ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

তিস্তায় অভয়াশ্রম নেই, হারিয়ে যাচ্ছে দেশি মাছ


তিস্তায় অভয়াশ্রম নেই, হারিয়ে যাচ্ছে দেশি মাছ

কুড়িগ্রাম জেলার ৪০ কিলোমিটারজুড়ে বিস্তৃত তিস্তা নদীতে কোনো মাছের অভয়াশ্রম নেই। এর পাশাপাশি কারেন্ট শক এবং চায়না দুয়ারি জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার চলছে। এই কারণে অনেক দেশি মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে।

জেলেদের মতে, গত দুই দশকের মধ্যে তিস্তায় অন্তত ১০ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে চার-পাঁচটি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে, যা খুবই সামান্য। নদীর বিখ্যাত বৈরালী মাছও এখন দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। সারা রাত জাল টেনে কখনো কখনো ১০০ টাকার মাছও মিলছে না। ফলে তিস্তানির্ভর জেলেদের জীবনযাত্রা চরম সংকটে রয়েছে। তারা ধার-দেনা এবং দাদনের ফাঁদে পড়ে দিশাহারা হয়ে পড়েছেন।

সরেজমিনে বিদ্যানন্দ গ্রামের জেলে পল্লীতে গিয়ে দেখা যায়, জেলেদের জীবনের নানা সংকট। অনেক জেলে পেশা পরিবর্তন করলেও তিস্তাপারের ১০ গ্রামের মধ্যে একমাত্র এই জেলে পল্লীটি টিকে রয়েছে। এখানে অর্ধশত জেলে পরিবারের বাস, তবে অন্তত ২০টি পরিবার অন্যের জমিতে বসবাস করছে।

আরও পড়ুন: এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে ভৈরবে নারীর সংবাদ সম্মেলন, সামাজিক ও পারিবারিক সংকটে তানিয়া

তিস্তার ভাঙনে সাতবার ভিটেমাটি হারিয়ে বর্তমানে বিদ্যানন্দ জেলেপাড়ায় বসবাস করছেন ষাটোর্ধ অতুল চন্দ্র দাস। তিনি নদীর কিনার ঘেঁষে ঘর বেঁধেছেন। স্থানীয় বাসিন্দা রাজেন চন্দ্রের দেওয়া জমিতে তার জীর্ণ চালাঘর। তিন পুরুষের পেশা মাছধরা। দীর্ঘদিন ধরে তিস্তার বুকে জাল টেনে কাটিয়েছেন জীবন। এখন বয়সজনিত ক্লান্তি তার শরীরে। মাঝে মাঝে দুই ছেলের সঙ্গে জাল ও নৌকা নিয়ে তিস্তার টানে ছুটে যান।

ছেলে সবুজ দাস ও রঞ্জিত দাস রাতভর তিস্তার বুকে ভেসে বেড়ান, কিন্তু মাছের অভাবে তাদের পেশা হুমকির মুখে। তারা জানান, কোনো কোনো দিন এক কেজির বেশি মাছ পাওয়া যায় না। তাই কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত আধপেটা খেয়ে কাটাতে হয়।

সবুজ ও রঞ্জিত আরও জানায়, প্রতি হাজারে মাসে ১০০ টাকা সুদ দেওয়ার চুক্তিতে ১০ হাজার টাকা দাদন নিয়ে নৌকা মেরামত করেছেন, কিন্তু নদীতে মাছের অভাবে সুদ ও আসল পরিশোধে উদ্বেগ বাড়ছে।

সবুজ চন্দ্র দাসের স্ত্রী সাধনা দাস জানান, তাদের আয় কমে গেছে। দুই সন্তানের লেখাপড়া ও চিকিৎসার জন্য মহাজনের কাছে ২০ হাজার টাকা দাদন নিয়েছেন, কিন্তু চার কিস্তি পরিশোধ করতে পারেননি। পূজার সময় আরও ১০ হাজার টাকা নিয়েছেন। এইসব ঋণ এখন গলার কাঁটা হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এলা তিস্তার ওপরা ভরসা করি হামার জীবন চলে না।’

আরও পড়ুন: ঝিনাইদহে সরকারি খাল ভরাট করে ড্রেন নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কা

প্রতিবেশী সন্দেশ দাস ৯০ হাজার টাকা দাদন নিয়ে এবছর নৌকা মেরামত ও নতুন জাল কিনেছেন, কিন্তু নদীতে মাছ না থাকায় টাকা শোধ করা কঠিন হয়ে পড়েছে। খাবারের সংস্থান ছাড়াও প্রতিবছর নৌকা মেরামত ও জাল কেনার জন্য মোটা অংকের টাকা খরচ হয়। ফলে জেলে পরিবারের দায়-দেনা বেড়ে যাচ্ছে।

সন্দেশের স্ত্রী মুক্তা রানী দাস বলেন, ‘নদীতে তো মাছ নাই, প্যাট তো সেটা মানে না। সুদের টাকা কেমন করি শোধ করমো, সেই চিন্তায় নিন্দ আইসে না।’

জেলেরা জানান, বছর দশেক আগে তিস্তায় রুই, কাতলা, আইর, বোয়াল, চিতল, চেলা, বৈরালী, উপুর চৌকা, ঢুরুয়া, বাইম, শোল, পুঁটি, টেংরা, ঘারুয়া, বাছা, চিংড়ি ও ইলিশসহ নানা প্রজাতির প্রচুর মাছ পাওয়া যেত। ২০২২ সালের হরকা বানের ঘোলা পানিতে অনেক মাছ মরে যায়। এরপর মাছের উৎপাদন কিছুটা বাড়লেও গত দুই বছর ধরে মাছের আকাল চরম আকার ধারণ করেছে। বর্তমানে অল্প পরিমাণে বৈরালী, চেলা, পুঁটি, টেংরা ছাড়া অন্য কোনো মাছের দেখা মেলে না।

বাহাদুর দাস নামের আরেক জেলে জানান, দুপুর ২টার পর জাল-নৌকা নিয়ে তিস্তায় নামেন তিনি। সারা রাত নদীতে মাছ ধরে সকালে ফেরেন, কিন্তু সুবিধা হয় না। মাছ বিক্রি করে এমন দিনও যায় যখন ১০০ টাকার বেশি আয় হয় না।

আরও পড়ুন: দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বৃদ্ধ জেলে বুদা দাসের ভাষ্য অনুযায়ী, ১০-১২ প্রজাতির মাছ নদী থেকে হারিয়ে গেছে। আগে চেচা, ঘাইয়াল, ব্যার, মুঠা, আউংটা জালের ব্যবহার হতো; এখন ব্যার আর চেচা জাল ছাড়া ব্যবহার করা হয় না। তিনি বলেন, ‘ওমারে প্যাট চলে না, মোক পোষে কেমন করি।’

জেলেদের অভিযোগ, চর এলাকায় অপেশাদার মাছ শিকারিরা ব্যাপকভাবে কারেন্ট জাল ব্যবহার করছে। এতে মাছের বংশ ধ্বংস হচ্ছে। জেলেরা এসব অমৎস্যজীবী ‘বাঙাল’ বা ‘ভাটিয়া’র ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। জীবন-জীবিকা হুমকিতে পড়লেও জেলেরা কখনো এসব নিষিদ্ধ জাল ব্যবহার করেন না। তাছাড়া জলভাগের একটা বড় অংশ ‘অমৎস্যজীবীরা’ দখল করে জেলেদের মাছ ধরতে বাধা দেয়। ফলে মাছ ধরার জায়গাও তাদের জন্য সংকুচিত হয়ে পড়েছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় আটটি মাছের অভয়াশ্রম রয়েছে। তবে এর মধ্যে একটি অভয়াশ্রমও তিস্তায় নেই। অথচ তিস্তা নদী ৪০ কিলোমিটারজুড়ে বিস্তৃত। ব্রহ্মপুত্রে হাতিয়া ও শাখাহাতি ছাড়াও ছয়টি বিল ও ছড়ায় এই অভয়াশ্রমে দেশীয় মাছ সংরক্ষণ করে বংশ বিস্তারে সহায়তা করা হয়, কিন্তু তিস্তায় এ ধরনের কোনো মাছের অভয়াশ্রম নেই। তাই তিস্তায় বিচরণকারী মাছের প্রজাতি রক্ষায় কোনো উদ্যোগ নেই।

জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় তিস্তা ও ব্রহ্মপুত্রকেন্দ্রিক একটি বড় আকারের অভয়াশ্রম গড়ে তোলার প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন: জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে পরিচ্ছন্নতার মহোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন মধ্যডানপন্থি ন্যাশনাল পার্টি এগিয়ে রয়েছে। এই দলটি এখন পর্যন্ত ৩০ দশমিক ৮১ শতাংশ ভোট অর্জন করেছে। তাদের পেছনে রয়েছে বিরোধী মধ্যবামপন্থি লেবার পার্টি, যাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ২৯ দশমিক ৯৯ শতাংশ। ফলে দুই দলের মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য রয়েছে।

শনিবার দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত প্রাথমিক ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। কমিশন একই সঙ্গে জানিয়েছে, মধ্যপন্থি অপারচুনিটি পার্টি সংসদে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করবে।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয় এবং এটি চলতে থাকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। গ্রিনিচ মান সময় অনুযায়ী, শুক্রবার রাত ৮টায় ভোট শুরু হয়ে শনিবার সকাল ৬টায় শেষ হয়।

প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলে পরিস্থিতি কোন দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব দিবস নানা আয়োজনে পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


জাতীয় বিপ্লব দিবস নানা আয়োজনে পালিত

পাবনার বেড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুনাল্ট চাকমা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম সেলিম রেজা হাবিব, মাননীয় সংসদ সদস্য ৬৯ পাবনা-২। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুরের মাইশা খান, উপজেলা বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার, বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের পটভূমি ও গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহী ও জনতা একত্রিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ‘ফাইনাল কাণ্ডে’ আর্জেন্টাইন তারকা মলিনার শাস্তি কমল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


বিশ্বকাপ ‘ফাইনাল কাণ্ডে’ আর্জেন্টাইন তারকা মলিনার শাস্তি কমল

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর লড়াই ও শিরোপা নির্ধারণী ম্যাচের পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও অসদাচরণের কারণে বড়সড় শাস্তির মুখে পড়া আর্জেন্টিনার তিন ফুটবলারের মধ্যে দুজনের শাস্তির রায় পুনর্বিবেচনা করেছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে ফিফার আপিল বিভাগে আর্জেন্টিনার রাইট-ব্যাক নাহুয়েল মলিনার শাস্তি কমানো হয়েছে, তবে অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ সুনির্দিষ্ট আবেদনের পরিপ্রেক্ষিতে মলিনার ওপর আরোপিত শাস্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে মলিনাকে ৭ ম্যাচের নিষিদ্ধের পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করেছিল ফিফা। তবে আপিলের পর সেই শাস্তি কমিয়ে ৪ ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং জরিমানার অঙ্ক ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলারে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, উত্তেজনাকর সেই ফাইনাল ম্যাচে উদযাপনের সময় স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার অপরাধে শাস্তি পেয়েছিলেন এই ডিফেন্ডার।

তবে মলিনার কপাল খুললেও ফিফার কঠোর রায়ের বেড়াজাল থেকে মুক্ত হতে পারেননি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। স্প্যানিশ খেলোয়াড়দের আনন্দ উদযাপনের ঠিক মাঝখানে গিয়ে এরিক গার্সিয়াকে ধাক্কা ও শারীরিক আঘাত করার পাশাপাশি তরুণ তারকা গাভির সঙ্গেও হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই গুরুতর অপরাধে ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলারের আর্থিক জরিমানা বহাল রাখা হয়েছে।

শুধু পারেদেসের শাস্তিই নয়, এর পাশাপাশি গ্যালারি থেকে আসা বৈষম্যমূলক ও আপত্তিকর স্লোগানের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলারের বিশাল জরিমানার সিদ্ধান্তেও অনড় রয়েছে ফিফা।

এদিকে পারেদেসের কঠোর নিষেধাজ্ঞা এবং বর্ণবাদী স্লোগানের দায়ে করা এই বিশাল জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে হার মানতে নারাজ এএফএ। ফিফার এমন একপেশে সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে সংস্থাটি। এএফএ জানিয়েছে, ফিফার দেওয়া রায়গুলোর বিস্তারিত আইনি কারণ ও নথি হাতে পাওয়ার পরপরই তারা সিএএস-এ আপিল করবে। তাদের দৃঢ় বিশ্বাস, এই আপিলের পক্ষে পর্যাপ্ত তথ্যগত ও বলিষ্ঠ আইনি যুক্তি ও প্রমাণ রয়েছে।

এর আগে ফিফার প্রাথমিক নিষেধাজ্ঞা অনুযায়ী, থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে ঘুষি মারার অপরাধে আর্জেন্টিনার কোচিং স্টাফের অন্যতম সদস্য ও সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অবশ্য ইতিমধ্যে আগের আন্তর্জাতিক ফিফা উইন্ডোজেই ওই কোচ ও ফুটবলারের নিষেধাজ্ঞার মেয়াদ সফলভাবে শেষ হয়েছে।

উল্লেখ্য, লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথমবার মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। আগামী ১৩ নভেম্বর রাজধানী বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে মহারণে লড়বে আলবিসেলেস্তেরা। এরপর আগামী ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বসেরারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমরার নিয়ত করে ইহরাম পরা অবস্থায় ইন্তেকাল, মক্কায় যেতে পারলেন না তুর্কি ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ওমরার নিয়ত করে ইহরাম পরা অবস্থায় ইন্তেকাল, মক্কায় যেতে পারলেন না তুর্কি ইমাম

পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কার দিকে যাত্রা শুরু করেছিলেন ৬৮ বছর বয়সী তুর্কি অবসরপ্রাপ্ত ইমাম আবদুল্লাহ ওজকান। কিন্তু সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে ওঠার পূর্বেই কনিয়া বিমানবন্দরে নামাজরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হৃদয়বিদারক এই ঘটনা ঘটে যখন তিনি সঙ্গী ওমরাহযাত্রীদের নিয়ে বিদায়ী দোয়া পরিচালনা করছিলেন ইহরাম পরা অবস্থায়।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) ভোরে কনিয়ার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। আবদুল্লাহ ওজকান ছিলেন কনিয়া প্রদেশের বেইশেহির জেলার একজন অবসরপ্রাপ্ত ইমাম এবং তিনি একটি হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৮০ জনের একটি দলের সঙ্গে সৌদি আরব যাচ্ছিলেন আবদুল্লাহ ওজকান। রাত ২টার দিকে ভ্রমণের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিমানবন্দরে সমবেত হন তাঁরা। এ সময় তিনি যাত্রীদের নিয়ে বিদায়ী নামাজ ও দোয়া পরিচালনা করেন।

নামাজ শেষে কালিমায়ে শাহাদাত, তালবিয়া এবং মহানবী হজরত মুহাম্মদ ﷺ-এর প্রতি দরুদ পাঠ করার সময় হঠাৎ তাঁর কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দরুদ পাঠের শেষ পর্যায়ে তিনি সামনের দিকে ঢলে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আশপাশে থাকা ওমরাহযাত্রীরা দ্রুত তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা (সিপিআর) চালান। পরে জরুরি সেবাকর্মীরা তাকে সেলচুক বিশ্ববিদ্যালয় মেডিকেল ফ্যাকাল্টি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সেখানে তাঁর মৃত্যু ঘটে।

তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট চিকিৎসাগত কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আবদুল্লাহ ওজকানের সঙ্গে প্রায় ১৫ বছর ধরে কাজ করেছেন ইসমাইল গুমুশ। ঘটনার সময় তিনিও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি জানান, মৃত্যুর আগে ওজকানের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। গুমুশ বলেন, নামাজ শেষ করার পর মহানবী সা.-এর প্রতি দরুদ পাঠ করার সময় তাঁর কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে আসে এবং এরপর তিনি সামনের দিকে পড়ে যান।

বেইশেহিরের মুফতি এনেস আকতাশ আবদুল্লাহ ওজকানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের কাছে সম্মানিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।

শুক্রবার বেইশেহির জেলার চারশি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বেইশেহির কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ইহরাম পরে যাত্রা শুরু করলেও আবদুল্লাহ ওজকান মক্কায় পৌঁছাতে পারেননি। বিদায়ী দোয়া পরিচালনার সময়েই থেমে গেল তাঁর জীবনের পথচলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%