তিনি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ইতিবাচক চর্চাই কেবল যুবসমাজকে মাদক এবং অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৯ জন আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন